Home আঞ্চলিক খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারীর বিচার শুরু

খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারীর বিচার শুরু

56

স্টাফ রিপোর্টার
প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। সোমবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলামের আদালতে চার্জ গঠন হয়। এর মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হলো।

দুদক থেকে জানা যায়, ২০১২-১৩ থেকে ২০১৫-১৬ অর্থবছরে বিভিন্ন দরপত্র শিডিউল বিক্রি, খেয়াঘাটে ইজারা আদায় ও অননুমোদিত ভ্রমণ ভাতা বাবদ ৪৯ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা আত্মসাৎ করেন সাবেক প্রধান সহকারী মিজানুর রহমান। এ ঘটনায় ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি মিজানকে গ্রেপ্তার করে দুদক। অর্থ আত্মসাতের ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলা করেন।

এর আগে অর্থ আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু হলে মিজান দুই কিস্তিতে জেলা পরিষদের কোষাগারে ১৩ লাখ টাকা ফেরত দেন। ঘটনার সত্যতা পাওয়ায় ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর জেলা পরিষদ থেকে তাকে বরখাস্ত করা হয়।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, চার্জ গঠন শুনানিতে অভিযুক্ত মিজানুর রহমান নিজেকে নির্দোষ এবং দুদকের তদন্ত যথাযথ হয়নি বলে দাবি করেন। এ সময় তদন্ত শুরুর পর দুই কিস্তিতে ১৩ লাখ টাকা ফেরত দিয়ে তিনি নিজেই আত্মসাতে জড়িত থাকার প্রমাণ দিয়েছেন বলে আদালতকে অবহিত করা হয়। এখন মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু হবে।