Home জাতীয় বেইলি রোডে ভয়াল রাত

বেইলি রোডে ভয়াল রাত

68

খুলনাঞ্চল রিপোর্ট।।

বেইলি রোড আগে থেকেই ব্যাপক পরিচিত। সন্ধ্যা নামলেই তরুণ-তরুণীদের আড্ডায় থাকে মুখরিত। রোডটির আশেপাশে গড়ে উঠেছে বেশ কিছু নামিদামি রেস্টুরেন্ট। রয়েছে আবাসিক ভবন। শিশু থেকে বৃদ্ধ সব বয়সীরা ছুটে আসেন এখানে। তবে বৃহস্পতিবার রাতে পরিণত হয়েছে শোকে। মুহূর্তেই নেমে এসেছে এক বিভীষিকা। রাত ৯টা ৫০ মিনিট। বেইলি রোডের সাততলা এই ভবনটিতে হঠাৎ বিকট শব্দ। ভবনের চারিদিকে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন।

মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো ভবনটি। আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে নিভে যায় ৪৬টি প্রাণ। সাততলা ভবনটির তৃতীয়তলা ছাড়া সব ফ্লোরে ছিল রেস্তারা।
সরজমিন দেখা যায়, উৎসুক জনতার ভিড়। চারিদিকে ধোঁয়া আচ্ছন্ন। ভবনে ছড়িয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখা। ভবনটিতে ঘেরা গ্লাসগুলো ফেটে গুঁড়িগুঁড়ি হয়ে নিচে পড়ছে। সড়কে এম্বুলেন্সের সারি। ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যস্ত আগুন নেভাতে। ভবনে আটকে থাকা মানুষের হাতে হাতে জ্বলছিল মোবাইল ফোনের আলো। আলোর ইশারায় বাঁচার আকুতি জানাচ্ছিলেন তারা। কিছুক্ষণ পর ক্রেনের সাহায্যে ভবনের ছাদে ও সপ্তমতলায় আশ্রয় নেয়া ব্যক্তিদের দফায় দফায় নামিয়ে আনতে থাকেন। ভবনের ভেতর থেকে একের পর এক অচেতন নারী-শিশু ও পুরুষ বের করছেন। আবার কেউ ছিল মৃত। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অসংখ্য স্বজনদের ছুটাছুটি আর আহাজারিতে ভারি ছিল ঘটনাস্থল।
একটির পর একটি এম্বুলেন্স উদ্ধার করা ব্যক্তিদের নিয়ে সাইরেন বাজিয়ে হাসপাতালের দিকে ছুটছে। উপরে আশ্রয় নেয়া ব্যক্তিরা জানাচ্ছেন অবস্থান। ভবনের ভেতর থেকে ভেসে আসছিল চিৎকার-চেঁচামেচি। আশেপাশে বসবাস করা অনেকে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। যেন রাতভর চলছিল শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। সাততলা ভবনটির নিচতলায় মোবাইলের দোকান ও চায়ের চুমুক নামে একটি রেস্টুরেন্ট, দ্বিতীয়তলায় কাচ্চি ভাই রেস্তরাঁ, তৃতীয়তলায় একটি পোশাকের দোকান উপরের তলাগুলোতে ছিল খাবারের দোকান। প্রথম ও দ্বিতীয়তলায় আগুন লাগার পর তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ১টা ৫০ মিনিটে উদ্ধার অভিযান শেষ করে ফায়ার সার্ভিস। রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতা দিয়ে আটকে দেন। তখনও অবস্থান করেছিলেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

সকালের আলো ফুটতেই পোড়া ভবনটির সামনে থেকে ধীরে ধীরে মানুষ কমতে থাকে। ঘটনাস্থলে আসা অনেকে তাদের স্বজনদের খুঁজতে ছুটে যান হাসপাতালে। ভবন থেকে নামিয়ে আনা ব্যক্তিদের চোখেমুখে ছিল আতঙ্ক। অনেকে ভয়ে চোখ খুলতে পারছিলেন না। উপর থেকে ক্রেনে লোক নামার সঙ্গে সঙ্গে কারও স্বজন পেলে বুকে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কাঁদছেন। সুস্থভাবে নেমে আসতে দেখে দাঁড়িয়ে থাকা সবাই চিৎকার করে তাদের অভিবাদন জানাচ্ছিলেন। আবার অনেকে রাস্তার মধ্যে শুয়ে পানি পানি করে বিলাপ করছিলেন। ভয়ে-আতঙ্কে শরীর কাঁপছিল তাদের। কেউ কেউ এই মুহূর্তের কথা বলে হাউমাউ করে কেঁদে দিয়েছেন।

রাত ১২টার সময় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ছুটে আসেন মুক্তা দাস। তিনি পরিবারের দুই সদস্যকে খুঁজছেন আর আহাজারি করছেন। এদিকে-সেদিকে দিগি¦দিক ছুটছেন। মুক্তা দাস বলেন, পপি রায় (৩৮) ও তার মেয়ে আদৃতা রায় (১২) নিখোঁজ রয়েছে। রাত ৮টার দিকে তারা রাজধানীর শান্তিবাগ থেকে কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে এসেছিলেন পপি রায় (৩৮), তার মেয়ে আদৃতা রায় (১২ বছর) ও ছেলে (৮ বছর) সান রায়। ছেলে সান রায়কে খুঁজে পাওয়া গেলেও মা-মেয়েকে খুঁজে পাইনি। আগুনে সান রায় দগ্ধ হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শুরুতে ভবনের নিচতলায় আগুন লাগে। এরপর উপরের দিকে যেতে থাকে। পরে তা মুহূর্তেই ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। ১০-২০ মিনিট পরে ফায়ার সার্ভিসের একের পর এক গাড়ি আসে। কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ক্রেনের মাধ্যমে আটকে পড়া মানুষদের নামিয়ে আনতে থাকে। ভবনের ভেতরে একের পর এক সিলিন্ডার ব্লাস্ট হতে থাকে। যারা এই ভবনে ছিলেন তারা বেশির ভাগই শ্বাসকষ্ট নিয়ে বের হয়েছিলেন। ভবনের ভেতরে-বাইরে ধোঁয়ায় আচ্ছন্ন ছিল।

ভবনটির ভেতর থেকে বেঁচে ফেরা রহিম নামে এক ব্যক্তি রাস্তায় নেমেই হাত-পা ছেড়ে বসে পড়েন। তিনি বলেন, বিকাল পাঁচটায় অফিস শেষ করি। এরপর মতিঝিল থেকে মগবাজারে যান। সেখানে কাজ শেষ করে গ্রাম থেকে আসা এক বন্ধুর ফোন কলে বেইলি রোডে খাওয়ার সিদ্ধান্ত নেন। ঘটনার আধাঘণ্টা আগে সেখানের একটি রেস্টুরেন্টে যাই। কিছুক্ষণ পরে শুনতে পাই বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে। হাতে থাকা ব্যাগ ফেলে রেখে সঙ্গে থাকা বন্ধুকে নিয়ে বের হওয়ার পথ খুঁজতে থাকি। এরমধ্যেই শুরু হয়ে যায় চারিদিকে ছুটাছুটি ও চেঁচামেটি। সিঁড়ি থেকে বেরিয়ে আসার কোনো পথ ছিল না। সেখানেই বিস্ফোরণ হতে থাকে। আমরা নিচের দিকে না নেমে উপরের দিকে আরও অনেকের সঙ্গে উঠতে থাকি। আরও অনেকে সেখানে ছিল। সবাই মোবাইল ফোনের আলো জ্বালাতে থাকি। যেন ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের সহজে দেখতে পারে। আমার সামনেই দু’একজন নিচে লাফিয়ে পড়েছে। পাশে থাকা অনেকে তাদের পরিবারের কাছে শেষবারের মতো ক্ষমা চাইছে, কাঁদছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ক্রেন দিয়ে আমাকে নিচে নামিয়ে আনেন। যখন সিঁড়ি থেকে উপরে উঠতে থাকি তখন দেখি অনেকে চোখের সামনেই সংজ্ঞা হারিয়ে ফেলেন।