অনলাইন ডেস্ক।।
ইউক্রেনের নৌবাহিনী দাবি করেছে, তারা কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের প্রায় সব রণতরী ডুবিয়ে দিতে বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। যুদ্ধ চলাকালে দুই বছরে তারা এটা করেছে। দেশটির নৌবাহিনীর কর্মকর্তা দিমিত্রো প্লেটেনচুক এ তথ্য জানান। খবর দ্য গার্ডিয়ানের।
প্লেটেনচুক বলেন, সর্বশেষ গত রোববার তারা রাশিয়ার কস্টিয়ানটিন অলসানস্কি জাহাজে আঘাত হানতে সক্ষম হন। জাহাজটি ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে অবস্থান করছিল। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের আগে এ জাহাজ ইউক্রেনেরই ছিল।
রাশিয়ার বেলগোরোদে আরও হামলা চালিয়েছে ইউক্রেন। ওই এলাকার গভর্নর ভিচেস্লাভ গ্লাদকভ বলেন, অন্তত ১৮ লক্ষ্যে রকেট হামলা হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের খারকিভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ প্রেক্ষাপটে ইউক্রেন সরকার প্রতিরক্ষা খাতে বিপুল পরিমাণ অর্থ ঢালছে। তারা দেশের অভ্যন্তরে অস্ত্র তৈরির ওপর জোর দিয়েছে। এ ক্ষেত্রে ২০২৪ সালে ব্যয় করা হবে প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার, যা স্বাভাবিকের চেয়ে ২০ গুণ বেশি। কিরগিস্তান তাদের নাগরিকদের রাশিয়া ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে।









































