Home খেলাধুলা লেভারকুজেনকে নিয়ে ভাবার সময় নেই: টুখেল

লেভারকুজেনকে নিয়ে ভাবার সময় নেই: টুখেল

35

স্পোর্টস ডেস্ক||

বুন্দেসলিগার বর্তমান পয়েন্ট টেবিলে বায়ার লেভারকুজেনের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন মিউনিখ। তবে এখনো লেভারকুজেনকে নিয়ে ভাবার সময় নেই বলে মন্তব্য করেছেন চাপে থাকা বায়ার্ন কোচ থমাস টুখেল।

জাবি আলনসোর দল লেভারকুজেন প্রথমবারের মত জার্মান লিগের শিরোপা জয়ের পথে রয়েছে। আর সে কারণেই টানা ১২তম বুন্দেসলিগা শিরোপা জয়ের লক্ষ্যপূরণ বায়ার্নের জন্য এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে।

আগামী সপ্তাহে লেভারকুজেন ইউরোপা লিগে খেলবে। বিপরীতে বায়ার্ন বুন্দেসলিগায় তলানির দ্বিতীয় দল মেইঞ্জকে আতিথ্য দেবে। যে কারণে টুখেলের দলের সামনে এই ম্যাচ জিতে লিগ আবহকে আরো একটু উত্তপ্ত করে তোলার সুযোগ আছে।

এ সম্পর্কে টুখেল বলেছেন, ‘লেভারকুজেনের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করা আর নিজেদের স্বপ্ন ছেড়ে দেবার মধ্যে পার্থক্য রয়েছে। বাস্তবতা হচ্ছে পার্থক্যটা অনেক বড়। আমাদের অবশ্যই জয়ী হতে হবে।’

এরপর তিনি বলেন, ‘লেভারকুজেনকে নিয়ে ভাবার সময় নেই। আমরা নিজেদের ভুলেই এই অবস্থানে এসেছি। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা লিগের আশা ছেড়ে দিয়েছি।’

মঙ্গলবার লাৎজিওকে ৩-০ গেলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন। টুখেল বলেন, ‘অবশ্যই এই ফলাফল সাহস ও বাড়তি আত্মবিশ্বাস যুগিয়েছে। আশা করছি আরো কিছু ম্যাচ জিততে পারবো।’