Home আঞ্চলিক মিলনের অবস্থান জানার পরও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ স্ত্রীর

মিলনের অবস্থান জানার পরও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ স্ত্রীর

38
নিহত মিলন হোসেন ও তার স্ত্রী মিমি খাতুন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পদ্মা নদীর চর থেকে মিলন হোসেনের লাশ উদ্ধার হওয়ার পর তার স্ত্রী মিমি খাতুন দাবি করেছেন, পুলিশ তার অবস্থান শনাক্ত করতে পারলেও তাৎক্ষণিকভাবে উদ্ধারে ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, গত বুধবার তার স্বামী নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় তিনি কুষ্টিয়া মডেল থানায় যান। সাধারণ ডায়েরি (জিডি) করার পর মিলনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। কিন্তু সেখানে গিয়ে কোনো তদন্ত করেনি তারা।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত পদ্মার চরে অভিযান চালিয়ে মিলনের লাশের ৯টি টুকরো উদ্ধার করে পুলিশ। লাশের টুকরোগুলো সাতটি ব্যাগে রাখা ছিল।

লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। এ সময় মর্গের সামনে কান্না করছিলেন মিমি। তিনি বলেন, নিখোঁজ হওয়ার পরদিন দুপুর দেড়টা পর্যন্ত আমার স্বামীর ফোন চালু ছিল। আগের দিন সন্ধ্যায় থানায় গেছি। থানায় মিলনের ফোনের লোকেশনও দেখাইছে। আমার স্বামীর লাশ হওয়া পর্যন্ত এরা অপেক্ষা করছিল। গিয়ে যে একটু তদন্ত করবে, তা করেনি পুলিশ।

মিমি আরও বলেন, গত বুধবার সকালে সজল নামে এক যুবকের ফোনকল পেয়ে মিলন শহরের ভাড়া বাসার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর তারা মিলনকে উদ্ধারে সজলের সহযোগিতাও চেয়েছেন। তার হাতে পায়ে ধরেছেন। এমনকি তারা সজলকে টাকা দিতেও চেয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি।

নিহতের শ্বশুর মহিবুল হক অভিযোগ করে বলেন, পুলিশ প্রথমে মিলনকে উদ্ধারে সেভাবে কাজ করেনি। সময় মতো চেষ্টা করলে হয়তো তাকে জীবিত উদ্ধার করতে পারত পুলিশ।

মিলনের বোন সেলিনা খাতুন বলেন, চার বোনের একমাত্র ভাই ছিলেন মিলন। বড় আদরের এই ভাইকে এমন নৃশংসভাবে খুন হতে হবে এটা তারা বিশ্বাস করতে পারেছন না।

তবে পুলিশ বলছে, মিমি খাতুন জিডি করার আগেই মিলনকে হত্যা করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে তারা এমন তথ্যই পেয়েছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এএইচএম আবদুর রকিব গণমাধ্যমকে বলেন, গত ৩১ জানুয়ারি মিলনকে ফোনে ডেকে নেন কয়েকজন। সেদিনই মিলনের স্ত্রী থানায় জিডি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ গণমাধ্যমকে জানান, জিডি করার পরদিনই সজলকে আটক করা হয়। পরে প্রধান অভিযুক্ত সজীবসহ সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নে পদ্মার চর থেকে চারটি গর্ত থেকে সাতটি ব্যাগে ৯-১০ টুকরো করে রাখা মিলনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো অভিযোগ পেলে আমরা গড়িমসি করি না। এক্ষেত্রেও যতদ্রুত সম্ভব কাজ করেছি। জিডি হওয়ার আগেই মিলনকে হত্যার কথা স্বীকার করেছেন অভিযুক্তরা।