Home Uncategorized খুলনা-মোংলা রেললাইন// উদ্বোধনের চার মাসেও শুরু হয়নি ট্রেন চলাচল

খুলনা-মোংলা রেললাইন// উদ্বোধনের চার মাসেও শুরু হয়নি ট্রেন চলাচল

133

স্টাফ রিপোর্টার।।
খুলনা-মোংলা রেললাইন উদ্বোধনের চার মাস পার হলেও ট্রেন চলাচল শুরু হয়নি। ট্রেনের সময়সূচি, ভাড়া এখনও চূড়ান্ত হয়নি। জনবল নিয়োগ প্রক্রিয়াও আটকে আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সব মিলিয়ে রুটটিতে কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে তা বলতে পারছেন না প্রকল্প কর্মকর্তারা।
রেলপথটিতে আটটি স্টেশন রয়েছে। এর জন্য দরকার প্রয়োজনীয় জনবল। ৫৭৬ জনবলের চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রেললাইনের কাজ শেষ হলেও স্টেশনে আসবাব দেওয়া হয়নি। পুরো প্রক্রিয়া শেষ হলেই ট্রেন চলবে বলে জানান প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।
১ নভেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে ভার্চুয়ালি খুলনা-মোংলা রেললাইন উদ্বোধন করেন। এর আগে ৩০ অক্টোবর খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। এরপর চার মাস পার হয়েছে। কিন্তু এই রুটে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি।
প্রকল্প পরিচালক আনিসুজ্জামান জানান, সবকিছু ঠিক থাকলে চলতি মার্চ মাসের শেষ দিকে এ রুটে বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে মোংলা থেকে খুলনা ও যশোর রুটে যাত্রীবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে।
প্রকল্প অফিস সূত্রে জানা যায়, খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে। ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, দিগরাজ, কাটাখালী, চুলকাঠি, বাঘা ও মোংলায় স্টেশন করা হযেছে। ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৬৪ কিলোমিটার পথ হলেও স্টেশনগুলোর ডাবল লাইন হিসাব করে এই প্রকল্পে রেলপথ বসে ৯১ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টুবরো এবং ইরকন ইন্টারন্যাশনাল। ব্যয় হয়েছে ৪ হাজার ২৬০ কোটি টাকা। এর মধ্যে রেলপথের রূপসা নদীর ওপর ৫ দশমিক ১৩ কিলোমিটার রেলসেতুর কাজ শেষ হয়েছে। ৯ স্থানে নির্মাণ হয়েছে আন্ডারপাস। এরপরও এ রুটে ট্রেন চলাচল শুরু না হওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনার সম্পাদক কুদরত ই খুদা বলেন, রেললাইন উদ্বোধন হয়েছে। অথচ এখনও চালু হয়নি। এতে প্রকল্প-সংশ্লিষ্টদের গাফিলতি রয়েছে কিনা খতিয়ে দেখতে হবে। একইভাবে ক্ষোভ প্রকাশ করেছেন মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভিপি শাহ আলম। তিনি দ্রুত ট্রেন চলাচল শুরু করার দাবি জানান।