কয়রা প্রতিনিধি
রমজান শুরুর আগেই খুলনার কয়রা উপজেলার প্রতি এলাকায় দেখা যেত জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের। উপজেলা পরিষদ নির্বাচনে দলের নেতারা প্রার্থী হবেন– এ আশায় গণসংযোগ করে গেছেন তারা। জামায়াত নেতাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ধরে নির্বাচনী ছক কষছিলে আওয়ামী লীগ নেতারা। তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসার আগেই জামায়াত কেন্দ্রীয়ভাবে এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এতেই সব হিসাবনিকাশ পাল্টে গেছে। এখন আওয়ামী লীগ নেতাদের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী কয়রায় ভোট গ্রহণ হবে ২৯ মে। চতুর্থ ধাপের এ নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ মে। যাচাই-বাছাই ৫ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। পরদিন হবে প্রতীক বরাদ্দ।
সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৩৬ জন। আগের পাঁচটি উপজেলা পরিষদ নির্বাচনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চেয়ারম্যান পদে এখানে জামায়াতের প্রার্থী দুইবার নির্বাচিত হয়েছেন। একবার করে জিতেছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থী। সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের উপজেলা সভাপতি জি এম মোহসীন রেজাকে হারিয়ে জয়ী হন বিদ্রোহী প্রার্থী ও উপজেলা যুবলীগ সভাপতি এস এম শফিকুল ইসলাম। গত নির্বাচনেও জামায়াত অংশ নেয়নি।
স্থানীয় সূত্র জানায়, জামায়াত গত নির্বাচনে অংশ না নেওয়ায় তাদের ভোটের বড় অংশ পেয়ে জয়ী হন শফিকুল ইসলাম। এবার জামায়াতের প্রার্থীরা অংশ নিতে পারেন– এমন সম্ভাবনায় তিনি দ্বিধায় পড়েছিলেন বলে ঘনিষ্ঠ সূত্র জানায়। তবে তপশিল ঘোষণার আগমুহূর্তে জামায়াত নির্বাচন বর্জন করায় তিনি প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন।
একই সঙ্গে মাঠে রয়েছেন গতবারের পরাজিত প্রার্থী জি এম মোহসীন রেজা। একই দলের নবীন নেতা অনাদি সানাও প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মুস্তাফিজুর রহমান কিছুদিন প্রচারণা চালিয়েছিলেন। তিনি এখন আর প্রচারে নেই। আওয়ামী লীগ সূত্র জানায়, এবার মূলত লড়াই হবে দ্বিমুখী। শফিকুল ইসলামের সঙ্গে মোহসীন রেজার লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি।
সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াত কর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে প্রচারে নামেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দলের নেতা মুস্তাফিজুর রহমানকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে দু’জনের ছবিসহ প্রচার চালানো হয়। রোজার আগে প্রতিটি এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে আলোচনা করেছেন তারা। একই সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীরাও পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে গেছেন। জামায়াত কর্মীরা থেমে গেলেও আওয়ামী লীগ কর্মীরা বিভক্ত হয়ে প্রচারে রয়েছেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, তাদের বড় অংশই দলের উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহসীন রেজার পক্ষে সক্রিয় রয়েছেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সঙ্গে রয়েছেন যুবলীগের কর্মীরা। তারা জামায়াত ও বিএনপিপন্থি ভোটারদের সমর্থন নেওয়ার চেষ্টা করছেন। এবার তাঁর জনপ্রিয়তা অনেকটাই পড়তির দিকে। পাড়া-মহল্লার বিভিন্ন আলোচনায় বিষয়টি উঠে এসেছে। তা ছাড়া জামায়াত ও বিএনপির সমর্থকরাও এবারের ভোট নিয়ে তেমন আগ্রহী নন। যে কারণে দলীয় ভোটারদের ওপরই নির্ভর করবে এবারের জয়-পরাজয়। নতুন প্রার্থী হিসেবে অনাদি সানার পক্ষে দলের গুরুত্বপূর্ণ কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। মূলত সাধারণ ভোটারের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন তিনি।
জামায়াতের ভোট বর্জনের ঘোষণায় চিন্তিত নন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি এস এম শফিকুল ইসলাম। তিনি বলেন, জামায়াতের প্রার্থীর ভোট বর্জনের ঘোষণায় লাভ-ক্ষতির কিছুই নেই। সাধারণ মানুষ যাঁকে সমর্থন করবেন, তিনিই জয়ী হবেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মোহসীন রেজা বলেন, যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে দলের নেতাকর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধ। সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন নিয়ে এবারের নির্বাচনে বিজয়ী হওয়ার আশা করছেন তিনি।











































