Home খেলাধুলা লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সার বড় জয়

লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সার বড় জয়

29


স্পোর্টস ডেস্ক

রবার্ট লেভানদোভস্কির হ্যাটট্রিকে সোমবার লা লিগায় ১০ জনের ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের একটু আগেভাগে শিরোপা জয় উদযাপনে বাঁধা হয়ে দাঁড়াতে পেরেছে কাতালান জায়ান্টরা।

লস ব্লাঙ্কোসরা এই মুহূর্তে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে। হাতে রয়েছে আর মাত্র পাঁচ ম্যাচ।

নিজ মাঠে ফারমিন লোপেজের গোলে এগিয়ে যায় স্বাগতিক বার্সেলোনা। স্ট্রাইকার হুগো ডুরোর গেলে সমতায় ফেরার পর পেপেলু স্পট কিক থেকে গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন।

হ্যান্ডবলের কারণে প্রথমার্ধের শেষভাগে ভ্যালেন্সিয়া গোলরক্ষক গিওর্গিও মামারডাশভিলি লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন। বিরতির পরপরই লেভানদোভস্কি বার্সাকে সমতায় ফেরানোর পর ম্যাচের শেষদিকে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।

কাল সারাদিনই বার্সেলোনায় বৃষ্টি হয়েছে, যে কারনে অলিম্পিক স্টেডিয়ামে দর্শকসংখ্যাও খুব বেশী হয়নি। সব মিলিয়ে মাত্র ৩০ হাজার দর্শক কাল মাঠে উপস্থিত ছিল।

আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে টিকে থাকার লড়াইয়ে টেবিলের অষ্টম স্থানে থাকা ভ্যালেন্সিয়া কাল শুরুতেই নিজেদের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে। হুগো ডুরোর ফ্লিক মার্ক-আন্দ্রে টের স্টেগান রুখে দেন।

রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা উইঙ্গার পিটার ফেডেরিকোর শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২২ মিনিটে অবশ্য লিড নেয় বার্সেলোনা। রাফিনহার ক্রস থেকে লোপেজের হেডে বার্সেলোনা এগিয়ে যায়।

স্টেগানের ভুলে দ্রুতই অবশ্য সমতায় ফিরে ভ্যালেন্সিয়া। বক্স থেকে বেরিয়ে এসে একটি লম্বা বল ইন্টারসেপ করতে গিয়ে টার স্টেগান ভুল করে বসেন। এই সুযোগে ডুরো বল নিজের নিয়ন্ত্রনে নিয়ে জালে জড়ালে ২৭ মিনিটে সমতায় ফিরে সফরকারীরা।

পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লাল কার্ড পাওয়া রোনাল্ড আরাউহো ডি বক্সের ভিতর ফেডেরিকোকে ফাউল করলে পেনাল্টি উপহার পায় ভ্যালেন্সিয়া। মিডফিল্ডার পেপেলু ৩৮ মিনিটে স্পট কিক থেকে গোল করে লস চে’দের এগিয়ে দেন।

প্রথমার্ধের ইনজুরি টাইমে ভ্যালেন্সিয়া গোলরক্ষক মামারডাশভিলি বক্সের বাইরে এসে বল নিয়ন্ত্রনে নিতে গেলে তা লামিন ইয়ামালের কাছে চলে যায়। ইয়ামাল মামারডাশভিলিকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যাবার সময় জর্জিয়ান এই গোলরক্ষক হাত দিয়ে বলে স্পর্শ করে বসেন।

ভিএআর রিভিউ দেখে মামারডাশভিলিকে লাল কার্ড দেখানো হয়। তার পরিবর্তে মাঠে নেমেই জমে ডোমিনিক রাফিনহার ফ্রি-কিক সেভ করেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ভ্যালেন্সিয়াকে আর রক্ষা করতে পারেননি।

কর্নার থেকে ৪৯ মিনিটে লেভানদোভস্কির হেডে বার্সেলোনা সমতায় ফেরে। ৮২ মিনিটে আরাউহোর সাহায্যে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন লেভা। পোলিশ এই তারকা স্টপেজ টাইমে নিখুঁত এক ফ্রি-কিকে হ্যাটট্রিক পূরণ করেন।

এবারের মৌসুমে লিগে এটি তার ১৬তম গোল। এই জয়ে বার্সেলোনা প্রতিবেশী জিরোনার থেকে দুই পয়েন্ট এগিয়ে আবারো দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শনিবার তৃতীয় স্থানে থাকা জিরোনা সফরে যাবে কাতালান জায়ান্টরা।

এই ম্যাচে জিততে পারলে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে কাতালান মিনোস জিরোনা।