মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে আগুনে দগ্ধ হয়ে স্বপন সাহা (৩৫) নামে এক গ্যারেজ মিস্ত্রির মৃত্যু হয়েছে। গত রোববার (২৭ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মণিরামপুর শহরের উত্তরমাথায় তার নিজের মোটরসাইকেলের গ্যারেজের পিছনে এঘটনা ঘটে। স্বপন পৌরশহরের শাহা পাড়ার নিমাই শাহার ছেলে। সে নিজেই গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচার হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, রোববার রাতে স্বপন নিজের গ্যারেজে কাজ করছিলেন। একপর্যায়ে গ্যারেজের পিছনে গিয়ে সে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে নয়টার দিকে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, স্বপনের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। আমরা প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।










































