Home আঞ্চলিক খুবি উপাচার্যের সাথে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

খুবি উপাচার্যের সাথে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

43

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে আজ ০৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০.৩০ মিনিটে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উপাচার্য নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে সামনে এগিয়ে নিতে শিক্ষক সমিতির ভূমিকা ব্যাপক। আমরা এখন খুলনা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য পড়াশোনার পাশাপাশি গবেষণায় গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষকদের গবেষণা অনুদান দেওয়া হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার তৈরিতে সম্প্রতি আইসিটি ডিভিশনের সাথে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে একটি থ্রিডি অ্যানিমেশন ল্যাব করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ডিগ্রিগুলোর মান বৃদ্ধিতে বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন অর্জন প্রয়োজন। এক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া পূরণে জোর দেওয়া হচ্ছে। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার এবং বিভিন্ন ডিসিপ্লিনে বিদ্যমান ল্যাবরেটরিগুলোর আইএসও সার্টিফাইড করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ওবিই কারিকুলা সম্পন্ন করতে শিক্ষকরা যেমনি অগ্রণী ভূমিকা রেখেছেন, তেমনি নতুন এই পথচলায় শিক্ষক সমিতির সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। এসময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপাচার্যের বলিষ্ঠ নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়কে ‘স্মার্ট বিশ্ববিদ্যালয়’ হিসেবে গড়ে তুলতে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, শিক্ষক সমিতির পুনর্নির্বাচিত সভাপতি এস এম ফিরোজ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার ও শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অপরদিকে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপ-উপাচার্য ও ট্রেজারার তাঁদের শুভেচ্ছা জানান এবং মেয়াদকালের সাফল্য কামনা করেন।

 

খুবিতে পড়াশোনার পাশাপাশি গবেষণাহবে আরেকটি অঙ্গ : উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ে এপিএ’র আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে সেবাপ্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনের (স্টেকহোল্ডার) সমন্বয়ে অবহিতকরণ সভা আজ ০৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় হবে দেশের মধ্যে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি। এখানে পড়াশোনার পাশাপাশি গবেষণাও আরেকটি অঙ্গ হবে। এজন্য রিসার্চ স্ট্র্যাটেজি প্ল্যান, একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। অতীতের তুলনায় এখন বেশি পরিমাণে বাজেট বরাদ্দ পাওয়া যাচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা অনুদান দেওয়া হচ্ছে। যার ফলস্বরূপ গবেষণা নিবন্ধ প্রকাশের সংখ্যাও বেড়েছে। গত বছর ১২৬৬টি গবেষণা নিবন্ধ দেশ-বিদেশের জার্নালে প্রকাশিত হয়েছে। একটি রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি গড়ে তুলতে যেসব প্রক্রিয়া দরকার তা শুরু হয়েছে। এখানে শিক্ষক-শিক্ষার্থীদের অনুপাত ১:১২ যা বিশ্বমানের।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় এখন পরিবর্তনের ধারার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এখন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে চাই। এজন্য এখানকার শিক্ষাদান পদ্ধতিসহ সবকিছু বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে মিল রেখে করা হচ্ছে। শিক্ষার্থীদের ভর্তি, রেজিস্ট্রেশন, ফলাফল প্রকাশ অনলাইনে হচ্ছে। এখন আমরা ই-সার্টিফিকেট প্রদানের একটি পরিকল্পনা নিতে আগ্রহী। এর পাশাপাশি মাস্টার্সের এডমিশনও অনলাইনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো ক্যাম্পাসে পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই জোনের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থীদের ক্লাস রুম ও আবাসন সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অতীতের তুলনায় ২-৩ বছরে ভৌত অবকাঠামোর কাজে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেবা উন্নত করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে স্মার্ট কার্ড চালু করা হয়েছে। এছাড়া উপাচার্য সফট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় হাইস্পিড ইন্টারনেট ব্যাকবোন, সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম স্থাপন এবং আধুনিক সুবিধা সম্বলিত স্মার্ট ক্লাসরুম তৈরি করার উদ্যোগের বিষয়ও অবহিত করেন।
সভায় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ এ অঞ্চলের মানুষের ত্যাগ-তিতীক্ষার কথা স্মরণ এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও এপিএ টিম লিডার প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। সভায় সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন, ২০২৩-২৪ সম্পর্কিত প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (সংস্থাপন-৩) মো. আব্দুল্লাহ আল মামুন।
সভায় মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কেসিসি উইমেন্স কলেজের শিক্ষক সাবিনা ইয়াসমিন, ঠিকাদার প্রতিনিধি মো. আব্দুল আলীম, আইসিটি সেলের প্রোগ্রামার মো. ফারুক হোসেন, অভিভাবক প্রতিনিধি শেখ রেজওয়ান হোসেন, শিক্ষার্থী প্রতিনিধি রেজওয়ান আহম্মেদ, অর্পা আফরিন মিম ও মো. জাহিদ হাসান। সভা সঞ্চালনা করেন সংস্থাপন-১ শাখার সেকশন অফিসার সোনিয়া আক্তার। সভায় এপিএ’র বিভিন্ন কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত
নিউজ বুলেটিন এর মোড়ক উন্মোচন
খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) এর সাহিত্য ও প্রকাশনা কমিটি কর্তৃক প্রকাশিত নিউজ বুলেটিন এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ ০৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৫টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর মোড়ক উন্মোচন করেন। এ সময় কুআ’র উদ্যোগে প্রথমবারের মতো নিউজ বুলেটিন প্রকাশ করায় সম্পাদকসহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলতে অতীতের ন্যায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুআ’র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও নিউজ বুলেটিনের সম্পাদক প্রফেসর ড. মুন্নুজাহান আরা, সহ-সম্পাদক ড. শেখ তারেক আরাফাত, কুআ’র সদস্য প্রফেসর ড. নাজমুস সাদাত, প্রফেসর ড. মো. নাসিফ আহসান, সহযোগী অধ্যাপক রুমানা রহমান, প্রফেসর ড. মাসুদুর রহমান, সঞ্জয় সাহা, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. শহিদুল ইসলাম, হিমাদ্রী শেখর মন্ডল, টিএম রাফাত রহমান, মাহফুজুর রহমান।