বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ছিনতাইয়ের নাটক সাজিয়ে মাছ ব্যবসায়ীর ৬ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের ঘটনায় পিকআপচালকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বড়গাওলা এলাকার সুজন বিশ্বাস ও গাওলা এলাকার মোহাম্মাদুল্লাহ শেখ ওরফে বাঁধন।
মামলা থেকে জানা যায়, গত ২৮ জানুয়ারি নাশুখালী বাজারের মাছ ব্যবসায়ী আশিষ কুমার মণ্ডল যশোরের এমএমসি কোম্পানিতে মাছ সরবরাহ করেন। ফেরার পথে পিকআপচালক সুজন বিশ্বাস এমএমসি কোম্পানির পাঠানো টাকা ব্যাংক থেকে তোলেন। তারা ফকিরহাটের ফলতিতা বাজারে পৌঁছালে আশিষ কুমার মণ্ডলের ম্যানেজার রমেনকে ২ লাখ টাকা দেন। বাকি ৬ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে পিকআপ চালিয়ে নাশুখালী বাজারের উদ্দেশে রওনা দেন।
পরে একটি অপরিচিত মোবাইল ফোন নাম্বার থেকে আশিষ কুমার মণ্ডলকে জানানো হয়, পিকআপচালক সুজন কেন্দুয়া জোড়া ব্রিজের কাছে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। তাঁর কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে। আশিষ ঘটনাস্থলে পৌঁছে সুজনকে উদ্ধার করেন এবং থানায় মামলা করেন। টাকা ছিনতাইয়ের ঘটনায় সুজনকেই সন্দেহ হলে তিনি বিষয়টি থানায় জানান। পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ছিনতাইয়ের ঘটনায় সুজনের সম্পৃক্ততার প্রমাণ মেলে। তাঁকে সহযোগিতা করেছেন মোহাম্মাদুল্লাহ শেখ ওরফে বাঁধন।
তিনি ঢাকা থেকে মোল্লাহাট এসে টাকা নিয়ে ফের ঢাকায় চলে যান। সুজনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুরো বিষয়টি স্বীকার করেন। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় বৃহস্পতিবার বাঁধনকে তাঁর ঢাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ছিনতাই করা ৫ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট টাকা উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেপ্তার দু’জনকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।











































