Home আঞ্চলিক ১১০ বছরেও বয়স্ক ভাতা বঞ্চিত ঝিনাইদহের আমির

১১০ বছরেও বয়স্ক ভাতা বঞ্চিত ঝিনাইদহের আমির

6


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপার ৩নং দিগনগর ইউনিয়নের দিগনগর গ্রামের ১১০ বছর বয়সি মো. আমির হোসেন বিশ্বাস। জাতীয় পরিচয়পত্র মোতাবেক তার বয়স ৯৩ বছর। তার স্ত্রী হামিদা খাতুনের জাতীয় পরিচয়পত্র মোতাবেক বয়স ৮১ বছর। এত দিনেও বয়স্কভাতা জোটেনি এই দম্পতির কপালে। অবশেষে রোববার হামিদা খাতুনের হাতে বয়স্কভাতার কার্ড তুলে দিয়েছেন উপজেলা (শৈলকুপা) সমাজসেবা অফিসার শরিফ উদ্দিন সমুন।
আমির হোসেন দাবি করেছেন, তার বয়স ১১০ বছর। দেশ ভাগের (হিন্দুস্থান-পকিস্তান) কিছুদিন পর তারা সংসার পেতেছিলেন। ৭ মেয়ে বিয়ের পর স্বামীর সংসারে চলে গেছে। ছোট ছেলে অজ্ঞাত রোগে মারা গেছে। কিছু দিন আগে একমাত্র ছেলে আরিফুজ্জামান আত্মহত্যা করেছে। ছেলের বিধবা স্ত্রী এবং দুই ছেলে এক মেয়েসহ ছয়জনের পরিবার এখন আমির হোসেনের কাঁধে। সম্পদ বলতে ভিটে বাড়ি, আর মাঠে মাত্র ১০ কাঠা জমি। তাও আবার বর্গা দেওয়া।

সংকোচের কারণে তারা কারও কাছে হাত পাততে পারছেন না। একসময় গেরেস্থ বাড়ির মতো সবই তাদের ছিল। এখন দু-বেলা খাবারই জুটছে না। প্রতিবেদকের হাত ধরে হতাশার সুরে শুধু বললেন, ‘বাবা আমাদের কেউ নেই।’ সরকারের কোনো সুযোগ মেলেনি। জোটেনি বয়স্কভাতাও।

সরকারের নানা সুযোগ সুবিধা থেকে কেন বঞ্চিত এ পরিবার? এর উত্তর খুঁজতেই রেবিয়ে এলো নোংরা ভিলেজ পলিটিস্কের ভয়াবহতা। শৈলকুপা উপজেলা সমাজসেবা অফিসার শরিফ উদ্দিন সুমন জানান, এলাকার চেয়ারম্যান মেম্বার দলীয় বিবেচনায় (বিএনপির ভোটার হওয়ার কারণে) এতদিন এই বৃদ্ধ দম্পতির নাম তালিকাভুক্ত করেননি। তিনি আরও জানান, সকালে বৃদ্ধ দম্পতি আমির হোসেন বিশ্বাস ও হামিদা খাতুন এসেছিলেন। হামিদা খাতুনের হাতে বয়স্কভাতার কার্ড তুলে দেওয়া হয়েছে। তবে আমির হোসেনের ভাতা আপাতত হচ্ছে না। সার্ভার সমস্যা থাকায় এনআইডি (জাতীয় পরিচয়পত্র) যাচাই বাছাই করা যাচ্ছে না। সে কারণে আমির হোসেনের ভাতা এখনই হচ্ছে না। আসছে দুই মাসের মধ্যে হবে বলে তিনি জানান।

এদিকে বিএনপি করার কারণে ভাতা দেওয়া হয়নি, এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. জিসান পারভেজ শিমুল বলেন, সমাজের মাতব্বররা যেভাবে বলেন সেভাবে ভাতার কার্ড দেওয়া হয়ে থাকে। দলীয় বিবেচনায় কার্ড দেওয়ার অভিযোগ সঠিক নয়।

প্রাপ্ত তথ্য মতে, বয়স্কভাতা প্রাপ্তির ক্ষেত্রে পুরুষের বয়স ৬৫ বছর এবং নারীর ৬২ বছর হওয়া বাঞ্ছনীয়। প্রতি মাসে বর্তমানে অসচ্ছল বয়স্ক নারী পুরুষকে ৬০০ টাকা করে ভাতা দেওয়া হয়। শৈলকুপা উপজেলা পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে ভাতাভোগীর সংখ্যা বাইশ হাজার ১০ জন। আর দিগনগর ইউনিয়নে ভাতা দেওয়া হচ্ছে এক হাজার ২২৩ জনকে।