Home খেলাধুলা রোনালদোকে জাতীয় দলে চান : ভিতিনহা

রোনালদোকে জাতীয় দলে চান : ভিতিনহা

0

স্পোর্টস ডেস্ক।।

কোচ হোর্হে জেসুস নরওয়ের বিপক্ষে না খেলানোয় আচমকাই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ঘটনার জেরে রোনালদোকে সাময়িক নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। এ ঘটনায় অনেকে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষও দেখছেন। তবে তাঁর সতীর্থ ভিতিনহা তাঁকে দলে চান। পিএসজি মিডফিল্ডারের সাফ কথা, রোনালদো ছাড়া পর্তুগালের ড্রেসিংরুম অসম্পূর্ণ।

রোনালদোকে নিয়ে পর্তুগাল জাতীয় দলের পরিবেশ বেশ উত্তপ্ত। তবে দলের স্বার্থে ভিতিনহার চাওয়া, সবকিছু যেন খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। টিএনটি স্পোর্টসের সঙ্গে আলোচনায় সে আকাঙ্ক্ষাটাই যেন দলের কোচ ও অধিনায়কের কাছে জানিয়েছেন ভিতিনহা, ‘অশান্ত এক আন্তর্জাতিক বিরতি ছিল অনেক বেশি আবেগে ভরা। আমার দিক থেকে আমি কেবল আশা করি, সবকিছু সর্বোত্তম উপায়ে ঠিকঠাক হয়ে যাক। আশা করি, রোনালদো ফিরে আসুক এবং সবকিছু যেন ভালোভাবে হয়। সত্যি বলতে, দলের সকলেই চায় রোনালদো ফিরে আসুক। সব সমস্যার অবসান হোক।’ তবে অশান্তির কারণ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় গত শনিবার পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে তাঁকে সাময়িক নিষিদ্ধ করা কথা জানায়। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। তদন্তে দোষী প্রমাণিত হলে এক থেকে ছয় মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তিনি।

ক্যাম্প ছাড়ার পর দীর্ঘ বিবৃতিতে রোনালদো নিজেও এই শৃঙ্খলা ভঙ্গের কথা স্বীকার করেছেন। এজন্য ফেডারেশনের দেওয়া যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত বলে জানিয়ে ছিলেন। তবে জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৪৬টি গোল করা এই স্ট্রাইকার।

রোনালদোকে নিয়ে এত কিছু হওয়ার পরও এবারের আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশনস লিগে চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে পর্তুগাল। নিশ্চিত করেছে আসরের কোয়ার্টার ফাইনালও। আগামী মাসে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন দলটি।