ক্রীড়া প্রতিবেদক
সরকারিভাবে ঘোষণাটা আগেই এসেছিল। অসহায় ক্রীড়াবিদ, কোচ ও সংগঠকদের সহায়তা দেবে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় ফাউন্ডেশনকে ১০ কোটি টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার অনুদানের এই তথ্য দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘অসচ্ছল ক্রীড়াবিদ, কোচ ও সংগঠকদের জন্য গঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে বঙ্গবন্ধু কন্যা এ অনুদান দিয়েছেন।’ প্রধানমন্ত্রীর এই অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘স্বাধীনতার পরই অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণে এ ফাউন্ডেশনটি গড়েছিলেন সর্বকালের সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতিবিজড়িত এ ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী এই কল্যাণ ফাউন্ডেশনে অনুদান দেওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ প্রধানমন্ত্রীর দেওয়া এই ১০ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে রেখে তার লভ্যাংশ থেকে অসহায় ক্রীড়া ব্যক্তিত্বদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
প্রসঙ্গত, গত ৯ জুলাই বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভায় ১ হাজার ১৫০ জন ক্রীড়া ব্যক্তিত্বকে বছরব্যাপী ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ক্রীড়া ব্যক্তিত্বরা মাসে দুই হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া করোনাকালে খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ায় অসহায় ক্রীড়াবিদদের জন্য নানাভাবে সহায়তা কার্যক্রম চলছে। ফেডারেশনগুলোর কাছ থেকে তালিকা এনে ১ হাজার ক্রীড়াবিদকেও ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এরপর অর্থ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকা বরাদ্দ এনে প্রতিটি জেলা থেকে ৪৫ জন এবং প্রতিটি বিভাগ থেকে ১০ জন করে ক্রীড়া ব্যক্তিত্বকে দেওয়া হয়েছে ৭ হাজার টাকা।
রোমাঞ্চকর জয়ে লিভারপুলের শিরোপা উল্লাস
ক্রীড়া প্রতিবেদক
লিভারপুলের জন্য রাতটা ছিল শুধুই আনন্দের। প্রায় ত্রিশ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি ছোঁয়ার উচ্ছ্বাসের। কিন্তু প্রতিপক্ষ চেলসির জন্য কঠিন পরীক্ষার। উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট পাওয়ার জন্য প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ লন্ডনের কাবটির কাছে। ফলে চ্যাম্পিয়ন লিভারপুলের নিয়মরক্ষার ম্যাচেও দেখা মিলল রোমাঞ্চকর এক লড়াইয়ের।
অলরেডদের শিরোপা উদযাপনের সাজানো মঞ্চে কঠিন পরীক্ষাই নিয়েছে চেলসি। তবে শেষতক জয় পেয়েছে ইয়ুর্গেন কপের শিষ্যরা। ৮ গোলের ম্যাচে ৩-৫ ব্যবধানে হেরে যাওয়ায় ইউসিএল টিকিটের অপেক্ষা আরও বাড়ল ফ্র্যাংক ল্যাম্পার্ডের দলের। লিগে নিজেদের শেষ ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট লাগবে এখন চেলসির। বুধবার রাতের ম্যাচটিতে চেলসিকে নিয়ে শুরুতে রীতিমতো ছেলেখেলা করেছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধেই তারা করে ফেলে তিন গোল, যার একটি শোধ করতে পারে চেলসি। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে চ্যাম্পিয়নরা, চেলসিও করে দুই গোল। কিন্তু প্রথমার্ধে তিন গোল হজম করার মাশুল গুনতে হয়েছে তাদের। ম্যাচে প্রথম গোলের সুযোগটা পেয়েছিল চেলসিই। অষ্টম মিনিটের মাথায় লক্ষ্যভ্রষ্ট হয় ম্যাসন মাউন্টের হেড। ফলে লিড নেয়া হয়নি লন্ডনের কাবটির। তবে সুযোগ হাতছাড়া করেনি চেলসি। ম্যাচের ২৩ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শট নেন নাবি কেইটা, ক্রসবারের ভেতরের অংশে লেগে বল জড়িয়ে যায় জালে। দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় আরও ১৫ মিনিট। এবার দর্শনীয় এক ফ্রি-কিকে স্কোরশিটে নাম তোলেন ট্রেন্ট অ্যালেক্সান্ডার আরনল্ড। দুই গোলে এগিয়ে থাকা লিভারপুলের আনন্দ আরও বাড়িয়ে দেন জর্জিনিও উইজনাল্ডাম, ৪৩ মিনিটের সময় সুযোগসন্ধানী ফিনিশিংয়ে তৃতীয় গোলটি করেন তিনি। তিন গোলে পিছিয়ে পড়া চেলসি প্রথমার্ধের যোগ করা সময়ে শোধ করে একটি গোল। উইলিয়ানের শট ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। ফিরতি বল পেয়ে সেটি জালের ঠিকানায় পাঠিয়ে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার অলিভার জিরুড। ফলে স্কোরলাইন হয় ৩-১। দ্বিতীয়ার্ধে ফিরে এটিকে আরও বাড়ান রবার্তো ফিরমিনো। ৫৫ মিনিটের মাথায় অ্যালেক্সান্ডার আরনল্ডের ক্রসে দারুণ এক হেড করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। ম্যাচের স্কোর তখন ৪-১, তবু চেষ্টার কমতি রাখেনি চেলসি। ফল পায় ৬১ মিনিটের সময়, ট্যামি আব্রাহামের শটে ব্যবধান কমে হয় ৪-২। এর ১২ মিনিট পর চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিচ। জমে ওঠে ম্যাচ। আরেকটি গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে চেলসি। কিন্তু সেটি আর পাওয়া হয়নি তাদের। উল্টো ম্যাচের ৮৪ মিনিটের সময় চেলসির জালে শেষ গোলটি করেন অ্যালেক্স ওক্সল্যাড চেম্বারলিন।
করোনায় আক্রান্ত বিওএর কোহিনূর
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে করোনাভাইরাস বসিয়েছে বড় থাবা। খেলোয়াড়দের পাশপাশি অনেক সংগঠক আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী ভাইরাসে। সবশেষ আক্রান্ত হয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। গত মঙ্গলবার করোনা পরীক্ষা করিয়ে বুধবার জানতে পারেন তিনি ‘পজিটিভ’।
এর আগে বাফুফের দুই সদস্য, অ্যাথলেটিকস ফেডারেশন সাধারণ সম্পাদক এবং বিওএর আরেক উপ-মহাসচিব ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার তালিকাটা লম্বা হলো কোহিনূরের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায়। এই সংগঠক আপাতত বাসাতেই আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছেন।
মিরপুরে পূর্ণাঙ্গ অনুশীলন করলেন মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার বলা হয় মুশফিকুর রহিমকে। করোনার সময় যখন ক্রিকেটাররা ঘরে ফিটনেস নিয়ে কাজ করতে ব্যস্ত, সেই সময় মুশফিক সবার আগে ব্যাট হাতে নেমে পড়েন মাঠে। এর আগে অবশ্য রাজধানীর বেরাইদে অনুশীলন করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। এদিন প্রথম গ্লাভস হাতে উইকেটকিপিং অনুশীলন করেছেন তিনি। এদিন পেসার শফিউল ইসলামের পর অনুশীলন করেন মুশফিক। ব্যাটিং, রানিংয়ের পাশাপাশি কিপিং অনুশীলন করেন তিনি। স্টেডিয়ামে এসেই প্রথমে ইনডোরে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নেন। এরপর বিশ্রাম নিয়ে মিরপুরের মূল মাঠে কিছুক্ষণ রানিং করেন। এরপর আবার বিশ্রাম নিয়ে প্রথমবারের মতো গ্লাভস হাতে নেমে পড়েন মাঠে। বেশ কিছুটা সময় কিপিং করেই অনুশীলন শেষ করেন।
এবার সাকিবের মা করোনায় আক্রান্ত
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটার সাকিব আল হাসানের মা শিরিন রেজা করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে সাকিবের বাবা সৈয়দ মাশরুর রেজা করোনায় আক্রান্ত হন। মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, ‘গত ১৯ জুলাই সাকিবের বাবার করোনা ধরা পড়ে। সতর্কতার জন্য পরদিন তার মায়ের করোনা নমুনা সংগ্রহ করা হয়। তারও করোনা ধরা পড়েছে।’ সাকিবের বাবা ও মা দুইজনই মাগুরার সাহা পাড়ায় নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন। করোনায় আক্রান্ত হলেও দুইজনই শারীরিকভাবে সুস্থ আছেন। জানা গেছে, সাকিবের বাবার করোনার দুই-একটি উপসর্গ থাকলেও মায়ের কোনো উপসর্গ নেই।
আবারও স্থগিত ইউরো টি-টোয়েন্টি
ক্রীড়া প্রতিবেদক
আবারও স্থগিত হয়েছে ইউরো টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্বোধনী আসরটি পিছিয়ে দেওয়া হয়েছে আগামী বছরে। বুধবার ইউরো টি-টোয়েন্টি লিগ স্থগিত করার ঘোষণা দেয় আয়োজকরা।
২০১৯ সালে শুরুর কথা ছিল আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের ছয়টি শহর নিয়ে আয়োজিত হতে যাওয়া নতুন এই ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ। কিন্তু সেবারও এক বছর পিছিয়ে দেওয়া হয় নতুন এই টুর্নামেন্ট। তবে চলতি বছর ইউরো টি-টোয়েন্টি লিগ আয়োজনের ব্যাপারে গত কয়েকমাস ধরে আলোচনাও চালিয়ে যাচ্ছিল আয়োজকরা। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ালো করোনা ভাইরাস।
তার জন্য আবারও এক বছর পিছিয়ে দেওয়া হলো আসরটি। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালে হবে ইউরো টি-টোয়েন্টি লিগ। এই টুর্নামেন্টে খেলার কথা নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান এবং পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মতো তারকাদের।
ঘরের মাঠে ম্যানইউর হার
ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। প্রায় ত্রিশ বছর পর লিগ শিরোপা জিতেছে লিভারপুল। একইসঙ্গে নিশ্চিত হয়ে গেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির পরবর্তী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ। ফলে ইপিএলের সকল আকর্ষণ এখন মূলত ইউসিএলের বাকি দুইটি স্থান নিয়ে।
চ্যাম্পিয়নস লিগে সরাসরি সুযোগ পেতে হলে, থাকতে হবে পয়েন্ট টেবিলের সেরা চারে। সে দৌড়ে এখন রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিস্টার সিটি। শেষের দুই কাবের চেয়ে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ম্যান ইউর সামনে। কিন্তু নিজেদের ঘরের মাঠে জিততে না পারায় এখন অপেক্ষা শেষ ম্যাচের। বুধবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে ম্যান ইউ। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ওয়েস্ট হ্যামের পক্ষে গোল করেন মিকাইল অ্যান্টনিও। দ্বিতীয়ার্ধে ফিরে ৫১ মিনিটের সময় সেটি শোধ করেন ম্যাসন গ্রিনউড। ম্যাচে হয়নি আর কোনো গোল।
ভিয়ারিয়ালের কোচ হলেন উনাই এমেরি
ক্রীড়া প্রতিবেদক
পিএসজি ও আর্সেনালের সাবেক কোচ উনাই এমেরিকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে ভিয়ারিয়াল। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ কাবটি।
কয়েক মাস আগে থেকেই এমেরির সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছিল ভিয়ারিয়াল। তবে চুক্তি স্বাক্ষরের জন্য মৌসুম শেষের অপেক্ষায় ছিল ‘দ্য ইয়েলো সাবমেরিন’রা। বিদায়ী কোচ জাভি কায়েজা’র অধীনে চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। ফলে ইউরোপা লিগের পরবর্তী মৌসুমে খেলবে দলটি। এরপরই এমেরিকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও দু’বছর মিলানের কোচ পিওলি
ক্রীড়া প্রতিবেদক
এসি মিলানের সঙ্গে নতুন করে আরও দু’বছরের চুক্তি করেছেন স্তেফানো পিওলি। ফলে এক সময়ের ইতালিয়ান জায়ান্ট কাবটির হয়ে ২০২২ সাল পর্যন্ত কোচ হিসেবে থাকছেন তিনি।
এর আগে ৫৪ বছর বয়সী পিওলি ২০১৯ সালের অক্টোবরে মিলানের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। যেখানে তার সঙ্গে এই মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি ছিল। তবে সিরিআ লিগে তিন ম্যাচ বাকি থাকতেই মিলানকে পঞ্চম দল হিসেবে উন্নীত করায় এই পুরস্কার পেলেন। পিওলি বলেন, ‘এসি মিলানের যে আস্থা আমি রাখতে পেরেছি, তার জন্য আমি খুশি। এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ, বিশেষ করে সমর্থকদের প্রতি, যাদের আমরা স্টেডিয়ামে মিস করছি। তবে এর মাঝেও তারা আমাদের সমর্থন করে গেছে। ’
ফুটবল কাব কিনলেন সেরেনা
ক্রীড়া প্রতিবেদক
টেনিস তারকা হিসেবেই সেরেনা উইলিয়ামসকে চেনে সবাই। তবে এখন থেকে তার পরিচয়ে যুক্ত হলো নতুন বিশেষণ। সম্প্রতি একটি ফুটবল কাবকে কিনে নিয়েছেন তিনি। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের মেয়েদের ফুটবল টুর্নামেন্ট ন্যাশনাল উইমেন্স সকার লিগে দলটির অভিষেক হওয়ার কথা রয়েছে।
নাটালিয়ে পোর্টম্যানসহ আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে কাবটির মালিকানা কিনে নিয়েছেন। তারকাদের পাশাপাশি দলটির মালিকানায় সেরেনার স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান ও মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়রের নাম রয়েছে। তবে সেরেনাদের এই দলটির অফিশিয়াল নাম এখনো ঠিক করা হয়নি। মোট ১১টি ফ্র্যাঞ্চাইজি ২০২২ মৌসুমে ন্যাশনাল ওমেনস সকার লিগে খেলবে। হলিউড তারকাদের এই দলগুলো মূলত লসঅ্যাঞ্জেলেসভিত্তিক। এই তারকাদের মালিকানায় গঠিত এই ফ্র্যাঞ্চাইজির নাম অ্যাঞ্জেল সিটি।
চার ফুটবলারকে ছেড়ে দেবে রিয়াল
ক্রীড়া প্রতিবেদক
করোনা প্রাদুর্ভাবে আর্থিকভাবে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত কাব রিয়াল মাদ্রিদ। করোনা পরবর্তী মৌসুমের জন্য রিয়ালের দামী ফুটবলার কিনতে হচ্ছে না। এটাও তাদের আর্থিক কাঠামো শক্ত রাখছে। তারপরও করোনায় রিয়ালের ক্ষতি হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ইউরো। যেটা চার-পাঁচজন ফুটবলার বিক্রি করে তুলে নিতে চায় লস ব্লাঙ্কোসরা।
রিয়ালের বিক্রির তালিকায় শুরুতে আছেন জেমস রদ্রিগেজ। বেঞ্চে বসে থাকা রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেলের প্রতি আগ্রহ দেখাচ্ছে না ইউরোপের বড় কোন কাব। বেনজেমার উত্তরসূরী হিসেবে লুকা জোভিককে এনেছিলেন রিয়াল কোচ জিদান। কিন্তু জিদানের একমাত্র ফপ পছন্দ জোভিক। দু’বার করে করোনা সুরক্ষা নীতিও ভেঙেছেন তিনি। রিয়াল জোভিককে তাই ছেড়ে দিতে চায়। এছাড়া রিয়ালের বিক্রির তালিকায় আছেন স্পেনের স্ট্রাইকার মারিয়ানো দিয়াজ। রিয়াল তাকে লম্বা দৌড়ের ঘোড়া মনে করছে না।
আইপিএলে ভার্চুয়াল কমেন্ট্রি
ক্রীড়া প্রতিবেদক
করোনা পরিস্থিতির মধ্যেই আয়োজিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সবকিছু ঠিক থাকলে সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএলের এবারের আসর। তবে খেলা মাঠে হলেও ধারাভাষ্যকারদের নিয়ে বিকল্প ভাবনা আইপিএল কর্তৃপক্ষের। ঘর থেকেই সংশ্লিষ্ট ধারাভাষ্যকারদের দিয়ে ধারাভাষ্য দেওয়ার ব্যবস্থা করতে চাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই।
মূলত মাঠে সীমিত সংখ্যক লোক এনে আইপিএল আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর বিসিসিআই। এমন অবস্থায় ভার্চুয়াল কমেন্ট্রি বা ধারাভাষ্য আসন্ন আইপিএলে নতুন মাত্রা যোগ করতে পারে বলে দাবি করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। সম্প্রতি সেঞ্চুরিয়ান পার্কের একটি লাইভ ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন সঞ্জয় মাঞ্জেরেকার, ইরফান পাঠান। ঘরে বসেই নিজেদের দায়িত্ব নিপুণভাবে সামলেছেন তাঁরা। নিজেদের অভিজ্ঞতা নিয়ে ইরফান বলেছেন, ‘ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স’।
পুলিসিচেই হ্যাজার্ড পেয়েছেন ল্যাম্পার্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রথম মৌসুমে ভালোই ফর্মে আছেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। গতকাল লিভারপুলের বিপক্ষে ৫-৩ গোলে চেলসি হারলেও যুক্তরাষ্ট্রের উইঙ্গার ছিলেন উজ্জ্বল। এক গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেক গোল। নিজের শিষ্যের পারফরম্যান্সে এতটাই মুগ্ধ যে কাবের ইতিহাসের অংশ হয়ে যাওয়া এডেন হ্যাজার্ডের সঙ্গে তাঁর তুলনা টেনেছেন কোচ ফ্র্যাংক ল্যাম্পার্ড।
এ মৌসুমে শুরুতে দলে সুযোগ করে নিতে পারছিলেন না পুলিসিচ। কিন্তু একবার ল্যাম্পার্ডের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে শুরু করার পরই ভাগ্য বদলে গেছে তাঁর। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড লিগের ২৪ ম্যাচে ৯টি গোল করেছেন, সতীর্থদের করিয়েছেন ৪টি গোল। ২০১২-১৩ মৌসুমে চেলসিতে যোগ দেওয়া হ্যাজার্ডের তুলনায় সংখ্যাটি কিছুটা কম। সেবার ৩৪ ম্যাচে ৯ গোলের সঙ্গে ১১টি গোলে সহায়তাও ছিল বেলজিয়ান উইঙ্গারের। চেলসি ক্যারিয়ার জুড়েই এ ধারা বজায় রেখেছিলেন হ্যাজার্ড। গোল করার চেয়ে অন্যদের গোল বানিয়ে দিতেই আগ্রহ বেশি ছিল তাঁর। সে তুলনায় পুলিসিচের গোল ক্ষুধা বেশি।








































