স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরো উদ্বেগজনক হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে নতুন করে আরো ২৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ১৯৭ জন সরকারি হাসপাতালে এবং ৩৬ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, ২৪ ঘণ্টায় নতুন একজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৭ হাজার ৬৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে ১৬ হাজার ২১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এই বিভাগের মধ্যে খুলনা জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় এখন পর্যন্ত মোট ৬ হাজার ৮০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৩১৬ জন রোগী।










































