Home আঞ্চলিক ঝিনাইদহ-১ উপনির্বাচন: দ্বন্দ্ব-সংঘাতের চেনা পথেই শৈলকুপা আওয়ামী লীগ

ঝিনাইদহ-১ উপনির্বাচন: দ্বন্দ্ব-সংঘাতের চেনা পথেই শৈলকুপা আওয়ামী লীগ

68


ঝিনাইদহ প্রতিনিধি
দ্বন্দ্ব-সংঘাতের দীর্ঘ চেনা পথেই হাঁটছে শৈলকুপা উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা। এক পক্ষ নৌকায় উঠলে আরেক পক্ষ থাকে বিপক্ষে। সর্বশেষ ঝিনাইদহ-১ আসনে (শৈলকুপা) উপনির্বাচনে নৌকার প্রার্থীর নাম ঘোষণার পরপরই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা বলছেন, সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে তিন দশকেরও বেশি সময় ধরে চলা এ বিরোধ এখন মহাদ্বন্দ্বে রূপ নিয়েছে।

গত মার্চে শৈলকুপার সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল হাই মারা গেলে এ আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এখানে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দারকে।

জেলা আওয়ামী লীগের এ নেতাকে শনিবার নৌকার প্রার্থী হিসেবে ঘোষণার পর তাঁর সমর্থকরা শৈলকুপা চৌরাস্তায় আনন্দ মিছিল বের করেন। এ সময় মনোনয়নবঞ্চিত শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা কয়েক স্থানে হামলা চালায় বলে অভিযোগ। পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, উপনির্বাচন ঘিরে শৈলকুপায় যে কোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় নেতারা জানান, ১৯৯১ সাল থেকেই এ আসনে (ঝিনাইদহ-১ ) মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব চলছে। সে সময় বিরোধে জড়িয়ে পড়েন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর তৎকালীন সদস্য অধ্যক্ষ কামরুজ্জামান ও আব্দুল হাই। ১৯৯১ ও ’৯৬ সালে অধ্যক্ষ কামরুজ্জামান নৌকার প্রার্থী হলেও পরাজিত হন। তাঁর পরাজয় নিশ্চিত করতে আব্দুল হাই কলকাঠি নাড়েন বলে অভিযোগ করেন কামরুজ্জামানের অনুসারী নায়েব আলী।

২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় আব্দুল হাইকে। তিনি বিজয়ী হয়ে চমক দেখান। তার পর থেকে আব্দুল হাই-ই দলীয় মনোনয়ন পান। এ আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৪ সালের আগ পর্যন্ত শৈলকুপা উপজেলা ও পৌর আওয়ামী লীগে নেতায় নেতায় দ্বন্দ্ব থাকলেও সবই ছিল আব্দুল হাইয়ের নিয়ন্ত্রণে। ২০১৪ সালের সংসদ নির্বাচন বিএনপি বর্জন করায় আব্দুল হাইয়ের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হন নায়েব আলী। সেই থেকে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। এর পর থেকেই কেউ নৌকা পেলে প্রতিপক্ষ বিরোধিতা শুরু করে।

২০১৯ সালের উপজেলা নির্বাচনে নায়েব আলী নৌকা প্রতীক পেলে উপজেলা আওয়ামী লীগ নেতারা এবং ১৩ ইউপি চেয়ারম্যান প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী শিকদার মোশারফ হোসেনের পক্ষে মাঠে নামেন। সেই নির্বাচনে নায়েব আলী মাত্র ৩০০ ভোটের ব্যবধানে পরাজিত হলে উপজেলা ও পৌর আওয়ামী লীগের দ্বন্দ্ব আরও তীব্র হয়। গত পৌর নির্বাচনেও একই অবস্থা হয়।

সর্বশেষ এ দ্বন্দ্বের আগুনে ঘি ঢালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আব্দুল হাই নৌকার মনোনয়ন পেলেও নায়েব আলী ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেজা মন্নু নৌকার বিরোধিতা করে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের পক্ষে মাঠ চষে বেড়ান।

নির্বাচনে আব্দুল হাই ১৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হলেও তাঁর পরিবারের অভিযোগ, রাজনৈতিক হয়রানির ধকল সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তাঁর শোকসভায় অনুসারী নেতাকর্মীরা শপথ নেন, তাঁর বিরোধিতাকারীদের সঙ্গে কোনো আপস নেই। এর বহিঃপ্রকাশ ঘটেছে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই। এ দ্বন্দ্ব সহসা মিটমাটের কোনো পথ দেখছেন না ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা।

জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু বলেন, শৈলকুপা আওয়ামী লীগের এ দ্বন্দ্ব অনেক পুরোনো। উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেলা আওয়ামী লীগ বসে বিরোধ মীমাংসার চেষ্টা করবে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী বলেন, এ দ্বন্দ্ব ধীরে ধীরে মহাদ্বন্দ্বে রূপ নিয়েছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম বলেন, উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে যারা অবস্থান নিচ্ছেন, তাদের সঙ্গে কোনো আপস নেই।
নৌকার প্রার্থী নায়েব আলী বলেন, হিংসা ও হানাহানির পক্ষে তিনি কোনো দিনই না। তিনি আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, নৌকা যে পাবেন, তাঁর পক্ষেই কাজ করবেন।