Home খেলাধুলা বর্ষণদের আগুনে ছারখার পাকিস্তানিরা, মুগ্ধ ইয়ান বিশপও

বর্ষণদের আগুনে ছারখার পাকিস্তানিরা, মুগ্ধ ইয়ান বিশপও

43

স্পোর্টস ডেস্ক

নানা সমীকরণ মেলানোর ম্যাচে বাংলাদেশের পেসাররা দুর্দান্ত বোলিং করেন। বিশেষ করে রোহানাত দৌলা বর্ষণের বোলিংয়ের সামনে গতকাল যেন কোনো জবাবই জানা ছিল না পাকিস্তানি ব্যাটারদের। চলতি অনূর্ধ্ব ’১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে গতকাল পাকিস্তানকে ১৫৫ রানে আটকে রাখে বাংলাদেশ। যেখানে ৪ উইকেট নিয়ে দারুণ অবদান রাখেন বর্ষণ। সমান ৪ উইকেট নেন স্পিনার জীবন। বাংলাদেশি পেসারদের বোলিংয়ে মুগ্ধতা প্রকাশ করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ। এবারের আসরে ধারাভাষ্য দিচ্ছেন বিশপ। সেখানে বাংলাদেশি পেসারদের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে টুইটারেও পোস্ট দেন তিনি। বিশপ লেখেন, ‘অনূর্ধ্ব ’১৯ বিশ্বকাপে বাংলাদেশকে দেখছি।

তাদের ফাস্ট বোলাররা যেমনভাবে উন্নতি করেছে তাতে মুগ্ধ না হয়ে পারছি না। মাঠে কি অসম্ভব শক্তিশালী এবং দক্ষ ওরা! আর ওরা কাউকে ভয়ও পায় না।’ দক্ষিণ আফ্রিকার বেনোনিতে গতকাল টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। তাজা ঘাসের ছোঁয়া থাকা উইকেটে মৃধা আঁটসাঁট শুরু করলেও উইকেট এনে দিতে পারেননি দুই পেসার ইকবাল হোসেন ইমন ও মারুফ।
তবে উইকেট না হারালেও স্বস্তিতে ছিলেন পাকিস্তানি দুই ওপেনার। এরপর বর্ষণ বল হাতে নিতেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। নবম ওভারে বল হাতে নিয়ে প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙেন তিনি। নিজের পরের ওভারেই তিনে নামা আজান আওয়াইসকে উইকেটরক্ষক আশিকুর রহমানের ক্যাচ বানান তিনি। গতি ও বাড়তি বাউন্সে পাকিস্তানি ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছাড়েন এই পেসার। ২৪তম ওভারে অফ স্পিনার শেখ পারভেজ হোসেন জীবনের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে ফেরেন ওপেনার শাহজাইব। ৬৭ বলে ২৬ রান করেন তিনি। ৮৯ রানে ৬ উইকেট হারানোর ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়ে পাকিস্তান। সপ্তম উইকেটে ৪৩ রান যোগ করেন আরাফাত মিনহাস ও আলী আসফান্দ। ৩৬তম ওভারে আসফান্দকে ফিরিয়ে জুটি ভাঙেন জীবন। পরের ওভারে উবায়েদ শাহকে বোল্ড করে চতুর্থ উইকেট শিকার করেন জীবন। ৪০তম ওভারে মোহাম্মদ জিশানকে বোল্ড করে জীবনও নেন নিজের চতুর্থ উইকেট। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করে আরাফাত স্টাম্পড হতেই ১৫৫ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। অফ স্পিনার পারভেজ ১০ ওভারে ২৪ রানে নেন ৪ উইকেট। ২ ওভার কম করা বর্ষণেরও শিকার ২৪ রানে ৪ উইকেট।