Home আঞ্চলিক দাকোপে তাপদাহে নাজাল দিনমজুর শ্রমিকরা

দাকোপে তাপদাহে নাজাল দিনমজুর শ্রমিকরা

97


মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)।।
খুলনার দাকোপ উপজেলায় গ্রামাঞ্চলে তরমুজ বিক্রয়ে ব্যস্ত সময় পার করছে চাষীরা অপরদিকে প্রচন্ড তাপদাহে নাজাল দিনমজুর শ্রমিকরা। প্রচন্ড গরমেও দাকোপের কৃষক পরিবার ঘরে বসে নেই। নারী ও শিশুদের নিয়ে কাজে নেমে পরেছে। একটু যেন বিরাম নেই। এলাকা ঘুরে জানা যায় গত কয়েক বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর কৃষকরা তরমুজ চাষে বেশী আগ্রহী হয়েছে ফলে এলাকায় এবার ব্যাপক তরমুজ চাষ হয়েছে। দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় জেলার মোট উৎপাদিত তরমুজের ৭০ শতাংশ দাকোপ উপজেলায় উৎপাদিত হচ্ছে। গত বছর এ উপজেলায় ৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। এ বছর ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। গত বছর এ উপজেলার উৎপাদিত তরমুজ ৫৩৬ কোটি টাকায় বিক্রি হয়। এবার ১ হাজার ১৮৪ কোটি টাকার তরমুজ বিক্রি হবে বলে ধারণা করা হয়েছে। দাকোপ উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম বলেন গত কয়েক বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর কৃষকরা বেশী তরমুজ চাষে ঝুঁকেছেন। আমন ধান কাটা শেষ হতে না হতেই এবার তরমুজ চাষিরা জমি চাষাবাদ করে বীজ বপন করে ব্যাপক তরমুজ চাষ করেছে। দাকোপের সকল গ্রাম ঘুরে দেখা গেছে কৃষকরা মাঠে তরমুজ তুলার কাজ করছে। মাঠের পর মাঠ চাষাবাদ করা তরমুজ বিক্রয়ের কাজ করছে। এ কাজ করতে ঘরের নারী ও শিশুরাও বসে নেই। তারাও পুরুষের পাশাপাশি কাজ করছে। কেউ মাঠে তরমুজ তুলছে কেউ গাড়িতে করে তরমুজ টানার কাজ করছে কেউ বা গাড়ি থেকে তরমুজ ওঠানামার কাজ করছে আবার কেউ ট্রলারে তরমুজ তুলছে। এলাকার হাজার হাজার শ্রমিক এই কাজে দিন-রাত সময় পার করছে। মোট কথা তরমুজকে কেন্দ্র করে এলাকার হাজার হাজার নারী – পুরুষের কর্মসংস্থার ব্যবস্তা হয়েছে। তবে প্রচন্ড তাপদাহের কারণে শ্রমিকরা কাজ করতে গিয়ে বিপাকে পড়েছে।

মহিলা শ্রমিক নীলা সরকার বলেন এতো গরমে কি কাজ করা যায়। পেটের দায়ে প্রচন্ড তাপের মধ্যেও আমাদের কাজ করতে হচ্ছে। একই কথা বলেন গাড়ি থেকে ট্রলারে তরমুজ নামাতে গিয়ে চন্দন সরকার তিনি বলেন প্রচন্ড তাপ প্রতিদিন ৪০ ডিগ্রি ৪১ ডিগ্রি ৪২ ডিগ্রি তাপ বাড়ছে আমরা কাজ করতে গিয়ে খুবই সমস্যায় পড়ছি। তারপর কাজ না করে কি করবো রাত পোয়ালেই সমিতির কিস্তি ছেলে- মেয়ের লেখা-পড়ার খরচ এরপর সংসারের বাজার খরচ সব মিলিয়ে ভাই আমরা শ্রমিকরা আছি মহাবিপদে। এছাড়া সকল এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সারা বাংলাদেশ থেকে ব্যাপারীরা এসে দাকোপের তরমুজ কিনে নিয়ে দেশের বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছে। বাজুয়ার তরমুজ চাষী সুপদ বলেন, এ বছর ১০ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। বীজ ও সারের দাম অনেক বেশী থাকায় গত বছরের তুলনায় এ বছর খরচ বেশী হয়েছে। তিনি আরও বলেন, গত বছর এক কৌটা বিঘ ফ্যামিলি বীজ ক্রয় করেছি দুই হাজার ৭’শ টাকায় এ বছর ওই পরিমান বীজ কিনেছি ৩ হাজার ৩৫ শত টাকায়। গত বছর এক বস্তা টিএসটি সার কিনেছি ১১’শ টাকায় এ বছর ওই সার কিনতে হয়েছে এক হাজার ৫’শ টাকায়। তিনি আরো বলেন প্রথম দুই তিনদিন তরমুজ ক্ষেত বেশি দামে বিক্রয় হলেও এখন তরমুজের দাম অনেক কম বলছে। একই গ্রামের নীলকমল রায় বলেন আমি ৬ বিঘা তরমুজ ক্ষেত বিক্রয় করেছি ৫ লক্ষ টাকা এখন বাকি ক্ষেতের দাম অনেক কম বলছে হঠাৎ করে ব্যাপারীরা তরমুজের দাম কমিয়ে দিয়েছে বলছে মোকামে দাম কমে গেছে। কৈলাশগঞ্জ গ্রামের আজাদ খান বলেন, ৫ জমিতে তরমুজ চাষ করেছি। তিনি আরো বলেন, গত বছর ১০ বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলাম। গত বছর তরমুজের ভাইরাসে ফলন না হওয়ায় এ বছর কম চাষ করেছি। ব্যাপারীরা তরমুজের দাম কম বলছে ভাবছি সরাসরি মোকামে নিয়ে যাবো। বানিশান্তা এলাকার টিএ ফারুক গ্রামের তরমুজ চাষী প্রশান্ত মন্ডল বলেন আমার ৩ বিঘা তরমুজ ক্ষেত ব্যাপারীরা প্রথমে ২ লক্ষ ৫০ হাজার টাকা বলেছিল এখন ২ লক্ষ টাকা বলছে তাই ভাবছি তরমুজ মোকামে নিয়ে যাবো।

তিনি বলেন আমার মতো অনেকেই তরমুজ কেটে বাজারজাতের জন্য প্রস্তুুতি নিলেও এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় তরমুজ চাষীরা পড়েছেন মহা-বিপাকে, এ যেন মরার পরে খাঁড়ার ঘাঁ।তরমুজ চাষী নীল কোমল বলেন উপজেলার তিলাডাঙ্গা ইউনিয়নের কেবল মাত্র এক ফসল হিসেবে আমন ধানের চাষ হতো। বছর পাঁচ আগে ওই বিলে অমরেশ গোলদার নামের এক কৃষক তিন বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলেন। এবার এ মাঠেরই প্রায় ২৫ একর জমিতে তরমুজের আবাদ হয়েছে। কিন্তু উপজেলার বিভিন্ন গ্রামের সড়ক পথগুলো ভালো না হওয়ায় সমস্যায় পড়েছে তরমুজ চাষীরা। এলাকার সড়ক পথগুলি দ্রুত সংস্কার করা না হলে আমরা তরমুজ চাষীরা কোটি কোটি টাকা পাওয়া থেকে বঞ্চিত হবো। সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু ব্যবস্থা গ্রহণের দাবী জানায়। তরমুজ চাষীরা বলেন এ উপজেলায় সাধারণত জানুয়ারির শেষ থেকে তরমুজ চাষের মৌসুম শুরু হয়। এদিকে ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় জমির ইজারা মূল্যও গত কয়েক বছরের তুলনায় এবার কয়েক গুণ বেড়েছে। আবার অনেকে বলেন তরমুজ ক্ষেতে প্রয়োজনীয় পানি কৃষক দিতে না পারায় অনেক কৃষকের খেতের ফল ছোট ছোট রয়েছে। বানিশান্তার ঢাংমারী গ্রামের কৃষক রবিন্দ্র নাথ মিস্ত্রী বলেন,গত বছর ৩ বিঘা জমি চাষ করে খরচা বাদে প্রায় দুইলাখ টাকা লাভ করে ছিলাম।

তাই এবার ১৮ বিঘা জমিতে তরমুজের চাষাবাদ করেছি। কিন্তু জমিতে এখন সেচ দেওয়ার মত পানি পাচ্ছি না। ক্ষেতে প্রয়োজনীয় সেচ পানি দিতে না পারায় বিগত বছরের মত ফল বড় না হওয়ায় বেশ চিন্তিত হয়ে পড়েছি। বাজুয়া ইউনিয়নের পশ্চিম বাজুয়া গ্রামের বিধান চন্দ্র মন্ডল বলেন তরমুজ চাষের প্রধান উৎস হলো ক্ষেতে পর্যাপ্ত পানি সরবরাহ করা। আর এ পানি সংকট দেখা দিলে তখন প্রতিটি কৃষকই হতাশ হয়ে পড়েন। তাই তরমুজের জন্য হলেও এ অঞ্চলের নদী-খালগুলো খনন করা দরকার। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আইলায় কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের অনেক জায়গায় এবার তরমুজের আবাদ হয়েছে। বটবুনিয়া গ্রামের কৃষক নিহার রঞ্জন সরকার বললেন, গত বছর তিন বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলেন। এবার সেখানে ৬ বিঘা জমিতে চাষ করেছেন। বিঘাপ্রতি খরচ হচ্ছে ২০ থেকে ২২ হাজার টাকা। এবার ব্যাপক চাহিদার কারণে ইজারামূল্য প্রতি বিঘা ১২ হাজার টাকা পর্যন্ত উঠেছে। ডিজেলের দাম বেশি থাকায় চাষের খরচ বেড়েছে, সার সংকট দেখা আর বীজের দামও বেড়েছে। স্বরুপ কাঠি এলাকা থেকে আসা তরমুজ ব্যাপারি রেজাউল করিম বলেন হঠাৎ মোকামে তরমুজের চাহিদা কমে যাওয়ায় দাম পড়ে গেছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় ক্ষেত থেকে তরমুজ মোকামে নিতে অনেক খরচ তাই আমাদের সকল খরচ বাদ দিয়ে হিসেব করে তরমুজ কিনতে হচ্ছে। তবে বিপণন ও যোগাযোগ ব্যবস্থা ভালো হলে চাষিরা অনেক লাভবান হতো বলে তিনি বলেন।