Home খেলাধুলা ‘খুব অন্যায়’—ভারতের দল ঘোষণার প্রতিক্রিয়ায় অশ্বিন

‘খুব অন্যায়’—ভারতের দল ঘোষণার প্রতিক্রিয়ায় অশ্বিন

0

স্পোর্টস ডেস্ক।।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে ও টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রথম ৩ ওয়ানডের জন্য একরকম দল, শেষ দুই ওয়ানডের জন্য আরেক রকম।

কিন্তু ঘোষিত দুই ভাগের দলে নাম নেই যশস্বী জয়সওয়াল ও অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এই দুই ক্রিকেটারের বাদ পড়া নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোড়ন।

ওয়ানডে স্কোয়াড থেকে যশস্বী জয়সওয়ালের বাদ পড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘জয়সওয়ালের বাদ পড়াটা দুর্ভাগ্যজনক এবং হতাশার। জাতীয় দলের জার্সিতে এত রান করার পরও কেন বারবার উপেক্ষিত সেটার যুক্তি খুঁজে পায় না।’

বিশেষ করে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য শেষ দুই ওয়ানডেতে যেখানে অধিনায়ক শুভমান গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে, সেখানে অন্তত যশস্বীর সুযোগ পাওয়া উচিত ছিল বলে মনে করছেন সাবেক ভারতীয় স্পিনার।

অশ্বিন বলেন, ‘এই সিদ্ধান্ত খুব দুর্ভাগ্যজনক এবং অন্যায়। শুভমান গিল যদি শেষ দুই ম্যাচ না খেলেন তাহলে অবশ্যই তাঁর জায়গাটা যশস্বীর পাওয়া উচিত। এটা দুর্ভাগ্য, এতে ওর আত্মবিশ্বাস নড়ে যেতে পারে। বিশেষ করে ও যেভাবে লাগাতার রান করছে।’

নির্বাচকরা যদি ভেবেই থাকেন, যে টেস্টের প্রস্তুতি কথা মাথায় রেখে শেষ দুই ম্যাচে যশস্বীকে রাখাটা ঠিক হবে না, তাহলে সেটাও মস্ত বড় ভুল। বরং ওই দুই ম্যাচ খেলালে ও কিছুটা ম্যাচ প্র্যাকটিস পেয়ে যেত বলে যোগ করেন তিনি।

সেই সাথে বাদ পড়েছে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে তাঁকে বাদ দেওয়া হয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সুযোগ পাননি তিনি। প্রশ্ন উঠছে, জাদেজাকে ২০২৭ বিশ্বকাপের দলে দেখছেন না নির্বাচকরা? বোর্ডের এক কর্তা এক ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েই দিয়েছেন, স্পিনার অলরাউন্ডার হিসাবে বিশ্বকাপের দৌড়ে এগিয়ে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। জাদেজাকে আর ভাবা হবে না। ফলে যা দাড়াল, তাতে হয়তো ভারতের ওয়ানডে জার্সিতে শেষ ম্যাচ খেলা হয়ে গিয়েছে জাড্ডুর।

ভারতের ওয়ানডের দলে কারা কারা আছেন-—————————————————–

প্রথম তিন ম্যাচের দল– শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটকিপার), নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ঈশান কিষাণ (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও কুলদীপ যাদব।

শেষ দুই ম্যাচের দল– শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার/সহ অধিনায়ক), নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।