স্পোর্টস ডেস্ক।।
গত বিপিএলে অবিশ্বাস্য ফর্মে থাকা শান্ত এবারের আসরে বড্ড অচেনা। ১২ ম্যাচে তার গড় ১৪ রান।
বিপিএলের গত আসরে ভালো খেলে জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করেন এই বাঁহাতি ব্যাটার। ৩৯ দশমিক ৭০ গড়ে ৫১৬ রান করে তিনি ছিলেন টুর্নামেন্টের সফলতম ব্যাটার। সিলেটকে রানার্সআপ করার পথে বড় অবদান ছিল তার।
তাই এবারও শান্তর ওপর একইরকম প্রত্যাশা ছিল সিলেটের। প্লেয়ার্স ড্রাফটের আগেই তাকে গতবারের দল থেকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু দলের প্রত্যাশা বিন্দুমাত্রও প্রমাণ করতে পরেননি তিনি। পারফরম্যান্সটা মোটেও আইকনসুলভ করতে পারেনি শান্ত। চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ বলে ৩৬ রানের ইনিংসই ছিল প্রথম দশ ম্যাচে তার ব্যাটে সর্বোচ্চ। তবে, শেষ ম্যাচে খুলনার বিপক্ষে ৩৭ বলে ৩৯ রান করেন এই ব্যাটার। স্ট্রাইক রেট ৯৩.৫৮। চলতি বিপিএলে এটাই তার সর্বোচ্চ।
অবাক করার মতো তথ্য এবারের বিপিএলে কোনো ছক্কা মারতে পারেননি ২৫ বছর বয়সি এই ব্যাটার। ১২ ম্যাচে স্রেফ ১৪ গড়ে করেছেন ১৭৫ রান। রান সংগ্রাহকের তালিকায় সেরা বিশেও নাম নেই শান্তর। ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দেওয়ার সুযোগ করে দিতে তার ওপর অধিনায়কত্বের দায়িত্ব দেয়নি সিলেট। তবুও নিজেদের সেরাটা দিতে ব্যর্থ বাঁহাতি এই ব্যাটার।










































