Home জাতীয় তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

0

ঢাকা অফিস।।


রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বিকেলে বাংলাবাজার এলাকা থেকে আশুরার তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি বি কে দাস রোড এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত মিছিলে থাকা ওই যুবককে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়। News


সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, নিহত যুবক তাজিয়া মিছিলের সঙ্গে ছিলেন। কয়েকজন তাকে ধাওয়া করে মিছিল থেকে আলাদা করে নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে গিয়ে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, ঘটনাটির পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।