Home Uncategorized খুলনাসহ চার জেলায় শিশুসহ একদিনে ৮ অস্বাভাবিক মৃত্যু

খুলনাসহ চার জেলায় শিশুসহ একদিনে ৮ অস্বাভাবিক মৃত্যু

183

স্টাফ রিপোর্টার।।
খুলনার ডুমুরিয়ায় দুই সন্তানকে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যা, কয়রায় নিখোঁজের ৯ ঘণ্টা পর মৎস্য ঘেরের পাড় থেকে শিশুর লাশ উদ্ধার, চুয়াডাঙ্গায় গৃহবধূ, কুষ্টিয়ার বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধারসহ খুলনার চার জেলায় ৮জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা গেছে খুলনা জেলার ডুমুরিয়ায় ৩জন, কয়রায় ১জন, কুষ্টিয়া জেলায় পিতা পুত্র ও ঝিনাইদহে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

ডুমুরিয়া: খুলনায় দুই সন্তানকে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার ১৩নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৪০) এবং তার মেয়ে ফাতেমা (৬) ও ১৭ মাস বয়সি ছেলে ওমর। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালের কোনো এক সময় নিজ বাড়িতে ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডুমুরিয়া থানা ওসি সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

কয়রা: খুলনার কয়রায় নিখোঁজের ৯ ঘণ্টা পর মৎস্য ঘেরের পাড় থেকে খালিদ হাসান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে শিশুটির লাশ পাওয়া যায়। উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর গ্রামের খোকন গাজীর বাড়ির পেছনের মৎস্য ঘেরের পাড়ে পড়েছিল লাশটি। নিহত খালিদ ইউনিয়নের হড্ডা গ্রামের আবুল কালাম দপ্তরির ছেলে। সে কয়েক দিন আগে তাঁর মায়ের সঙ্গে তেঁতুলতলার চর গ্রামে নানার বাড়ি বেড়াতে এসেছিল। শিশুটির নানা খোকন গাজী জানান, শুক্রবার নাতি খালিদ হাসানকে সঙ্গে নিয়ে মসজিদে জুমার নামাজ পড়েন তিনি। বিকেল ৩টার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশে খোঁজাখুঁজি করার পরও না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। নানা আরও জানান, রাত ১২টার দিকে বাড়ির পেছনের মৎস্য ঘেরে লাশ দেখে স্থানীয়রা খবর দেন। পরে সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছেন। তাঁর গলায় দাগ রয়েছে। এটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন তিনি। গ্রামের বাসিন্দা আবু হানিফ গাজী বলেন, ‘শনিবার বিকেল থেকে খালিদকে খুঁজে বেড়াচ্ছি আমরা। রাতে বাড়ির পেছনে পেলাম তাঁর লাশ। পাশে জুতাও ছিল। অথচ বিকেলে বাড়ির পেছনে আমরা কিছুই দেখিনি। কিছুতেই বুঝতে পারছি না, কীভাবে সেখানে লাশ এলো।’ এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ায় ভাড়া বাসা থেকে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা হলেন, রেজাউল করিম মধু (৪২) ও তার ছেলে মুগ্ধ (৭)। মধু শহরের আলফার মোড়ে সোনার দোকানে কাজ করতেন। রেজাউল করিম মধু শহরের আলফা মোড় এলাকার বিষ্ণুপদ রায়ের ছেলে। আট বছর আগে তারা ধর্মান্তরিত হন। পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্র জানায়, ধর্মান্তরিত হয়ে রেজাউল করিম মধু মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল মণ্ডলের মেয়ে শেফালি খাতুনকে বিয়ে করেন। ধর্মান্তরিত হওয়ার আগে তার নাম ছিল মধুসূদন রায়। স্ত্রী অসুস্থ থাকায় বেশ কিছুদিন মধু আলফা মোড়ের বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার দুপুর ১২টার দিকে ছেলে মুগ্ধকে হরেকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার কথা বলে বাড়ি থেকে বের হন রেজাউল করিম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্তানকে নিয়ে ফিরে না আসায় শেফালি তাদের ভাড়া বাসায় আসেন। ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। পরে জানালার ছিদ্র দিয়ে দেখতে পান স্বামী-সন্তান ঘরের মধ্যে একই রশিতে ঝুলে রয়েছে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। মধুর স্ত্রী শেফালি খাতুন জানান, দুপুরে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে বিকেলে বাবার বাড়ি থেকে ভাড়া বাসায় এসে দেখি দরজা জানালা বন্ধ। পরে স্থানীয়রা জানালা ভেঙে দেখে দুজনের মরদেহ ঝুলছে। কী কারণে এমন করেছে তা জানি না। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলেকে হত্যার পর মধু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে সঠিক তথ্য জানানো যাবে।

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর সালমা খাতুন নামে এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের একটি পানবরজ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালমা খাতুন ওই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী। এলাঙ্গী ইউনিয়নের ইউপি সদস্য সাফাউর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন সালমা। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। শুক্রবার একটি পান বরজে তার ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, ধারণা করা হচ্ছে, হত্যার পর মুখে বিষ ঢালা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী তরিকুল, তার আপন দুই ভাই নাজির ও তোরাবসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে হাফিজা খাতুন (৩০) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার মা নার্সিং হোম ক্লিনিকের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত হাফিজা খাতুন ঐ ক্লিনিকে আয়া হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো জানা যায়নি। নিহত হাফিজার এক নারী সহকর্মী জানান, রাতে ক্লিনিকের দ্বিতীয় তলায় হাফিজার সঙ্গে আলাপচারিতা শেষে তৃতীয় তলায় যান তিনি। কিছুক্ষণ পর দ্বিতীয় তলায় এসে হাফিজাকে রক্তাক্ত অবস্থায় দেখেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় হাফিজাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাগবির হাসান বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঐ ক্লিনিক পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।