ক্রীড়া প্রতিবেদক
টপ অর্ডার ব্যাটাররা ভালো একটা ভিত গড়ে দিয়েছিলেন। তবে মিডল অর্ডার ব্যাটাররা সেটা কাজে লাগাতে পারেননি। তাতে আশা জাগিয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। অবশ্য মুর্শিদা খাতুনের দৃঢ়তায় লড়াই করার মতো পুঁজি পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে অল আউট হওয়ার আগে ১১৯ রান করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন মুর্শিদা খাতুন।
আজ টস জিতে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই চার হাঁকিয়ে শুরু করা দিলারা আক্তার ভালো শুরুর আভাস দিয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। ৬ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন এ ওপেনার।
তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করছিলেন সোবহানা মোস্তারি। তবে পাওয়ার প্লের শেষ ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ৪ বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর অবশ্য নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু গত ম্যাচে ফিফটি করা অধিনায়ক আজ ব্যর্থ।
জ্যোতি ফেরার পর ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৬৪ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ৬৯ রান তুলতেই হারায় পঞ্চম উইকেট। এরপরই নামে বৃষ্টি। ঘণ্টা খানেক খেলা বন্ধ ছিল। কিন্তু ম্যাচের দৈর্ঘ্য কমেনি।
নতুন করে খেলা শুরু হলেও বাংলাদেশের ব্যাটিংয়ে খুব একটা পরিবর্তন আসেনি। এক প্রান্তে মুর্শিদা দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। মুর্শিদা ৪৯ বলে করেছেন ৪৬ রান।










































