স্পোর্টস ডেস্ক।।
শাস্তির খড়গ নেমেই এলো ওয়ানিন্দু হাসারাঙ্গার ওপর। দুই ম্যাচের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন এই লঙ্কান অলরাউন্ডার। ফলে খানিকটা স্বস্তিতে থাকবে বাংলাদেশ, দলে থাকলেও টাইগারদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না লঙ্কান অধিনায়কের।
আম্পায়ারের সাথে অসদাচরণের কারণে শাস্তি পেয়েছেন হাসারাঙ্গা। ডাম্বুলায় গত বুধবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারকে কটুক্তি করেন তিনি৷ ফলে শনিবার এক বিবৃতে তার নিষেধাজ্ঞার কথা জানায় আইসিসি। ওই ম্যাচে একটি‘নো বল’কে কেন্দ্র করে খেপে গিয়ে আম্পায়ারের সাথে তর্ক করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এমনকি ম্যাচের পর সংবাদ সম্মেলনে আম্পায়ারকে অন্য কাজও খুঁজতে বলেছিলেন তিনি। যা ভালোভাবে নেয়নি আইসিসি।
এই ঘটনার কারণেই ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। সাথে দেয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। তবে হাসারাঙ্গা শুধু এই কারণেই নিষেধাজ্ঞার শাস্তি পাননি। আগেও দুই ডিমেরিট পয়েন্ট থাকায়, গত ২৪ মাসে ডিমেরিট পয়েন্ট ৫ হয়ে গেছে তার৷ ফলে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন হাসারাঙ্গা।
এর ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না হাসারাঙ্গা। কেননা আগামী মাসেই (মার্চ) পূর্ণ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হবে যার যাত্রা।
তবে শুধু হাসারাঙ্গা নয়, ওই ম্যাচের এক ঘটনায় আইসিসি শাস্তি দিয়েছে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকেও। আইসিসির শৃঙ্খলাবিধির এক নম্বর ধারা ভঙ্গের অভিযোগ ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। সাথে ১টি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
হাসারাঙ্গা ও গুরবাজ, দু’জনই দোষ শিকার করে ম্যাচ রেফারি ক্রিস বোর্ডের দেয়া শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।










































