Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

53
নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার ৯টি উপজেলাজুড়ে চলনবিল। বর্ষা মৌসুমে বিলটি বিস্তীর্ণ জলাভূমিতে পরিণত হয়। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে গেলে সেখানে চাষ হয় বিভিন্ন জাতের ধান। ফেব্রুয়ারিতে চারা রোপণের পর এপ্রিল থেকে শুরু হয় ধান কাটা। এ সময় বিলজুড়ে চলে ধান কাটার উৎসব। গ্রামবাংলার ঐতিহ্যের মহিষ ও ঘোড়ার গাড়িতে করে এই ধান খেত থেকে ঘরে তোলেন কৃষকেরা।

তৃষ্ণার্ত মানুষের মাঝে সদর থানা আ’লীগ তরমুজ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে তরমুজ বিতরণ করেন সদর থানা আওয়ামী লীগ। গতকাল নগরীর শহীদ হাদিস পার্কের পশ্চিম গেটে খুলনা ২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে সদর থানা আওয়ামী লীগ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম এ সকল তরমুজ বিতরণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন বাচ্চু, কেসিসির প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এস এম তারিক মাহমুদ তারা, জেলা পিপি এডভোকেট এনামুল হক, আওয়ামী লীগ নেতা মঈনুল ইসলাম নাসির, আতাউর রহমান সিকদার রাজু, মহম্মদ শিহাব উদ্দিন, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, অ্যাডভোকেট কেএম মিজানুর রহমান, এডভোকেট স্বপন দাস, এডভোকেট মিজানুর জামান, অ্যাডভোকেট কৃষ্ণ কুমার দত্ত, এডভোকেট রথীন্দ্রনাথ সরদার, এডভোকেট উল্লাস কর বৈরাগী, এডভোকেট আব্দুল কুদ্দুস মিয়া, আব্দুর রহিম বাবু, শাহ মুহাম্মদ জাকিউর রহমান, অধ্যাপক স্বামীম আরা পপি, খান মোহাম্মদ কবির, রোকেয়া খানম, রেখা খানম, নুপুর দাস, নাসরিন আক্তার, মোঃ শরিফুল ইসলাম মুন্না, সোহেল বিশ্বাস, বিপুল মজুমদার, মোঃ শমসের আলী, মোঃ ছোটন, ওয়াহিদুজ্জামান গোলাপ, রিয়াজ হোসেন, মোঃ আব্দুস সামাদ, মাহমুদুর রহমান রাজেশ, মোঃ রাহুল, ফেরদৌস হোসেন, মোহাম্মদ সুইট, মোহাম্মদ ইস্তিয়াক হোসেন রাজু, রফিকুল ইসলাম রাসেল, মোহাম্মদ রিপন, অ্যাডভোকেট আব্দুল জলিল, প্রজেশ রায়, অশোক গোলদার, মোহাম্মদ সাগর, আব্দুল আজিজ, মোঃ সোহেল রানা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী জামিনে মুক্তি
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ ৬জন নেতাকর্মী জামিনে মুক্তিলাভ করেছেন। উচ্চআদালতের জামিন প্রাপ্তির পর আজ মঙ্গলবার (০৬ মে) খুলনা জেলা কারাগার থেকে মুক্ত হন নেতৃবৃন্দ। পরে বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি ও অবৈধ ডামি সরকারের পদত্যাগের দাবিতে বিশাল মিছিল নিয়ে একাধিক সড়ক প্রদক্ষিণ করে নগরীর কেসিসি মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই খুলনার নয় উপজেলা ও দু’টি পৌরসভা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী কারাফটকের সামনে অবস্থান নেন। বৈখাশের ঝোড়ো হাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে প্রিয় নেতার মুক্তির অপেক্ষা করতে থাকেন তারা। সন্ধ্যার পর বিএনপি নেতা মনিরুল হাসান বাপ্পীর মুক্তির পর গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বিক্ষুব্ধ নেতাকর্মী গগনবিদারী স্লোগানে প্রকম্পিত করে খুলনার রাজপদ।
প্রসঙ্গত্ব, সর্বশেষ গত ২৪ এপ্রিল উচ্চআদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হলে জেলা ও দায়রা জজ আদালত খুলনার বিচারক মাহমুদা খাতুন জামিন শুণানী শেষে জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ ৩০নেতাকর্মীকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছিলেন।
খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।।

রূপসায় শিকদার সীডস ও স্টেডফাষ্ট কুরিয়ারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রূপসা প্রতিনিধি
গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে খুলনার রূপসায় শিকদার সীডস ও স্টেডফাষ্ট কুরিয়ারের উদ্যোগে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। রবিবার সকালে স্টেডফাষ্ট কুরিয়ারের রূপসা উপজেলা শাখা কার্যালয়ে বৃক্ষ রোপনের উপকারিতা শীর্ষক আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও বিকালে পৃর্ব রুপসা এয়ারটেল টাওয়ারের সামনে খুলনা মোংলা মহাসড়কের পাশে বৃক্ষরোপণের মধ্যমে এই কর্মসূচি পালিত হয়।শিকদার সীডসের সিও মহাসিন শিকদার এর সভাপতিত্বে স্টেডফাষ্ট কুরিয়ারের রূপসা হাবের ম্যানেজার সজিবুজ্জামান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টেডফাষ্ট কুরিয়ারের খুলনা বিভাগীয় জোনাল ম্যানেজার মোহাম্মদ মোবারক শাহ। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ কাটলে সাথে সাথে দুইটি গাছের চারা রোপণ করতে হবে । তাহলে আমাদের পরিবেশ সুন্দর হবে।সভাপতির সমাপনী বক্তব্যে শিকদার সীডসের সিও মহাসিন শিকদার বলেন,গাছ আমাদের পরম বন্ধু, গাছের যথাযথ পরিচর্যাও করতে হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের দেশেও উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে দেখা দিচ্ছে খরা, ঘূর্ণিঝড় ও প্রচণ্ড তাপদাহের মতো প্রাকৃতিক নানা দুর্যোগ। তাই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে সবাইকে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন নাহিদ হোসেন, সাগর হোসেন, মিরাজ শেখ, রনি, কবির হোসেন, ইয়াসমিন সুলতানা প্রমুখ।

চুয়াডাঙ্গায় আদালতে মায়ের জবানে নিজ শিশু সন্তানকে হত্যার দোষ স্বীকার
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় এক মা তার স্বেচ্ছায় আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে দোষ স্বীকার করে শিশু সন্তানকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন। সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গত ২৯ ফেব্রুয়ারি সকালে আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামের মাইশা খাতুন নামে ৭ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়। মোবাইল চার্জার নিয়ে খেলতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা যায় বলে তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওইদিনই চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
অপমৃত্যু মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান জুয়েল রানা মামলার তদন্ত করার সময় দুর্ঘটনা মূলক স্বাভাবিক মৃত্যু নিয়ে সন্দেহ হলে শিশুটিকে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয় শিশু কন্য মাইশার শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিদ্যুতস্পৃষ্টে মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি। এরই ভিত্তিতে গত ৩রা মে নিহত মাইশার নানা শহিদুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমানসহ মামলার তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মা পপি খাতুনের কথা বার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বেচ্ছায় এই হত্যার দায় স্বীকার করেন। তিনি তার পারিবারিক কারণে নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানান। হত্যাকারী মা পপি খাতুন আগের পারিবারিক ব্যক্তি জীবন, একাধিক বৈবাহিক জীবন আবার বিবাহ বিচ্ছেদ এবং বিবাহ বিচ্ছেদ পরবর্তী সময়ের বিভিন্ন তথ্য পাওয়া গেছে, যা এই হত্যাকাণ্ডের নেপথ্যে অনুঘটক হিসেবে কাজ করেছে। মাইশা খাতুন ভোগাইল বগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। মা-বাবার বিয়ে বিচ্ছেদ হলে মায়ের সাথে মাইশা নানা বাড়িতেই থাকতো।

রূপসায় সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের সভাপতি মো. হালিম শেখের বিরুদ্ধে আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বেলা ১১ টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হালিম শেখের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা জেলা শ্রমিকলীগের সদস্য মো. হায়দার আলী খান।

এ সময় লিখিত বক্তব্যে বলা হয় গত ১৭ ফেব্রুয়ারি মাঝি সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. হালিম শেখ সাধারণ ভোটারদের রায়ে সভাপতি নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের পর থেকে প্রতিপক্ষ একটি গ্রুপ তার সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করে।

তার অংশ হিসেবে পূর্ব রূপসা ঘাটে পেপার বিক্রেতা শারীরিক প্রতিবন্ধী মো. তাছির উদ্দিনকে প্রভাবিত করে তার শাশুড়ির সাথে আমার অবৈধ সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাতে থাকে। বিষয়টি আমি জানতে পেরে সম্মানহানির প্রতিকারের দাবিতে গত ২১ এপ্রিল রূপসা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করি। তারপর তাছির শাশুড়ীর বিষয়টি বাদ দিয়ে নিজের বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রীকে জড়িয়ে আমার বিরুদ্ধে গত ২৫ এপ্রিল খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০২, একটি মামলা দায়ের করেন। সেই অভিযোগে নানান রকম অনৈতিক মিথ্যা কল্পকাহিনী তৈরি করা হয়েছে। যার সাথে বাস্তবতার কোন মিল নেই বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কারণ সে একজন বুদ্ধিপ্রতিবন্ধী নারী। তাছাড়া সে সম্পর্কে পরিচয় আমার ভাগ্নি হয়। এছাড়া আদালতে মামলায় মুখের দুই পাশে ঠোটের উপরে সিগারেটের আগুন দিয়ে ছ্যাকা দেওয়ার যে কথা বলা হয়েছে, তার সাথেও বাস্তবতার কোন মিল নেই। কারন হিসেবে তিনি জানান কখনো আমি সিগারেট খাই না যা সকলেই অবগত রয়েছেন। তিনি আরো বলেন এ বিষয়ে তাছিরের শাশুড়ি রেহেনা বেগমের কাছে আপনারা জানলে প্রকৃত ঘটনা জানতে পারবেন। মূলত সিগারেট দিয়ে পরিকল্পিত ভাবে মুখ পুড়িয়েছে তার জামাই তাছির উদ্দিন। তারপর বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। যা সঠিক ভাবে তদন্ত হলেই সঠিকটা বেরিয়ে আসবে বলে তিনি দাবী করেন।

লিখিত অভিযোগে আরো জানানো হয়, ইতিপূর্বে তাছিরের সাথে আমার ১২০ টাকার মোবাইল লোড সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধকে পুজি করে প্রতিপক্ষ গ্রুপটি তাছিরকে প্রভাবিত করে আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। যাতে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাঝি সংঘের নেতা মো. কামরুল ইসলাম, মো. খোকন শেখ, মো. শাহাদাৎ মুন্সি, মো. ফজর আলী, মো. মহব্বত আলী, মো. সাহেব আলীসহ সংগঠনের সদস্যবৃন্দ।

রামপালে স্বস্তির বৃষ্টি হলেও কমেনি গরমের দাপট
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।
বৈশাখের তৃতীয় সপ্তাহ ছুঁই ছুঁই। কড়া রোদে চারিদিকে যখন হাঁসফাঁস, তখন সোমবার (৬ মে) সন্ধ্যায় নামল স্বস্তির বৃষ্টি। তবে আকারে ছোট এই বৃষ্টি কমাতে পারেনি গরম। বরং বৃষ্টির পানিতে তপ্ত ইট-পাথর গলে বের হওয়া গরম ছুঁয়ে যাচ্ছে প্রাণীকুলকে।
বৃষ্টির ফলে জনমনে স্বস্তি নেমে আসে; যদিও বৃষ্টির স্থায়িত্ব ছিল অল্প সময়। তীব্র তাপপ্রবাহে ধুঁকতে থাকা মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। তীব্র গরমে একটুখানি বৃষ্টিতেও স্বস্তির নিশ্বাস ফেলছে রামপাল বাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কেউ কেউ স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনও করেন।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার তথ্য আগেই দিয়েছি।
সোমবার রামপালে তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বৃষ্টি নামায় মানুষ কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন।

প্রসঙ্গত, গত দেড় মাস ধরে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাবপ্রবাহ। সূর্যের প্রখরতায় দিনে-রাতে প্রায় একই তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। ফলে সূর্য অস্ত গেলেও মানুষের ভোগান্তি কমছে না। রাতের বেলায়ও প্রচণ্ড গরমে সবাইকে হাঁসফাঁস করতে দেখা যায়।

পাইকগাছায় সরকারি বন্দোবস্ত জমি থেকে জোর করে মাটি কেটে ব্যক্তিগত জায়গা ভরাটের অভিযোগ

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।

পাইকগাছায় সরকারি বন্দোবস্ত জমি থেকে জোর করে মাটি কেটে ব্যক্তিগত জায়গা ভরাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এ নিয়ে বন্দোবস্ত পাওয়া জমির মালিক বাঁধা দিলেও মাটি কাটা অব্যাহত রাখে।পরবর্তীতে এ বিষয়ে স্হানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে মাটি কাটা বন্ধ হয়। ঘটনাটি সোমবার সকালে উপজেলার গড়ইখালীর বগুলারচক গ্রামে।

জমির মালিক তাপস সরদার জানান,আমার পিতা শিবপদ সরদারের নামে বিগত ২০০১সালে চক বগুড়া মৌজায় ৩বিঘা জমি সরকারি খাস বন্দোবস্ত জমি পাই। সেই থেকে আমরা কর খাজনা দিয়ে ওই জমি ভোগ দখলে আছি। সোমবার সকালে একই এলাকার হরিপদ মন্ডলের ছেলে গিরিশ মন্ডল, বিপুল মন্ডল সহ ১০/১২জন আমার জমি থেকে জোর করে মাটি কেটে তাদের জমি ভরাট করতে থাকে। এ সময় আমি বাঁধা দিলে তারা আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে মারপিট করতে উদ্যত হয়। সেই সময় আমি বিষয়টি নিয়ে স্হানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান কে জানালে তিনি স্হানীয় ইউপি সদস্য মোমিন গাজীর মাধ্যমে মাটি কাটা বন্ধ করে দেন। অপরদিকে আরেক জমির মালিক সুশিল চন্দ্র গাইন অভিযোগ করেন, বন্দোবস্তকৃত জমির মাটি কেটে আমার নিজস্ব জমির উপর জোর করে মাটি ফেলে রাস্তা তৈরি করছে গিরিশ মন্ডল ও বিপুল মন্ডলরা। এ নিয়ে আমি সহ আমার পরিবার বাঁধা দিলে তারা আমাদের মারতে উদ্যত হয়। স্হানীয় ইউপি সদস্য মোমিন সানা জানান,

স্হানীয় সংসদ সদস্যের নির্দেশে সরকারি বন্দোবস্তকৃত জমির মাটি কাটা বন্ধ করে দিয়েছি এবং স্হানীয় ইউপি চেয়ারম্যানের সমযোতায় বিষয়টি নিরসন করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে প্রতিপক্ষ গিরিশ মন্ডল ও বিপুল মন্ডলরা কোন মন্তব্য করতে রাজি হননি।

ইউপি চেয়ারম্যান জি, এম আব্দুস ছালাম কেরু বলেন,সরকারি জমি থেকে মাটি কাটা বন্ধ রয়েছে। দু এক দিনের মধ্যে উভয় পক্ষ কে নিয়ে বসে বিষয়টি নিরসন করা হবে।

সাতক্ষীরায় জেলা শিক্ষা অফিসারের যোগসাজশে ভারপ্রাপ্ত শিক্ষককে ডিজি প্রতিনিধি করায় বাড়ছে দূর্নীতি
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সিনিয়র প্রধান শিক্ষকদের ব্যতিরেখে ভারপ্রাপ্ত শিক্ষককে ডিজি প্রতিনিধি মনোনয়ন করায় প্রশ্নবিদ্ধ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। দায়িত্বশীলদের স্বদিচ্ছা ও গাফিলতির কারনে প্রতিনিয়ত বাড়ছে প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ বানিজ্য সহ নানাবিধ অপরাধ। স্পষ্ট পরিপত্র, নীতিমালা ও নির্দেশনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নীরব ভুমিকায় বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। নিয়োগ কমিটির সদস্য, সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতি, সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার এর সাথে বিভিন্ন সময় বক্তব্য গ্রহণ কালে সাংবাদিকদের সাথে পরিপত্র নিয়ে একএকজন এক-এক রকম মনগড়া বক্তব্য প্রদান করায় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কে নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছে। সাতক্ষীরা জেলা ব্যাপি বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও তা অমান্য করায় বিভিন্ন সময় নিয়োগ কমিটির সদস্য সহ দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠার পাশাপাশি নিয়োগ কার্যক্রমকে অনেকাংশেই বিতর্কিত করছে যা স্পষ্ট পরিপত্র লঙ্ঘনের ধৃষ্টতার সামিল। সাতক্ষীরা আশাশুনি উপজেলার “বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয়” নিয়োগের ক্ষেত্রে মানা হয়নি শিক্ষা মন্ত্রণালয় এমনকি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নীতিমালা। প্রসঙ্গত, ২০২৩ ও ২০২৪ সালে “তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়” এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার কে অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগে ডিজি প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয়েছে। বিদ্যালয় সমুহের মধ্যে রয়েছে সাতক্ষীরা তালা উপজেলার সৈয়দ দীদার বখৎ মাধ্যমিক বালিকা বিদ্যালয় গত ইং ০১-০৯-২৩ তারিখ তিন পদে নিয়োগ বোর্ড বসার আগে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি মুরশিদা পারভীন কর্তৃক ৪০ লক্ষ টাকায় মনোনীত প্রার্থীদের মাঝে টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস, নির্দিষ্ট সময় সূচীর আগেই সাজানো পাতানো নিয়োগ পরীক্ষায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেন ডিজি প্রতিনিধি মনোনয়ন প্রাপ্ত “তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়” এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার। এসব অপকর্মে তাকে সহযোগিতা করেছে “তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়” এর সহকারী শিক্ষক মহিনুর ইসলাম ও সুধাংশু কুমার সরকার। ইতিপূর্বে বিভিন্ন পত্রিকায় খবরটি প্রকাশ হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার এর পিডিএস আইডি নং – ২০১৬৭০০৯৬৯, সহকারী শিক্ষক মহিনুর ইসলাম এর পিডিএস আইডি নং ২০১৬৭০১০১৫, সহকারী শিক্ষক সুধাংশু কুমার সরকার এর পিডিএস আইডি নং ২০১৬৭০০৯৭২। ডিজি প্রতিনিধি হিসেবে অজয় কুমার হালদার এর মনোনয়ন প্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, হরিহর নগর মুড়াগাছা শাহপুর এইচ,এম,এস মাধ্যমিক বিদ্যালয়, কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়। আশাশুনি উপজেলার খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, বড়দল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাইনতলা রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়। সাতক্ষীরা সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। কালিগঞ্জ উপজেলার শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সব নিয়োগে ডিজি প্রতিনিধি দেওয়া হয় সাতক্ষীরা তালা উপজেলার “তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়” এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুল পদ কৃষি শিক্ষক অজয় কুমার হালদার কে। অজয় কুমার হালদার নবম গ্রেড স্কেলের একজন শিক্ষক। নিজ উপজেলা সহ অন্যান্য উপজেলায় হরহামেশা বিভিন্ন পদে নিয়োগ প্রদানের ক্ষেত্রে সরকারি বালক-বালিকা বিদ্যালয়ে “ফুল প্লেস” সিনিয়র প্রধান শিক্ষক থাকা সত্ত্বেও অদৃশ্য শক্তির বলে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহজাহান কবির ডিজি প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে তুলে দিচ্ছে অজয় কুমার হালদার কে। এর ফলে একদিকে যেমন বারবার সিনিয়রিটি ও জৈষ্ঠ্যতা লঙ্ঘন হচ্ছে অপরদিকে নিয়োগের স্বচ্ছতা ও বৈধতা নিয়ে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি বাড়ছে নানাবিধ অপরাধ। অনুসন্ধানে জানা গেছে, ইতিপূর্বে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহজাহান কবির “তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়” এর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি গত ইং ২৭-০৮-২৩ তারিখ সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। জেলা শিক্ষা অফিসারের আইডি নং ২০১৬৭০০০৯৩। জেলা শিক্ষা অফিসার শাহজাহান কবীর তার পূর্বের কর্মস্থল “তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়” প্রধান শিক্ষক হওয়ার সুবাদে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কুমার হালদার, শিক্ষক মহিনুর ইসলাম এবং সুধাংশু কুমার সরকার এর সাথে সখ্যতা গড়ে ওঠে। সে কারণে “তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়” সংক্ষিপ্ত নাম “তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়” এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার কে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক/কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নিজ উপজেলা তালা থেকে শুরু করে অন্য উপজেলায় জেলা শিক্ষা অফিসার নিজ ক্ষমতার অপব্যবহার করে ডিজি প্রতিনিধির মনোনয়ন দিচ্ছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার তার সহকারী দুই শিক্ষক মহিনুর ইসলাম ও সুধাংশু কুমার সরকার কে দিয়ে নিয়োগ বোর্ড বসার পূর্বে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটির সভাপতির সাথে চুক্তিবদ্ধ হয়ে আলোচনা সাপেক্ষে মনোনীত প্রার্থীদের মাঝে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ প্রদান প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন পদ ভিত্তিক ঘুষ গ্রহণ করে। নিয়োগ কেন্দ্রিক প্রতিটা পদের বিপরীতে এক লক্ষ টাকা থেকে শুরু করে প্রকারভেদে ২ লক্ষ টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেন অজয় কুমার হালদার এর পক্ষে তার দুই অপকর্মের হোতা মহিনুর ইসলাম এবং সুধাংশু সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সহ প্রাপ্ত আবেদনকারীর সংক্ষিপ্ত তালিকা নিজ প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড/ ওয়েবসাইটে প্রকাশ করার বাধ্যবাধকতা এবং নির্দেশনা থাকা সত্ত্বেও তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে তথ্য গোপন করার সুযোগ তৈরি করে দিচ্ছে এক উপজেলা থেকে অন্য উপজেলায় ডিজি প্রতিনিধি মনোনয়ন প্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার। তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার এর মুল পদ কৃষি শিক্ষক। আজয় কুমার হালদার ডিজি প্রতিনিধি মনোনয়ন পেয়ে স্ব-ঘোষিত তারিখ সংশ্লিষ্ট বিদ্যালয়ে নিয়োগ বোর্ড বসানোর দিন তার দুই সহকারী শিক্ষক মহিনুর ইসলাম ও সহকারী শিক্ষক সুধাংশু কুমার সরকার কে সঙ্গে নিয়ে বিলাশ বহুল প্রাইভেট কার যোগে নিয়োগ বোর্ডে উপস্থিত হয়ে তার জায়গায় দায়িত্ব পালন করেন উল্লেখিত সহকারী দুই শিক্ষক। মহিনুর ইসলাম ও সুধাংশু কুমার সরকার কে দিয়ে নিয়োগ বোর্ডে দায়িত্বশীল ৫ জনের সাথে বিধিবহির্ভূত ভাবে উপস্থিত থেকে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেন এবং খাতা দেখেন যা নীতিমালা বহির্ভূত অপরাধ এবং ধৃষ্টতার সামিল। এদিকে নিয়োগ কেন্দ্রিক সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতির নিকট থেকে অবৈধ পন্থায় হাতানো ঘুষের টাকার একটি অংশ চলে যায় জেলা শিক্ষা অফিসারের পকেটে এবং অবশিষ্ট বাকি টাকা থেকে “তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়” সংক্ষিপ্ত নাম “তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়” এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার সহ একই বিদ্যালয়ের সহকারী (সমাজ বিজ্ঞান) শিক্ষক মহিনুর ইসলাম ও সহকারী শিক্ষক সুধাংশু কুমার সরকার এর মধ্যে ভাগবাটোয়ারা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক সহ একাধিক ব্যক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয় “তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়” ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার এর সাথে মুঠোফোনে আলাপকালে বলেন, নিয়োগ বোর্ডে আমি মুখে প্রশ্ন বলি আর মহিনুর ইসলাম ও সুধাংশু কুমার সরকার প্রশ্ন লেখেন। নিয়োগের আগে প্রশ্ন ফাঁস ও ঘুষ গ্রহণ করার ব্যাপারে তিনি অস্বীকার করেন। এ বিষয় “তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়” এর সমাজ বিজ্ঞান শিক্ষক মহিনুর ইসলাম এর সাথে মুঠো ফোনে আলাপকালে বলেন, নিয়োগ বোর্ডে আমাদের থাকার বৈধতা আছে। এ বিষয় “তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়” এর সহকারী শিক্ষক সুধাংশু কুমার সরকার এর সাথে মুঠোফোনে আলাপকালে বলেন, আমরা নিয়োগ বোর্ডে খাতা দেখি। প্রশ্ন ফাঁস করে মোটা অংকের টাকা উৎকোচ গ্রহণ ও ভাগবাটোয়ারা করার ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন আমরা নিয়োগ বোর্ডে গেলে সম্মানি পাই। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্রের নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বোর্ডে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদাধিকার বলে তিনি নিয়োগ কমিটির সভাপতি, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজি প্রতিনিধি নিয়োগ কমিটির সদস্য, সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগ কমিটির সদস্য, জেলা প্রশাসকের প্রতিনিধি নিয়োগ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান/ ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক সদস্য সচিব সহ মোট ৫ জন নিয়োগ বোর্ডে উপস্তিত থেকে বিধিমোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। পরিপত্রের নির্দেশনা অনুযায়ী নিয়োগ কমিটির ৫ জন ছাড়া অন্য কোন বহিরাগত ব্যক্তি নিয়োগ বোর্ডের মধ্যে কোন প্রকার দায়িত্ব পালন করার সুযোগ না থাকলেও মানতে নারাজ অনভিজ্ঞ অজয় কুমার হালদার। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র টাকার জন্য নিজেদের নীতি-নৈতিকতাকে বিসর্জন দিয়ে পাতানো নিয়োগ বোর্ডের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে অজয় কুমার হালদার ও তার অপকর্মের দুই সহযোগী মহিনুর ইসলাম ও শিক্ষক সুধাংশু কুমার সরকার। ডিজি প্রতিনিধি মনোনয়ন দিয়ে এসব অপকর্মের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে জেলা শিক্ষা অফিসার শাহজাহান কবির। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে শিক্ষক কর্মচারী নিয়োগ প্রদানের ক্ষেত্রে নিয়োগ কমিটিতে মহাপরিচালক এর একজন প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ডিজি প্রতিনিধি মনোনয়নের ক্ষেত্রে সিনিয়রিটি লঙ্ঘন ও নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারন নিয়ে জটিলতা তৈরির কারনে গত ইং ১৮-০৯-২২ তারিখ অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় আলোচনা করা হয়। অলোচনান্তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে ডিজি প্রতিনিধি মমনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি বালক/বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডিজি’র প্রতিনিধি মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাংলাদেশ, ঢাকা থেকে (৩৭,০২,০০০০,১০৭,৩১,৪০১,২০২১-১৮৮০(গ) নম্বর স্মারকে এমপিও কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম বিষয়ে এমপিও কমিটির সভায় উপরিউক্ত সিদ্ধান্ত প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয় এবং গত ইং ০৩-১১-২২ তারিখ জেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে অনুলিপি প্রেরণ করা হয়। অদৃশ্য শক্তির বলে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির পরিপত্র ও শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করে টাকার মোহে আকৃষ্ট হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার কে সাতক্ষীরা জেলা ব্যাপি বিভিন্ন উপজেলার অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রদানের গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে যা নীতিমালা বহির্ভূত কাজ। সরেজমিনে নিয়োগ কেন্দ্রিক উৎকোচ বানিজ্য, প্রশ্ন ফাঁস সহ উল্লেখিত অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর দায়িত্বশীল কর্মকর্তারা তদন্ত করলে সুনির্দিষ্ট ভাবে প্রমান পাবেন। এ বিষয় সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহজাহান কবির এর সাথে মুঠোফোনে আলাপকালে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ বিষয় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে মুঠো ফোনে একাধিকবার আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) খুলনা বিভাগ এর উপ-পরিচালক খোঃ রুহুল আমিন মুঠোফোনে আলাপকালে বক্তব্য নিতে চাইলে তিনি বলেন, মিটিংয়ে ব্যস্ত আছি পরে কথা বলবো।
এ বিষয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা বাংলাদেশ এর মাধ্যমিক উইং পরিচালক সৈয়দ জাফর আলী মুঠোফোনে আলাপকালে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ কেন্দ্রিক যদি কোন অনিয়ম, অপরাধ সংগঠিত হয় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

খুবিতে শিক্ষা ও গবেষণায় উৎকর্ষের যাত্রা শুরু হয়েছে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে জার্নাল আর্টিকেল রিভিউ শীর্ষক শিক্ষকদের দিনব্যাপী এক কর্মশালা ৬ মে (সোমবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় উৎকর্ষের যে যাত্রা শুরু হয়েছে, তা এই কর্মশালায় অংশগ্রহণকারীদের দেখলেই বোঝা যায়। সিনিয়র শিক্ষকদের পাশাপাশি তরুণ শিক্ষকরাও এই কর্মশালায় অংশ নিয়েছেন, এটা ইতিবাচক দিক। এই কর্মশালার ফলাফল পেতে হয়ত আমাদের কিছুটা সময় লাগবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গুণগতমান নির্ভর করে গবেষণার ওপর। ২০২০-২১ সালে যেখানে গবেষণা নিবন্ধ ছিল ৫৫৯, সেখানে ২০২৩ সালে বেড়ে ১২৬৬ তে দাঁড়িয়েছে। এ ছাড়া ২০১৫ সালে এ বিশ্ববিদ্যালয়ে রিসোর্স পারসন ছিল ১৫ জন, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘আর্টিকেল রিভিউ-বেসিকস, স্টেপস, কমপ্ল্যায়েন্স এন্ড গাইডলাইনস’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। এ ছাড়াও রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

নড়াইলে চাঞ্চল্যকর শিশু সুফিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আক্তার মুন্সীর মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু সুফিয়া খানমকে (৯) পৈশাচিকভাবে হত্যার পর নদীতে ফেলে দেয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এলাকাবাসীর আয়োজনে বারইপাড়া-কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ফাঁসি চাই, ফাঁসি চাই শিশু সুফিয়া হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি চাই এমন শ্লোগানে মুখরিত হয়ে উঠে হত্যার শিকার শিশুটি যে স্কুলে পড়তো সেই স্কুল চত্তর। সুফিয়ার সহপাঠীরা বিচারের দাবিতে প্লেকার্ড হাতে নিয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন বারইপাড়া-কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ বরণ সাহা, স্কুলের সভাপতি মোঃ শওকত হোসেন, শিশু সুফিয়ার পিতা আক্তার মুন্সী, জামিলা খানম প্রমূখ। স্কুলের সভাপতি বক্তব্যে বলেন, জঘন্যতম এ হত্যাকান্ডের পর এখানকার কোমলমতি ছাত্র-ছাত্রীদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। ভয়ে অনেকে স্কুলে আসতে চাচ্ছে না। না জানি আমার সন্তানের কি হয়, এমন অজানা আতংকে রয়েছেন অনেক অভিভাবক। সুফিয়া হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে খুনীরা আরো বেপরোয়া হয়ে উঠতে পারে।জামিলা খানম বক্তব্যে বলেন, শিশু সুফিয়ার খুনীরা নরপশু। এরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার না পায়। এদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান। ঘটনার ৫দিন অতিবাহিত হওয়ার পরও খুনের সঙ্গে জড়িতরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মানববন্ধন শেষে হত্যাকান্ডের নিন্দা ও জড়িতেদের ফাঁসির দাবি করে বারইপাড়া-কাঞ্চনপুর সড়কে বিক্ষোভ মিছিল করেন শতশত নারী-পুরুষ। নিহত শিশুর চাচা বদরুল আলম মুন্সী জানান, গত বুধবার (১ মে) সকাল ৯টার দিকে স্থানীয় সুপার ব্রিক্স ইটভাটায় কর্মরত পিতা আক্তার মুন্সীকে খাবার দিয়ে বাড়িতে আসার পথিমধ্যে নিখোঁজ হয় সুফিয়া। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।পরদিন বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামপুর এলাকায় নদীতে শিশুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।শিশুটির গোপন অঙ্গ ক্ষতসহ শরীর এসিড দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা শিশুটিকে পৈশাচিকভাবে হত্যার পর নদীতে ফেলে পালিয়ে যায় বলে তিনি জানান।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, শিশু সুফিয়া হত্যাকান্ডটি মর্মস্পর্শী ঘটনা। পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার রহস্য পুরোপুরি জানা যাবে বলে তিনি জানান।

স্ত্রীকে ভিডিওকলে রেখে ফাঁস নিলেন যুবক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় স্ত্রীকে ভিডিওকলে রেখে আরিফুল ইসলাম (৩৫) নামে এক আনসার সদস্য গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়নের পার্শ্ববর্তী উসমান গনির ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আরিফুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়নের সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।

চুয়াডাঙ্গা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী বলেন, আরিফুল ইসলাম সপরিবারে ব্যাটালিয়নের পাশেই একটি বাড়িতে ভাড়ায় থাকতেন। বৃহস্পতিবার ছুটিতে পরিবারসহ গ্রামের বাড়িতে বেড়াতে যান তিনি। ছুটি শেষে রোববার একাই ভাড়া বাসায় ফেরেন এই আনসার সদস্য। আমরা প্রাথমিকভাবে জেনেছি, স্ত্রীর সঙ্গে আরিফুলের মনোমালিন্য ছিল। এ কারণে স্ত্রীকে ভিডিওকলে রেখেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, পারিবারিক কলহের জেরে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার আম বাজারে আসবে ৯ মে
সাতক্ষীরা প্রতিনিধি
ভৌগোলিক কারণে দেশে প্রথম আম পাকে সাতক্ষীরায়। তাই মৌসুমের প্রথম আম পেতে ফলপ্রেমীদের কাছে সাতক্ষীরার আমের চাহিদা বেশি। ইউরোপের বিভিন্ন দেশে প্রতি বছর রপ্তানিও হয় সাতক্ষীরা জেলার আম।

এ বছর জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী প্রথম পর্যায়ে আগামী ৯ মে থেকে সাতক্ষীরার গোপালভোগ, বোম্বাই, গোলাপঘাস, বৈশাখীসহ কয়েকটি প্রজাতির আম দেশের বাজারে উঠবে।

এছাড়া পর্যায়ক্রমে ১১ মে গোবিন্দভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ল্যাংড়া ও ১০ জুন আম্রপালি আম গাছ থেকে নামাতে ও বাজারজাত করতে পারবেন বাগানের মালিকরা।

রোববার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামসহ জেলার সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা।

এ সময় সভায় জানানো হয়, নির্ধারিত দিনের আগে আম বাজারজাত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা কার্বাইড বা কেমিক্যাল দিয়ে অপরিপক্ব আম পাকাবে, তাদের জেলে পাঠানো হবে।

তীব্র তাপপ্রবাহের পর খুলনায় স্বস্তির বৃষ্টি
স্টাফ রিপোর্টার
টানা তাবপ্রবাহের পর অবশেষে খুলনায় বৃষ্টি হয়েছে। সোমবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বৃষ্টি শুরু হয়। এর ফলে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
খুলনায় গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে আসে। এ সময় স্মরণকালে সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছিল। গত ১ মে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২৯ এপ্রিল খুলনায় ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও খুলনায় দেখা মিলছিল না বৃষ্টির।

জানা গেছে, সোমবার দুপুর থেকেই খুলনার আকাশ মেঘলা ছিল। কখনো রোদ আবার কখনো মেঘের আনাগোনা ছিল আকাশে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় ঝড়ো বাতাস। সাড়ে ৬টার দিকে শুরু হয় বৃষ্টি।

খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ও হচ্ছে। এখন থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হবে।

হাজারো টিউবওয়েল পানিশূন্য, হুমকিতে জনস্বাস্থ্য
ঝিনাইদহ প্রতিনিধি
মাঠ-ঘাট, বিল-ঝিল, জলাশয়, পুকুর-নদী কোথাও নেই পানি। পানি নেই নলকূপেও। ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলায় হাজার হাজার নলকূপ পানিশূন্য অবস্থায় রয়েছে। কিছু কিছু জায়গাতে পানি মিললেও চলতি মাসের শুরু থেকে ক্রমেই পানিশূন্য হয়ে যাচ্ছে নলকূপগুলো। সুপেয় পানির হাহাকার ঠেকাতে বৃষ্টির পানির অপেক্ষা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বলছে, তাদের ডিজাইন অনুসারে টিউবওয়েল না বসালে প্রত্যেক শুষ্ক মৌসুমে এটি ঘটতেই থাকবে। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বৃদ্ধি করতে হবে গভীর নলকূপের সংখ্যা, খনন করতে হবে নদ-নদী।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের মামুন জানান, পানির প্রাকৃতিক উৎসগুলি ক্রমেই মৃত। আর গরমের মাত্রা বেড়ে যাওয়ায় ধীরে ধীরে নলকূপগুলি পানিশূন্য হয়ে যাচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা ঝিনাইদহে এক মাসের বেশি সময় ধরে বৃষ্টিও নেই। ফলে ক্রমেই অবস্থার অবনতি হচ্ছে। যদিও তাপমাত্রা আস্তে আস্তে কমছে, স্বস্তি আসতে পারে জনজীবনে।

একই গ্রামের সাইমুম মিয়া জানান, তীব্র সংকট দেখা দিয়েছে সুপেয় পানির। গ্রামাঞ্চলে প্রত্যেক বাড়ির নলকূপ অকেজো হতে চলেছে। ফলে রান্নাসহ গৃহস্থালীর কাজে মারাত্মক অচলাবস্থা চলছে। শুধু গ্রামাঞ্চলের বাড়িতে বাড়িতে নয়, পানি নেই হাট-বাজার, মাঠ-ঘাটেও। ফলে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। ডায়রিয়াসহ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

শৈলকুপা উপজেলা জনস্বাস্থ্য অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী আসিফ আলম জানান, সাধারণত ২০ থেকে ২৪ ফুট মাটির নিচে পানির লেয়ার বা স্তর পাওয়া যায়। কিন্তু এখন নলকূপ স্থাপন করতে গিয়ে ২৮ থেকে ৩২ ফুট নিচে পানির লেয়ার মিলছে।
ঝিনাইদহ জনস্বাস্থ্য অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, গত ৫ বছরে প্রতি ইউনিয়নে ৮০ টি করে সাবমার্সেল পাম্প স্থাপন করছে জনস্বাস্থ্য অধিদফতর। ফলে পানি পাচ্ছে ৬০ হাজার পরিবার। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। ইঞ্জিনিয়ারিং পদ্ধতির বাইরে নলকূপ স্থাপন করলে গ্রীষ্ম বা শুকনা মৌসুমে পানির সমস্যা দেখা দেয়।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে আরো গভীর নলকূপ স্থাপন করতে হবে। এছাড়া নদ-নদী খনন করলে পানির স্তর মিলবে।

জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছে, জেলাজুড়ে বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে কত হাজার নলকূপ রয়েছে তা তার কোনো পরিসংখ্যানে নেই। তবে সরকারিভাবে জেলায় ৩২ হাজার নলকূপ স্থাপন করা আছে। আর এসব নলকূপে পানি স্বাভাবিক অবস্থা রয়েছে।

প্রসঙ্গত, ঝিনাইদহে প্রায় ১৮ লাখ মানুষের বসবাস। সরকারি হিসাবে জেলায় ১৭ হাজার গভীর ও ১৮ হাজার অগভীর নলকূপ রয়েছে। তবে ব্যক্তি উদ্যোগে আরো ৫০ হাজারের বেশি নলকূপ রয়েছে যার বেশিরভাগ পানিশূন্য।

প্রফেসর মো. আলতাফ হোসেন পুনরায় দিঘলিয়া উপজেলা পর্যায়ে
স্টাফ রিপোর্টার
জাতীয় শিক্ষাসপ্তাহ ২০২৪-এ দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) নিবাচিত হয়েছেন। গত তারিখ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মো. আলতাফ হোসেন ১৯৬৮ সালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীমকাঠী গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গহ্রণ করেন। তার বাবার নাম আব্দুল সোবাহান মোল্লা এবং মায়ের নাম জোহরা খাতুন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি গবেষক।
মো. আলতাফ হোসেন ১৯৯৩ সালের ৪ আগষ্ট আলহাজ্ব সারোয়ার খান কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৪ সালে একই কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। সবশেষে ২০২৩ সালে অত্র কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ বেতারের একজন নাট্যকার, নাট্যশিল্পী , গীতিকার ও কথক। তিনি একজন কবি ও কথা সাহিত্যিক। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ – কৃষ্ণ মেঘের কাব্য, যৎকিঞ্চিৎ ও জল তৃষ্ণায় কাদে জলজ শরীর।
মো. আলতাফ হোসেন গত বছর জাতাীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ এবং তার কলেজ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়। চলতিবছর তিনি পুনরায় শ্যেষ্ঠ অধ্যক্ষ ও তার প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়।
তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত একং এক কন্যা সন্তানের জনক । তার স্ত্রীর নাম শিরিণ সুলতানা এবং কন্যার নাম রওনক জাহান ইলেন।
তনি তার এ সাফল্যের জন্য কলেজ পরিচালনা পরিষদদের সভাপতি, বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদ ও পরিচালনা পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কপিলমুনিতে প্রচন্ড গরম উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলছে কৃষক-কৃষানী
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
গরমের এই কঠিন সময়ে যেখানে মানুষ ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছেন সেখানে দীর্ঘদিনের এক টানা গরমের এই তীব্রতার সাথে যেন যুদ্ধে নেমেছেন কপিলমুনি এলাকার কৃষকেরা। অসহ্য গরম উপেক্ষা করে ক্ষেত থেকে ধান কেটে দ্রুত বাড়ি নিয়ে গিয়ে ঝাড়াই-মাড়াই করে ফসল ঘরে তুলতে সময় পার করছে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনির এলাকার কৃষকেরা। চলতি রোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন একাধিক কৃষক । শেষ মুহূর্তে ঝড় বৃষ্টি না হলে আর বাজারে ধানের দাম ভালো পেলে লাভের সম্ভাবনা দেখছেন কৃষকেরা। গরমের তীব্রতা ভোগ করলেও এই মুহূর্তে ধান ঘরে তোলার স্বার্থে তারা বৃষ্টি কামনা করছেন না। তারা বলছেন, সারা বছর যেটা খেয়ে বেঁচে থাকবো সেটা দ্রুত ঘরে তোলাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কপিলমুনি এলাকার বিভিন্ন ফসলের মাঠে সরেজমিনে গেলে দেখা যায়, ধান কাটা, আটি বাঁধা, বয়ে বাড়ি নিয়ে যাওয়া, ঝাড়াই-মাড়াই করে ঘরে তোলায় ব্যস্ত রয়েছেন কৃষক-কৃষাণীরা।
প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে দিন রাত পরিশ্রম করে চলেছেন এলাকার সমস্ত কৃষক। ভোর থেকে রাত পর্যন্ত মাঠেই ব্যস্ত সময় পার করছেন তারা। সোনাতনকাটি গ্রামের কৃষক রহিম সরদার বলেন, এ পর্যন্ত ২ বিঘা জমির ধান কেটেছি, বাকি ধান আগামী সপ্তাহে কাটবো। তিনি আরও বলেন, উচ্চ ফলন শীল জাতের ধান আবাদ করায় এ বছর তিনি বিঘা প্রতি ২০ মন ধান ফলন পেয়েছেন।
কাশিমনগর গ্রামের কৃষক পরিমল দাশ বলেন, এবছর ধানের ফলন খুব ভালো। ১০ বিঘা জমিতে আবাদ করেছিলাম, প্রতি বিঘায় ২৫ মন পাবো আশা করছি। ৫ বিঘার ধান ইতোমধ্যে কাটা সম্পন্ন হয়েছে। বৃষ্টি-বাদল না হলে আর ৩-৪ দিনের মধ্যে হয়তো সব ধান ঘরে তুলতে পারবো।

কেটিআরইউ-এর আহবায়ক কমিটির মেয়াদ আরো দুই মাস বাড়লো
খবর বিজ্ঞপ্তি
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা মোহনা টিভি’র খুলনাস্থ ব্যুরো কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে সদস্য সচিব মো. বাবুল আকতারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, এটিএন বাংলার বিভাগীয় প্রধান এস এম হাবিব, সংগঠনের সাবেক সভাপতি সুনীল দাস, সাবেক সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের খুলনা ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, চ্যানেল আইয়ের খুলনা ব্যুরো প্রধান ডানিয়েল সুজিত বোস, গাজী টিভির ব্যুরো প্রধান মো. লিয়াকত হোসেন, বৈশাখী টিভির ব্যুরো প্রধান শেখ হেদায়েত উল্লাহ, আরটিভির খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান,আনন্দ টিভির খুলনার ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন ও বাংলা টিভির ব্যুরো প্রধান তরিকুল ইসলাম ডালিম।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত সমূহের মধ্যে পবিত্র মাহে রমজান, পবিত্র ঈদুল ফেতর, প্রাকৃতিক উত্তপ্ত আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে টিভি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন করা সম্ভব না হওয়ায় আহবায়ক কমিটির মেয়াদ আরো ০২ (দুই) মাস বাড়ানোর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। #####

মহেশপুরে গরমে বাড়ছে নানা রোগ,বেড শঙ্কায় মেঝেতেই নিতে হচ্ছে চিকিৎসা
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে তীব্র তাপপ্রবাহের,তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এখনো তীব্র গরম অনুভূত হচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন জেলা ও উপজেলার বাসিন্দারা। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, জ্বর, কাশি, হিটস্ট্রোকসহ মাথাব্যথার রোগীর সংখ্যা। বিশেষ করে এসব রোগে ভুগছেন শিশু-কিশোর ও বয়োবৃদ্ধরা। এ অবস্থায় শিশুদের সুরক্ষায় রোদ পরিহারের পাশাপাশি যত্রতত্র পানি, রাস্তার পাশের খোলা জুস-শরবত পান করা থেকে বিরত থাকা এবং আইসক্রিম না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ঘরে ঘরে এখন অন্তত একজন সদস্য জ্বর, গলাব্যথা, কাশি, মাথাব্যথাসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। প্রচণ্ড এই গরমের মধ্যেও কৃষকরা তাদের সোনালী ফসল ধান ঘরে তুলতে সকাল থেকে সন্ধা পর্যন্ত কাজ করছেন। আর সে কারণেই তারা গরম জনিত নানা রোগে আক্রন্ত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নবজাতক, শিশু ও বৃদ্ধরা।
মহেশপুর উপজেলা ৫০ শয্যা হাসপাতালে গত সপ্তাহে ১০ শতাংশ বেড়েছে ডায়রিয়া ও কাশির রোগীর সংখ্যা। বেড না থাকায় অনেক রোগীকে মেঝেতে থেকেই নিতে হচ্ছে চিকিৎসা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ বিন হেদায়েত বলেন, গড়ে ১০ শতাংশ রোগী বেড়েছে হাসপাতালে। দৈনিক ১৫-২০ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। বেশির ভাগই শিশু। কেননা শিশুদের বেলায় ঝুঁকি নেওয়া যায় না। তাদের ভর্তি করে চিকিৎসা দিতে হয়। এ ছাড়া আউটডোরে চিকিৎসা নিচ্ছেন বহু রোগী।
রামচন্দ্রপুর গ্রামের অভিজিত ও দেবজিত নামের দুই যমজ শিশু ডায়রিয়া ও বমি দিয়ে ৩দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে। তার মা বলেন হঠাৎ করেই দুই ছেলের ডায়রিয়া ও বমি শুরু হলে দ্রত হাসপাতালে নিয়ে আসি।
পাতিবিলা গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘গতকাল থেকে আমার ছেলে ডায়রিয়ায় আক্রান্ত। আর মেয়ে কাশিতে ভুগছে কয়েক দিন ধরে। গরম-ঠাণ্ডা অনুভূত হওয়ায় রাতে রাতে জ্বর আসছে।
বোয়লিয়ার গ্রামের নুরুন নাহার বলেন, ‘আমার ২ বছরের শিশুটি পাঁচ দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছে। ঘরোয়া চিকিৎসায় জ্বর ভালো না হওয়ায় আমরা তাকে হাসপাতালে নিয়ে এসেছি।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ বিন হেদায়েত বলেন, তীব্র গরমে সর্দি, কাশি, জ্বরসহ খুব বেশি ভাইরাস রোগে আক্রান্ত হন মানুষ। প্রচণ্ড ঘামে ও ঘাম বসে ঠাণ্ডায় আক্রান্ত হয়। গরমে খাবার বেশি নষ্ট হয়, পঁচা-বাসি খাবার খেয়ে মানুষের পেটের সমস্যা হয়। ডায়রিয়া, অ্যাজমা, শ্বাসের রোগ হয়। এসব থেকে বাঁচতে হলে শীতল আবহাওয়ায় থাকতে হবে। কিছুটা খোলামেলা পরিবেশে থাকতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, হাত-মুখ নিয়মিত ধুতে হবে। বারবার গোসল করতে হবে। পরিষ্কার খাবার খেতে হবে। বেশি বেশি পানি খেতে হবে। তরমুজ, স্যালাইন, লেবুর শরবত, ডাব খেতে হবে। সর্বোপরি খাবার গ্রহণে সতর্ক হতে হবে।

নিলু’র ৭ম ওফাত দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র সাবেক চেয়ারম্যান ও সাবেক ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) দশ দলীয় জোট প্রধান জাতীয় নেতা শেখ শওকাত হোসেন নিলু’র ৭ম ওফাত দিবস উপলক্ষে আজ ৬ মে ’২৪ সোমবার আছর বাদ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) খুলনা মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। খুলনা মহানগর ন্যাপ ভাসানী’র ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদারের বাসভবনে ও তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মরহুম শেখ শওকাত হোসেন নিলু’র কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখপূর্বক বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর ঊর্ধ্বতন সিনিয়র সহ-সভাপতি আশিক-উস সালেহিন, সহ-সভাপতি ডাঃ মোঃ নূর ইসলাম তালুকদার, উপদেষ্টা শেখ ফজলুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন, ২০নং ওয়ার্ড সভাপতি মোঃ ফরিদ খান, সহ-সভাপতি সাজিদ হোসেন মাল্লান, সাধারণ সম্পাদক মোঃ জুম্মান, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ শেখ মকবুল হোসেন, সহ-সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মোঃ মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি শেখ মোঃ তৌহিদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম খাঁ, ১৮নং ওয়ার্ড সভাপতি শেখ আসলাম উদ্দিন, ২৩নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহান খান, ২৫নং ওয়ার্ড সভাপতি শফি মল্লিক প্রমুখ। আলোচনান্তে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং বিভিন্ন মসজিদে তবারক বিতরণ করা হয়।

সুন্দরবনে অগ্নিকান্ডের ঘটনায় পরিবেশ সুরক্ষা মঞ্চ’র উদ্বেগ ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় সুন্দরবনের গহীনে গত ৪ মে ২০২৪ দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় উদ্বেগ ও ধারাবাহিকভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পরিবেশ সুরক্ষা মঞ্চের প্রতিনিধিরা। বিবৃতিতে তারা বলেন, গত ২৪ বছরে ২৬ বার সুন্দরবনের গহীনে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এবং প্রতিটি ঘটনায় সুন্দরবনের কয়েকশ’ একর জমির গাছ পুঁড়ে ছাই হয়ে গিয়েছে। প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতি অগ্নিকান্ডের ঘটনার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয় ঠিকই। কিন্ত তার কোন ফলাফল দেখা যায়নি বা তদন্তের ভিত্তিতে কোন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। লোক দেখানো তদন্ত কমিটি তৈরী করে ঘটনার ধামাচাপা দেয়া হয়। মঞ্চের প্রতিনিধিরা ঘটনা প্রতিবাদ জানিয়ে বলেন, বনবিভাগ এই দূর্ঘটনার দায় এড়াতে পারেন না। এর দায় তাদেরকেই নিতে হবে। কারণ বন বিভাগ কর্তৃক বিগত দিনে গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা নিয়ে অনিহা রয়েছে। প্রতিনিধিরা জরুরী ভাবে একটি জুডিশিয়াল তদন্ত টীম গঠন করে সঠিক তদন্তের মাধমে অন্যায়কারী ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান এবং আগামীতে সুন্দরবনে এমন অগ্নিকান্ডের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার সঠিক ব্যবস্থাপনার দাবি জানান। তদন্ত কমিটিতে নাগরিক নেতাদের সমন্বয়ে গঠিত হতে পারে বলে মঞ্চ মনে করে। ওই তদন্ত প্রতিবেদন সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানানোর দাবি জানায় মঞ্চ। সুন্দরবনে অগ্নিকান্ডের এই ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন, পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত-ই-খুদা, সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, মঞ্চের অন্যতম সদস্য ও বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য এড. তাসলিমা খাতুন ছন্দা, অজন্তা দাস, এড. জাহাঙ্গীর সিদ্দিকী, মুনীর চৌধুরী সোহেল, কাজী জাভেদ খালিদ জয়, আফজাল হোসেন রাজু, মেরিনা যুথী, খলিলুর রহমান সুমন প্রমূখ।