স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে ভারত। সিরিজের তিন টেস্ট এরই মধ্যে মাঠে গড়িয়েছে। শুক্রবার রাঁচিতে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। তবে এই টেস্টসহ বাকি আর একটিতে জায়গা হয়নি ভারতের শ্রেয়স আইয়ারের।
দলে না রাখার কারণ বিসিসিআই জানিয়েছে, পিঠের চোটে বিশ্রামে পাঠানো হয়েছে আইয়ারকে। কিন্তু এখন সে দাবি নিয়ে প্রশ্ন উঠেছে।
আইয়ার তখন বলেছিলেন দ্বিতীয় টেস্টে পিঠে ব্যথা করছিল শ্রেয়সের। গত বছর পিঠের সমস্যাই তাকে আইপিএল থেকে ছিটকে দিয়েছিল। তাই সেরে ওঠার জন্য সিরিজের মাঝে ব্যাঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে পাঠানো হয়েছিল।
শুক্রবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বরোদার মুখোমুখি হবে মুম্বাই। পিঠের ব্যথার কথা বলে শ্রেয়স মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে গত মঙ্গলবার জানিয়ে দিয়েছেন, এই ম্যাচে তিনি থাকবেন না। এটা অবশ্য প্রত্যাশিত ছিল। চোটের কারণে জাতীয় দলে যিনি খেলতে পারছেন না, তার রঞ্জি ট্রফিতে খেলার কোনো কারণ নেই।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন পুরো ব্যাপারটাকে জটিল করে তুলেছে। তারা বলছে, জাতীয় ক্রিকেট একাডেমির ক্রীড়া বিজ্ঞান ও মেডিসিন বিভাগের প্রধান নিতিন প্যাটেল বিসিসিআই নির্বাচকদের যে ই-মেইল করেছেন, তাতে আইয়ারকে সুস্থ বলে দাবি করেছেন তিনি।
ইমেইলে প্যাটেল লিখেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের পর নির্বাচকদের কাছে যে প্রতিবেদন পাঠানো হয়েছিল তাতে শ্রেয়স আইয়ার ফিট এবং নির্বাচনের উপযুক্ত ছিল। দল থেকে বের হওয়ার পরও নতুন কোনো চোট পাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।’
ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে ৩৫, ১৩, ২৭ ও ৩৯ রান করেছেন। তখন বলা হইয়েছিল দ্বিতীয় টেস্টের প্রথম বা দ্বিতীয় দিনে পিঠে ব্যথা করছিল আইয়ারের। তবে তৃতীয় টেস্টের দলে খেলার জন্য প্রস্তুত ছিলেন, এটাও বলা হয়েছিল। কিন্তু নির্বাচকেরা বাকি তিন ম্যাচের জন্যই তাকে স্কোয়াডের বাইরে রাখেন।











































