Home Uncategorized ভেনামি চিংড়ি উৎপাদনে আগ্রহ বাড়ছে চাষিদের, রপ্তানিতে নতুন সম্ভাবনা

ভেনামি চিংড়ি উৎপাদনে আগ্রহ বাড়ছে চাষিদের, রপ্তানিতে নতুন সম্ভাবনা

40

স্টাফ রিপোর্টার||
খুলনায় ভেনামি চিংড়ি উৎপাদনে আগ্রহ বাড়ছে চাষিদের। হেক্টর প্রতি বাগদা ও গলদা চিংড়ির তুলনায় ভেনামি চিংড়ি উৎপাদন হয় কয়েকগুণ বেশি। দেশের বাজারে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানিও করা হচ্ছে নতুন প্রজাতির এ চিংড়ি। দেশে নতুন প্রজাতির এ চিংড়ি চাষ নিয়ে সম্ভাবনা দেখছেন চাষি, রপ্তানিকারক ও মৎস্য বিভাগ। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, খুলনায় ২০২১ ও ২০২২ সালে পরীক্ষামূলকভাবে প্রথম ভেনামি চিংড়ি চাষ হয়। ২০২১ সালে পাইকগাছা উপজেলায় এবং ২০২২ সালে পাইকগাছা, বটিয়াঘাটা ও কয়রায় ভেনামির পরীক্ষামূলক চাষ হয়। দুই বছরে ১ দশমিক ৬১ হেক্টর জমিতে পরীক্ষামূলক চাষে ১৩ দশমিক ৮৯৬ মেট্রিক টন ভেনামি চিংড়ি উৎপাদন হয়। এর মধ্যে ১২ হাজার ৬১২ কেজি চিংড়ি বিদেশে রপ্তানি করা হয়। যার মূল্য ৮৮ হাজার ৮২৫ ইউএস ডলার। বাকি চিংড়ি দেশের বাজারে বিক্রি করা হয়। দুই বছর পরীক্ষামূলক চাষের পর মৎস্য অধিদপ্তর বাণিজ্যিকভাবে চাষের অনুমোদন দেয় ২০২৩ সালের ২৯ মার্চ।

বর্তমানে খুলনার ১৫ হেক্টর জমিতে ৫ জন চাষি ভেনামি চিংড়ি চাষ করছেন। উৎপাদন হয়েছে ৭৫ মেট্রিক টন। তবে দেশের বাজারে ভালো দাম পাওয়ায় ওই বছর আর চাষিরা চিংড়ি বিদেশে রপ্তানি করেনি। চলতি বছরের শুরুতে দাকোপ উপজেলার ৪টি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ভিত্তিতে ভেনামী চিংড়ি চাষের প্রস্তাবনা অনুমোদনের জন্য মৎস্য অধিদপ্তরে কাগজপত্র প্রেরণ করা হয়েছে। ভেনামী চিংড়ি চাষীরা জানান, প্রতি হেক্টর ঘেরে বছরে বাগদা চিংড়ি উৎপাদন হয় সাড়ে ৩ মেট্রিক টন আর গলদা চিংড়ি মাত্র ৬০০ কেজি আর ভেনামি চিংড়ি উৎপাদন হয় প্রায় ২০ মেট্রিক টন। বাগদা চিংড়ি চাষে সময় লাগে ৫ মাস ও গলদায় ৭/৮ মাস আর ভেনামি চিংড়ি বিক্রির উপযুক্ত হয় মাত্র ৩ মাসে।

অর্থ্যাৎ একই ঘের বা পুকুরে বছরে অন্তত ৩ বার ভেনামি চিংড়ি চাষ করা যায়। বটিয়াঘাটা উপজেলার শৈলমারী গ্রামে প্রায় ৫ একর জমির ৫টি পুকুরে চলতি বছর ভেনামি চিংড়ি চাষ করে এম ইউ সি ফুডস নামের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের ম্যানেজার তপন বিশ্বাস জানান, প্রতি একরে গড়ে ৪ মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছে। ভেনামি উচ্চ ফলনশীল ও দ্রুত বর্ধনশীল চিংড়ি। বাগদা চিংড়ি বিক্রি যোগ্য হতে ৫/৬ মাস সময় লাগে আর ভেনামি ৩ মাসেই বিক্রি যোগ্য হয়। বাগদা ও গলদা চিংড়ি প্রতি বর্গমিটারে ১২ থেকে ১৫টি চাষ করা যায়, সেখানে পানির উচ্চতা ৬ ফুট থাকলে ভেনামি চিংড়ি ৬০-৭০টি চাষ করা যায়। তিনি বলেন, একই ঘের বা জমিতে অন্য চিংড়ির তুলনায় ভেনামি উৎপাদন হয় অনেক বেশি। প্রতি একরে সর্বোচ্চ ৫ টন চিংড়িও উৎপাদন হয়। তারা একবার চিংড়ি রপ্তানি করেছেন। তবে দেশের বাজারেও ভালো দাম পাওয়া যায়। সে কারণে আর রপ্তানি না করে দেশের বাজারেই বিক্রি করেছেন। প্রতি কেজি চিংড়ি ৭০০ টাকায় বিক্রি করেছেন। চলতি বছর আবার রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।

ভেনামি চিংড়ি চাষের সঙ্গে যুক্ত কর্মচারীরা জানান, একই ঘের বা পুকুরে বছরে ৩ বার ভেনামি চাষ করা যায়। উৎপাদন বেশি হওয়ায় বাগদা ও গলদার চেয়ে এ চিংড়ি চাষ বেশি লাভজনক। এ চিংড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় মারা যায় কম। তারা আরও বলেন, চিংড়ির বেশিরভাগ পোনা, খাবার ও ওষুধ বিদেশ থেকে আনতে হয়। দেশে উৎপাদন করা গেলে চাষের ব্যয় আরও কম হতো। বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবীর বলেন, এ চিংড়ির উৎপাদন বাড়লে দেশের বাজারে সরবরাহ বাড়বে। সেই সঙ্গে রপ্তানির পরিমাণও বৃদ্ধি পাবে। তিনি বলেন, অল্প জমিতে অধিক ঘনত্বে ভেনামি করা যায়। যার ফলে উৎপাদন ব্যয় তুলনামূলক কম হয়। কম দামে ক্রেতার কাছে পৌঁছে দেয়া যায়। সে কারণে ভেনামি চিংড়ি চাষ সম্প্রসারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, প্রতি হেক্টরে ভেনামি চিংড়ি চাষে ব্যয় হয় ৩৫ লাখ ৫০ হাজার টাকা। আর আয় হয় ৪৩ লাখ ১৫ হাজার টাকা। অর্থ্যাৎ লাভ হয় প্রায় ৭ লাখ ৬৫ হাজার টাকা। উপকূলীয় এলাকায় লবণ পানির বাগদা চিংড়ির পাশাপাশি ভেনামি চিংড়ি চাষ সম্প্রসারণ করা গেলে দেশের বাজারে সরবরাহের পাশাপাশি বিদেশে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। কারণ আন্তর্জাতিক বাজারের প্রায় ৬০ ভাগ দখল করে আছে ভেনামি চিংড়ি।

তিনি জানান, চিংড়ির পোনা, খাবার ও ওষুধ ভারত ও থাইল্যান্ড থেকে আমদানি করা হতো। তবে ভেনামি চিংড়ির পোনা উৎপাদনের জন্য খুলনার একটি হ্যাচারিকে অনুমতি দেয়া হয়েছে। খাবার ও ওষুধ এখন দেশেও পাওয়া যাচ্ছে। খুলনায় এখন পর্যন্ত ভেনামি চিংড়ি চাষে কোনো রোগ-বালাই ধরা পড়েনি।-সমকাল