কয়রা প্রতিনিধি
স্বাবলম্বী করে গড়ে তুলতে কয়রা উপজেলার ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ কর্মহীন নারী ও পুরুষের মাঝে সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্তরে অসহায়দের মাঝে এ সব সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়। এর আগে উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সহকারি জজ মোঃ ফারুক আজমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্ত্রাস দমন ট্রাইবুনালের জেলা জজ রোজিনা আক্তার।
এসময় প্রধান অতিথি জেলা জজ রোজিনা আক্তার বলেন, অসহায় দুস্থ কোন পরিবারকে কিছু খাদ্য সামগ্রী দিয়ে বা আর্থিকভাবে সাময়িক সহযোগিতা করলেও এটি স্থায়ী কোন সমাধান নয়। যতক্ষণ একটি পরিবারকে স্থায়ী আয়ের সুযোগ করে দেয়া সম্ভব না হবে, ততক্ষণ অর্থনৈতিক মুক্তি আসবে না। এই চিন্তা থেকেই আমরা মহিলা জাজেস এসোসিয়েশন সবাই মিলে টাকা সংগ্রহ করে সেলাই মেশিন ও ভ্যান কিনে দিয়ে স্বাবলম্বী করতে চাই। আর পরিবারের একজন নারী যখন উপার্জনক্ষম হয় সেখানে তার অধিকার প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, সরকারের উদ্যোগ নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে একজন উদ্যোক্ততা হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী করা, কোন মানুষ বা কোন পরিবার পিছিয়ে থাকবে না। এ লক্ষ্যে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি সেলাই মেশিনে কাজ করে অর্থনৈতিক প্রার্দুভাব থেকে মুক্ত হয়ে সকলেই স্বাবলম্বী হতে পারবে। তিনি বলেন অন্যদের উচিত এইভাবে অসহায় মানুষের পাশে দাড়ানো। সেই সাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনিকা বিশ্বাস, ম্যাট্রোপলিটন ম্যজিস্ট্রেট শাহীদুল ইসলাম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, কয়রা ইউনিট বারের সভাপতি সুধাংশ কুমার সরদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এ্যাডঃ আঃ রাজ্জাক প্রমুখ। আলোচনা শেষে কর্মহীন মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০ নারীর মঝে ১০ টি সেলাই মেশিন ও ৬ জন পুরুষের মাঝে ৬ টি ভ্যান বিতরণ করেন। ভ্যান পাওয়ার পর স্থানীয় খোকন সানা সাংবাদিকদের বলেন,ঘূর্ণিঝড় আম্পানে সব হারিয়ে অসহায় অবস্থায় দিন কটাচ্ছি।
আজ বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের কাছ থেকে একটি ভ্যান পেয়েছি যা দিয়ে আয় করে পরিবার নিয়ে ভাল থাকতে পারবো। তিনি এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।










































