Home Uncategorized খুলনার আদালতে ঝুলে আছে ৫০ হাজারেরও বেশি মামলা

খুলনার আদালতে ঝুলে আছে ৫০ হাজারেরও বেশি মামলা

40

স্টাফ রিপোর্টার।।


খুলনার বিভিন্ন আদালতের সামনে বিচার প্রার্থীদের ভিড় এখন নিয়মিত। বছরের পর বছর মামলা নিষ্পত্তির অপেক্ষায় আদালত প্রাঙ্গনে ঘুরেছেন মানুষজন। আইনজীবীরা বলছেন, অপ্রয়োজনীয় মামলা, সাক্ষীদের অনাগ্রহ, বিচারক স্বল্পতাসহ নানা কারণে খুলনার বিভিন্ন আদালতে ৫০ হাজারের বেশি মামলার জট তৈরি হয়েছে।

খুলনার ডুমুরিয়া থেকে প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিমাসেই জেলার আদালত চত্বরে আসতে হয় ষাটোর্ধ্ব মোহাম্মদ আলীকে। এক দশকেরও বেশি সময় ধরে তার এই আনাগোনা। কথা হয় মোহাম্মদ আলীর সাথে। তিনি জানান, প্রতিমাসে বাড়ি থেকে আসা যাওয়ায় তার খরচ হয় প্রায় হাজার খানেক টাকা। তার থেকেও বড় কথা এই বয়সে যাতায়ত করাটা হয় অনেক কষ্টের।

তিনি বলেন, প্রতিমাসে কোনো না কোনো কারণে মামলার তারিখ বাড়ানো হচ্ছে। প্রতি তারিখেই আইনজীবীদের টাকা দিতে হয়। এখন অপেক্ষায় আছি কবে রায় হবে।

তার মতো মানুষের সংখ্যা কম নয় এই জনপদে।

খুলনার বিভিন্ন আদালতের সামনে বিচার প্রার্থীদের এমন ভিড় এখন নিয়মিত। আদালতের তথ্য বলছে, জেলা দায়রা আদালত, মহানগর দায়রা আদালত, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালসহ খুলনার ৫৮টি আদালতে ৫০ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে জমি সংক্রান্ত মামলা রয়েছে সবচেয়ে। এই আদালতে মামলার পরিমাণ ১৩ হাজার ৩০০। এর মধ্যে কোনো কোনো মামলার নিষ্পত্তি হয়নি এক যুগেরও বেশি সময় ধরে।

সালাউদ্দীন নামের এক বিচারপ্রার্থী বলেন, আইনজীবীদের অসহযোগিতার কারণে মামলার জট বাড়ছে। তারা ইচ্ছে করেই তারিখ বাড়ায়। প্রতি তারিখে দিতে হয় টাকা। আর অনেক সময় তারা বিবাদী পক্ষের কাছে বিক্রি হয়ে যায়।

অন্যদিকে মামলা জটের কারণ হিসেবে আইনজীবীদের অসহযোগিতার কথা অস্বীকার করে আইনজীবীরা বলছেন, ভুল তথ্য প্রদান, সাক্ষীদের অনাগ্রহ, বিচারক স্বল্পতা মামলা জটের জন্য দায়ী।

অ্যাডভোকেট সৈয়দ তৌফিক উল্লাহ বলেন, আইনজীবীরা কখনো মক্কেলকে অসহযোগিতা করে না। মামলার পরিমাণ এতো বেশি যে, না চাইতেও দীর্ঘ হয়ে যায়। আমরা সব সময় আমাদের সর্বোচ্চ দিয়ে ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করি। আর অনেক সময় ভুল তথ্য প্রদান, সাক্ষীদের অনাগ্রহ, বিচারক স্বল্পতা মামলা জটের জন্য দায়ী।

এদিকে একক ভাবে কাউকে দোষারোপ না করে সবার সমন্বয় প্রয়োজন বলছেন খুলনার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. কে এম ইকবাল হোসেন।
তিনি বলেন, বাদি, আইনজীবী বা বিচারক কাউকে একক ভাবে দোষারোপ করা যাবে না। মামলার জট কমাতে সবার সমন্বয় প্রয়োজন। তাহলেই কমবে মামলার জট।