স্পোর্টস ডেস্ক
খাদের কিনারায় থাকা মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের কাছে ৪ উইকেটে হেরেছে। এই পরাজয়ে প্লে-অফে খেলার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে দলটির। আর হতাশাজনক হারের পর এবার বড় অংকের জরিমানা গুনতে হচ্ছে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে।
গতকালের ম্যাচে স্লো-ওভার রেটের কারণে মুম্বাইয়ের দলনেতাকে হার্দিককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া ইমপ্যাক্ট ক্রিকেটারসহ বাকি ১১ ক্রিকেটারকে ম্যাচি ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অর্থাৎ বাকিদের ৬ লাখ রুপি করে জরিমানা গুনতে হবে।
এ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় চলতি আইপিএলে দ্বিতীয়বারের মতো শাস্তি পেল মুম্বাই। ফলে তাদের শাস্তি পেতে হয়েছে দ্বিগুণ।
এ বিষয়ে এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ বলছে, ‘৩০ এপ্রিল, ২০২৪-এ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টাটা ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর ৪৮তম ম্যাচে স্লো ওভার-রেটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে। যেহেতু এটি আইপিএলের ন্যূনতম ওভার-রেটের অপরাধ সম্পর্কিত আচরণবিধির অধীনে তার দলের দ্বিতীয় অপরাধ, তাই পান্ডিয়াকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছিল।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইমপ্যাক্ট প্লেয়ারসহ একাদশের বাকি সদস্যদের প্রত্যেককে পৃথকভাবে ৬ লাখ রুপি বা তাদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। হিসেব অনুযায়ী, যেখানে জরিমানা কম আসবে সেটিই কার্যকর করা হবে।’










































