Home আঞ্চলিক খুলনা জেলা প্রশাসনের ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নিয়ন্ত্রণে আনে

খুলনা জেলা প্রশাসনের ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নিয়ন্ত্রণে আনে

7

স্টাফ রিপোর্টার।।

খুলনা জেলা প্রশাসন কার্যালয়ের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিটি (সার্ভার) কক্ষে এই আগুন লাগে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সাপ্তাহিক ছুটির দিন শনিবার হওয়ায় জেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। সন্ধ্যার দিকে জেলা প্রশাসনের মূল ভবনের দ্বিতীয় তলার আইসিটি কক্ষ থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পাওয়ার মাত্র ৫-৭ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েই তাদের ৫টি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ৭টার দিকে সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়।

ছুটির দিনে কক্ষটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সার্ভার বা আইসিটি কক্ষের কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং আগুনের মূল সূত্রপাত কীভাবে ঘটেছে, সে বিষয়ে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন তদন্ত করে খতিয়ে দেখছে।