স্পোর্টস ডেস্ক।।
ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে দাপুটে জয়ের দিনে বড় দুঃসংবাদ পেল চেলসি। ম্যাচের সময় প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক চোট পায় বাজপাখি খ্যাত আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্তিনেজ।
প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এই তারকা গোলরক্ষক। শনিবার (১৭ অক্টোবর) হিল ডিকিনসন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৫তম মিনিটে এভারটন ডিফেন্ডার জ্যারড ব্রান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পান বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।
মাঠেই তাকে ১০ মিনিটের বেশি সময় ধরে চিকিৎসা দেওয়া হয়। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।
সংঘর্ষের পর মার্তিনেজকে কিছুক্ষণ নড়াচড়া না করে পড়ে থাকতে দেখা যায়। দুই দলের চিকিৎসক দল এবং জরুরি চিকিৎসাকর্মীরা দ্রুত মাঠে ছুটে যান। চিকিৎসা চলাকালে মার্তিনেজকে কাঁদতে দেখা যায়। পরে তার স্থলাভিষিক্ত হন বেলজিয়ান তরুন গোলরক্ষক মাইক পেন্ডার্স।
ইতিমধ্যে মার্তিনেজকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার চোটের প্রকৃতি ও শারীরিক অবস্থা নিয়ে চেলসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ম্যাচটিতে ২-০ গোলে এভারটনকে হারিয়েছে চেলসি।











































