স্পোর্টস ডেস্ক
বসুন্ধরা কিংসকে তাদেরই মাঠে প্রথম হারের তেতো স্বাদ দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলমান আসরে শীর্ষে থাকা কিংসকে ১-০ গোলে হারায় সাদাকালো জার্সিধারীরা। আর জয়ে শিরোপার লড়াইও জমিয়ে তুলল দলটি। দুই দলের মধ্যে এখন পয়েন্টের দূরত্বটা কেবল ১।
২০২২-২৩ মৌসুমে বসুন্ধরা কিংস অ্যারেনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর থেকে ঘরের মাঠে অপরাজিত ছিল কিংস। সেই অপরাজেয় যাত্রা মোহামেডানের কাছে থামল। একইসঙ্গে লিগে এটি প্রথম হার কিংসের।
এই ম্যাচে দুর্দান্ত গোল করে সকলের নজর কেড়েছেন মোহামেডানের মিনহাজুর আবেদিন রাকিব। ম্যাচে শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও উঠেছে তার হাতেই।
এদিন খেলার ৪০ মিনিটে দর্শনীয় এক গোলে দলকে এগিয়ে দেন মিনহাজুল আবেদন রাকিব। দিয়াবাতের পাস থেকে মাঝ মাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় গোল করেন তিনি। মাঝ মাঠ থেকে বল নিয়ে একাই কাউন্টার অ্যাটাকে ওঠেন রাকিব। বসুন্ধরা কিংসের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় সাদা-কালোরা।
প্রায় দুই বছর এবং ৩১ ম্যাচ পর নিজেদের মাঠে প্রথম হারের মুখ দেখল অস্কার ব্রুজনের দল কিংস।
এদিকে দিনের অপর ম্যাচে শেখ জামাল ধানমন্ডিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনী। ৫২ মিনিটে রাব্বি করেন ১-০। যোগ করা সময়ে নাইজেরিয়ার ফরোয়ার্ড ওজুকো ডেভিড ফেগুর গোলে ২-০। হার দিয়ে শেখ জামালের কোচ হিসেবে শুরু হলো জুলফিকার মাহমুদের। আরেক ম্যাচে ফর্টিস এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন।











































