যশোর অফিস
যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে সরিষা ক্ষেতের পাশে মৌ চাষের ৫১টি বাক্স বসিয়েছেন সুলাইমান হক। এ থেকে তিনি অন্তত দেড় মণ মধু সংগ্রহ করতে পারবেন বলে আশা করছেন।
তিনি জানান, সরিষাক্ষেত থেকে মধু আহরণ করলে পরাগায়ন হয়। এতে সরিষার উৎপাদন বাড়ে। তাই ক্ষেতের মালিকেরাও মৌচাষিদের উৎসাহিত করেন। শুধু সুলাইমান নন, যশোর অঞ্চলের ছয় জেলাতেই ব্যাপকভাবে সরিষাক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ চলছে।
কৃষি বিভাগ এবার ছয় জেলায় সরিষা মৌসুমে ৩৬ হাজার ৪৫৭ কেজি মধু আহরণের লক্ষ্যমাত্রা নিয়েছে। এজন্য মৌমাছির বাক্স বসানোর লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে পাঁচ হাজার ৮৩০টি। প্রতিদিন নতুন নতুন এলাকায় বাক্স বসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কৃষি বিভাগ।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে এ বছর ৯৩ হাজার ২৯৯ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এসব জমির পাশে পাঁচ হাজার ৮৩০টি মৌ চাষের বাক্স স্থাপন করা হয়েছে। বাক্সে থাকা মৌমাছি সরিষা ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহ করছে। এতে সরিষা ফুলের পরাগায়নে সহায়তা হচ্ছে। ফলে একদিকে সরিষার উৎপাদন বাড়ছে, অন্যদিকে অতিরিক্ত হিসেবে মধু পাচ্ছেন কৃষক। সমন্বিত এই চাষে কৃষক লাভবান হচ্ছেন।
গত বছরও এ ছয় জেলায় ৯০ হাজার ৮৫২ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। এসব জমির পাশে পাঁচ হাজার মৌ চাষের বাক্স বসানো হয়। এসব বাক্স থেকে ৩২ হাজার ৭০০ কেজি মধু উৎপাদিত হয়। রবিশস্য সরিষার সঙ্গে মৌমাছি পালন করে মধু চাষ জনপ্রিয় হয়ে উঠছে যশোর অঞ্চলের ছয় জেলায়। এসব জেলায় স্থানীয় মধু চাষির চেয়ে বাইরের মধু চাষিরা মধু সংগ্রহ করে। তবে কৃষি বিভাগ স্থানীয় মধুচাষি বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে। এছাড়া এ বছরই প্রথম সরকারিভাবে যশোরে শতাধিক কৃষককে নয় হাজার ৪০৪টি মৌ বাক্স ও মধু সংগ্রহের সরঞ্জাম দেওয়া হয়েছে।
মৌ-চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি মৌবাক্সের মধ্যে ছয় থেকে আটটি ফ্রেম থাকে। প্রতিটি বাক্সে একটি করে রানি মৌমাছির সঙ্গে রয়েছে ৫০ হাজারের বেশি মৌমাছি। মৌমাছিগুলো প্রায় চার কিলোমিটার দূরে গিয়ে মধু সংগ্রহ করে আনতে পারে। সাধারণত ছয় মাস দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মধু সংগ্রহ করে থাকেন মৌচাষিরা।
সম্প্রতি সদর উপজেলার কচুয়া ইউনিয়নের আবাদ কচুয়া গ্রামে মৌবাক্স বসান বাগেরহাটের মৌচাষি ও মধুসংগ্রহকারী আবদার গাজী। প্রায় দুই মাস ধরে তিনি সেখানে মৌবাক্সগুলো বসিয়ে মধু সংগ্রহ ও বাজারজাত করছেন। তার সঙ্গে দুইজন শ্রমিকও কাজ করছেন।
আবদার গাজী জানান, সপ্তাহে একদিন মৌবাক্স থেকে মধু সংগ্রহ করা হয়ে থাকে। প্রতিটি বাক্স থেকে গড়ে দুই কেজি মধু পাওয়া যায়। ৫০ বাক্স থেকে সপ্তাহে ১০০ কেজি মধু সংগ্রহ করা যায়।
প্রায় এক যুগ ধরে মৌ চাষ ও মধু সংগ্রহ করছেন বাগেরহাটের মোল্লাহাট এলাকার এই মধু সংগ্রহকারী। তিনি আরো জানান, গত বছর ছয় মাসে ৫০ বাক্স থেকে ৩৫ মণ মধু পেয়েছেন। এ বছরও একই পরিমাণ মধু পাবেন বলে আশা তার। ৪০০ টাকা কেজি দরে মধু বিক্রি করেন। এসব মধু ভারতসহ দেশের কয়েকটি কোম্পানির কাছে বিক্রি হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার বলেন, সাধারণত অগ্রহায়ণ ও পৌষ মাসে বেশি পরিমাণে মধু সংগ্রহ করা যায়। মধু চাষের মাধ্যমে মৌচাষিরা যেমন বাড়তি আয় করেন, তেমন পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। যশোর অঞ্চলের ছয়টি জেলার বিভিন্ন উপজেলায় ৩২৪ জন প্রায় চার হাজার মৌ চাষের বক্স স্থাপন করেছেন। এতে প্রায় চার হাজার কেজি মধু উৎপাদন হবে বলে আশাবাদী।
তিনি আরো বলেন, প্রতি বছর চাষি বৃদ্ধিতে আমরা কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকি। এছাড়া এই উৎপাদিত মধু বিক্রি করার জন্য বিভিন্ন কোম্পানিদের সঙ্গে কৃষকদের যোগাযোগ স্থাপন করে কৃষি বিভাগ।
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর পানিসারা-হাড়িয়া মোড়ে আয়োজিত চার দিনব্যাপী ফুল উৎসব শনিবার শেষ হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উৎসব এলাকায় শুক্র ও শনিবার ছিল দর্শনার্থীর ভিড়। গত চারদিনে মেলাকে ঘিরে অন্তত তিন কোটি টাকার বেচাকেনা হয়েছে বলে মেলা সংশ্লিষ্টরা জানান।
সরেজমিন দেখা যায়, উৎসব উপলক্ষে সড়কে বসানো হয় তোরণ। পানিসারা ও হাড়িয়া এলাকায় বিভিন্ন ফুলের খেতে ঘুরে দেখছেন ফুলপ্রেমীরা। উৎসব উপলক্ষে ফুল ক্ষেতগুলোকে দৃষ্টিনন্দন করা, পানিসারা-হাড়িয়া মোড়ে অবস্থিত রেস্টুরেন্টগুলোকেও ফুল ক্ষেতের আদলে রূপ দেওয়া হয়।
নড়াইলের লোহাগড়া থেকে মেলায় আসেন মফিজুর রহমান। তিনি বলেন, ফুল চাষকে কেন্দ্র করে এ এলাকায় যে পরিবর্তন এসেছে, তা এখানে না এলে বুঝতে পারতাম না। এখানে এসে বিভিন্ন ফুল ক্ষেত দেখে ভালো লেগেছে।
সাতক্ষীরার থেকে আগত দর্শনার্থী আবু শাহরিয়ার বলেন, এখানে প্রথমবার এসেছি। তবে আসা-যাওয়ার পথ সরুর কারণে ভিড়ে ভোগান্তি হয়েছে।
ফুলের বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলরাজ্যকে সবার সামনে তুলে ধরতে দ্বিতীয় বার করা হলো এই উৎসব। কর্মসূচির প্রথম দিন ছিল ফুল প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান; দ্বিতীয় দিন নারী ফুল চাষিদের নিয়ে উঠান বৈঠক, প্রামাণ্যচিত্র প্রদর্শন, কৃষক সমাবেশ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার শেষদিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।
কথা হয় পানিসারা-হাড়িয়া ফুল মোড়ের মনোয়ার ফ্লাওয়ার পার্কের ব্যবস্থাপক মো. শাজাহান আলীর সঙ্গে। তিনি বলেন, শুধু শনিবার অন্তত চার হাজার দর্শনার্থী টিকিট কেটে পার্কের ভেতরে ঢুকেছেন। ফুল মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অন্তত দেড় শতাধিক বিভিন্ন ধরনের দোকান।
ফ্লাওয়ার ভিলেজের ব্যবস্থাপক তারেক নেওয়াজ বলেন, ফুল ক্ষেত দেখতে এখানে শুক্রবার অন্তত এক হাজার দর্শনার্থী টিকিট কেটে প্রবেশ করেছেন।
যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের নেতা আব্দুর রহিম বলেন, ফুল উৎসবে এলাকাবাসীর মধ্যে আনন্দ বইছে। উৎসবে ফুল চাষি, ফুল ব্যবসায়ী, ফুলসংশ্লিষ্ট সংগঠনগুলো অংশ নিয়েছে। ২০টি নার্সারি, তিনটি পর্যটন প্যাভিলিয়ন ও ১৬টি স্টল সেজেছে উৎসবের সাজে। পাশাপাশি গড়ে উঠেছে দেশ শতাধিক বিভিন্ন ধরনের দোকান। সব মিলিয়ে গত চারদিনে কমপক্ষে তিন কোটি টাকার হাতবদল হয়েছে মেলাকে কেন্দ্র করে।
ঝিকরগাছা ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, ফুলের বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে ফুলরাজ্যকে সবার সামনে তুলে ধরতে এই আয়োজন করা হয়। এতে ব্যাপক সাড়া পড়েছে এবং ফুল উৎসব সফল বলে মনে করছি।
যশোর আঞ্চলিক কৃষি অফিসের উপপরিচালক সুশান্ত কুমার জানান, ঝিকরগাছার গদখালী অঞ্চলে এক হাজার ২০০ হেক্টর জমিতে ১১ ধরনের ফুল বাণিজ্যিকভাবে চাষ হয়। এ এলাকার ছয় হাজার পরিবারের দেড় লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। প্রতিবছর সাড়ে তিনশ’ কোটি টাকার ফুল উৎপাদিত হয় ঝিকরগাছায়।











































