মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় শিক্ষক ও সুপারভাইজারদের বেতন-ভাতা না দেয়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সিডোপ’ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় মোংলা উপজেলা পরিষদের মূল ফটকে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
এ সময় সিডোপের অন্তর্ভুক্ত ভুক্তভোগী শিক্ষক আইরিন বেগম অভিযোগ করে বলেন, গত বছরের জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ঘর ভাড়া, বেতন, বোনাস ও ট্রেনিংয়ের ভাতা দেয়া হয়নি। এছাড়া মোংলা ও রামপাল উপজেলার ৮০টি স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন সিডোপ সংস্থার নির্বাহী পরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস। এ নিয়ে মোংলা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়েই তারা বকেয়া বেতন-ভাতার পাওয়ার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
এ সময় আরও বক্তব্য রাখেন বেসরকারী উন্নয়ন সংস্থা সিডোপ’র শিক্ষক ও সুপারভাইজার তহমিনা বেগম, নার্গিস আক্তার, সুমনা ও হেলেনা এবং সুপারভাইজার স্বপ্না মন্ডল ও মোঃ শাহাজাহান।
এ বিষয়ে সিডোপের নির্বাহী পরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, যারা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা সিডোপের কেউই নন। তারা শত্রুতা ও ষড়যন্ত্রমূলক এসব করছেন, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।











































