বিনোদন প্রতিবেদক।।
পর্দায় বহু প্রেমের গল্প বলেছেন নির্মাতা অরিত্র সেন। তৈরি করেছেন থ্রিলারও। কিন্তু এই প্রথম রাজনৈতিক থ্রিলার পরিচালনা করতে চলেছেন তিনি। নাম ‘জুলি’। এ সিরিজে চমক হিসেবে থাকছেন পাওলি দাম। কারণ, প্রথমবার অভিনেত্রীকে দেখা যাবে এক রাজনীতিবিদের চরিত্রে। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর অরিত্র সেনের নির্মাণে কাজ করতে যাচ্ছেন পাওলি।
কলকাতার শহরের রাজনৈতিক প্রেক্ষাপটে সিনেমার গল্পকে সাজিয়েছেন অরিত্র। অরিত্র বললেন, ‘সমাজের প্রান্তিক শ্রেণি থেকে উঠে আসা একজন নারীর লড়াইয়ের গল্প এটি। জুলি কীভাবে প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে একজন রাজনৈতিক হয়ে ওঠে তা নিয়েই এগোবে গল্প।’
গত বছর অরিত্র পরিচালিত ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিটি দর্শকের পছন্দ হয়। লোকসভা ভোটের দিন আসন্ন। ভোটের বাজারকে মাথায় রেখেই কি রাজনৈতিক থ্রিলারের পরিকল্পনা?
অরিত্র বললেন, ‘একদম নয়। প্রথমত পাওলিকে কেন্দ্রে রেখে দীর্ঘদিন ধরেই একটা কাজরে ইচ্ছা ছিল। পাশাপাশি, পরিচালক হিসাবে ভিন্ন স্বাদের কনটেন্ট তৈরির ইচ্ছা ছিলই। রাজনৈতিক থ্রিলার ঘরানাটাও আমার পছন্দের। সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত। আগামী ২০ মার্চ থেকে শহরে শুরু হবে শুটিং।’
এ সিরিজে পাওলির বিপরীতে একজন তরুণ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন শ্রুতি দাস। পাওলির সঙ্গে সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করবেন গৌরব চট্টোপাধ্যায়। কৌশিক সেন ও সুজপ্রসাদ চট্টোপাধ্যায়কে দেখা যাবে রাজনৈতিকের চরিত্রে।










































