Home আলোচিত সংবাদ ভারী গোলাগুলির শব্দ, অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি

ভারী গোলাগুলির শব্দ, অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি

41

খুলনাঞ্চল রিপোর্ট
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বান্দরবানের তুমব্রু ও টেকনাফের বিভিন্ন এলাকায় মিয়ানমার অংশে থেমে থেমে ভারী গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে সীমান্ত দিয়ে যাতে নতুন করে অনুপ্রবেশ ঘটতে না পারে সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল থেকে শনিবার ভোর পর্যন্ত বান্দরবানের ঘুমধুম ও টেকনাফ সীমান্তবর্তী শাহপরীর দ্বীপেও ভারী গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আবারও ভয়ভীতি দেখা দিয়েছে।

এসব তথ্য স্বীকার করে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পর তুমব্রু সীমান্তে আবারও মিয়ানমারে ভারী গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। যার কারণে এপারের সীমান্তে বসবাসকারীরা ভয়ভীতির মধ্য রয়েছেন। গুলি ছোড়ার শব্দ শোনার পর জনসাধারণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে সীমান্তের খুব কাছাকাছি বসবাসকারী লোকজনকে আতঙ্কিত না হতে অনুরোধ করা হচ্ছে।’

সীমান্তে বসবাসকারী মানুষদের ভাষ্য, ‘শুক্রবার বিকাল থেকে শনিবার ভোর পর্যন্ত তুমব্রু সীমান্তে থেমে থেমে ভারী গুলিবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন তারা। এ ছাড়া তুমব্রু সীমান্তের ঘুমধুমের বাজার পাড়ায়, বাইশ ফাঁড়িসহ তুমব্রু রাইট এবং টেকনাফের হোয়াইক্যং ও শাহপরীর দ্বীপে নাফ নদীর ওপারে মিয়ানমারের ভেতরে ভারী গুলির শব্দ পাওয়া যাচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্তে বসবাসকারী মানুষ।

এ বিষয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। বিশেষ করে সকাল-সন্ধ্যায় গুলির শব্দ পাওয়া যায়।’

জানতে চাইলে হোয়াইক্যং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বলেন, ‘মিয়ানমার সীমান্তে মর্টারশেলের মতো বিকট গোলাগুলির আওয়াজ দেশের সীমান্তে বসবাসকারীদের মাধ্যমে অবহিত হয়েছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি। তবে সীমান্ত দিয়ে কোনও লোকজন অনুপ্রবেশ করেছে কিনা জানা নেই।’

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সীমান্তের ওপারে যুদ্ধ চলছে। ফলে আমরা (বিজিবি) সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি, যাতে নতুন করে কোনও অনুপ্রবেশ না ঘটে।’

এদিকে গত বুধবার রাখাইনের একটি শহর নিজেদের দখলে নিয়ে নেয় আরাকান আর্মি। এরপর আশপাশের গ্রামে তীব্র গোলাগুলি শুরু হয় বলে সংবাদমাধ্যম ইরাবতী সূত্রে জানা গেছে।

ইরাবতী আরও বলছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) অ্যাম্বুলেন্সে করে আহত ৪১ জন রোহিঙ্গাকে মংডু হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা করার মতো অর্থও তাদের কাছে নেই। এরই মধ্যে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

অসমাপ্ত পড়ে আছে বেড়িবাঁধ মেরামতের কাজ: ৬০ লাখ টাকার কন্ট্রাক্ট পৌনে ৮ লাখে বিক্রি!
নিজস্ব প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় ৬০০ মিটার বেড়িবাঁধের তিনটি স্পটের প্যাকেজ মেরামতকাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। ফলে ভাঙনের শঙ্কার পাশাপাশি জনদুর্ভোগ বাড়ছে। ৬০ লাখ টাকার কাজটি মাত্র ৭ লাখ ৭০ হাজার টাকায় স্থানীয় এক শ্রমিক সরদারের কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। পাঁচ মাস আগে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়। এ অবস্থায় কাজ বন্ধ আছে।

এ ৬০০ মিটার বাঁধের কাজ শেষ হলে প্রায় পাঁচ হাজার লোকের চলাচলের পথ সহজ হবে। কিন্তু কাজ সম্পন্ন না হওয়ায় জনভোগান্তি চরমে পৌছেছে। বাঁধে মাটির কাজ শেষ না হওয়ায় ৪ নম্বর কয়রার ২২০ মিটার সড়ক পাকাকরণ কাজ করতে পারছে না ইউনিয়ন পরিষদ।

কোথাও বাঁধের অর্ধেক স্থানে মাটি ফেলে রাখা হয়েছে। মঠবাড়ি পুলিশ ক্যাম্পের উত্তর পাশে বাঁধের মাটি ধুয়ে চিকন হয়ে গেছে। ওই স্থান দিয়ে পায়ে হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ৪ নম্বর কয়রা লঞ্চঘাট এলাকায় বাঁধে মাটির কাজ শেষে সেখানে প্রায় ১০০ মিটার ধসে বাঁধ নিচু হয়ে পড়েছে। ধসে যাওয়া স্থানে এখনও মাটির কাজ করা হয়নি।

৪ নম্বর কয়রার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, খরচ কমাতে বাঁধের ঢাল থেকে এসকেভেটর দিয়ে মাটি কেটে বাঁধ উঁচু করেছেন শ্রমিকরা। গ্রামবাসি বাধা দিলেও তা উপেক্ষা করেছেন তারা। যে কারণে দুই মাস না যেতেই নির্মাণকাজের মাটি ধসে পড়েছে। বাঁধের ঢালে বালুর বস্তা দেওয়ার কথা থাকলেও না দিয়েই চলে গেছে তারা।

পাউবো সাতক্ষীরা-২ বিভাগ সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরে কয়রা উপজেলার ১৩-১৪/২ নম্বর পোল্ডারের ৪ নম্বর কয়রা লঞ্চঘাটের দক্ষিণ পাশে ২২০ মিটার, একই এলাকার স্লুইস গেটের পাশে ২২০ মিটার এবং মঠবাড়ি পুলিশ ক্যাম্পের পাশে ১৬০ মিটার ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত কাজের উদ্যোগ নেওয়া হয়। যশোর জেলার কেশবপুর এলাকার মেসার্স তানিয়া এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ মেরামত কাজের দায়িত্ব দেওয়া হয়। একটি প্যাকেজে তিনটি স্থানে মোট ৬০০ মিটার বাঁধে মাটি ভরাট ও ঢালে বালুর বস্তা প্লেসিং কাজে চুক্তিমূল্য ছিল প্রায় ৬০ লাখ টাকা। চলতি বছরের ৩০ জুন কাজের মেয়াদ শেষ হলে ঠিকাদারের আবেদনে ফের দুই মাস সময় বাড়িয়ে মেয়াদ ছিল গত ৩০ আগস্ট।

কাজটি ঠিকাদারের কাছ থেকে সাব কন্ট্রাক নেওয়া কয়রা উপজেলার দশহালিয়া গ্রামের শরিফুল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি ৭ লাখ ৭০ হাজার টাকা চুক্তিতে ওই কাজের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু কাছাকাছি মাটি না পাওয়ায় চুক্তি মূল্যে তার পক্ষে কাজ শেষ করা সম্ভব হয়নি। বিষয়টি ঠিকাদারকে জানালে তিনি আরও এক লাখ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু টাকা না দেওয়ায় কাজ শেষ করা যায়নি। এ মুহূর্তে কেশবপুর এলাকার নাছির উদ্দীন নামে এক ব্যক্তি ওই কাজের দায়িত্ব নিয়েছেন।

নাছির উদ্দীন বলেন, কাজটি স্থানীয় একজনকে সাব কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। তিনি সময়মতো কাজ শেষ করতে না পারায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য লুৎফর রহমান বলেন, বাঁধে মাটির কাজ অসমাপ্ত থাকায় সেখানে ইটের সোলিংয়ের কাজ করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে ঠিকাদারকে বলা হলে তিনি মেয়াদ শেষ হয়ে গেছে জানিয়ে কাজ করতে অপারগতা প্রকাশ করেন। পরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাকে জানালে তিনি সব ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু বছর শেষ হলেও অসমাপ্ত কাজ সম্পন্ন করা হয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠান তানিয়া এন্টারপ্রাইজের মালিক আব্দুল মতিন বলেন, কাজের ব্যাপারে সব কিছুই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানেন। এর বেশি কিছু বলার নেই।

পাউবো সাতক্ষীরা-২ বিভাগের উপসহকারী প্রকৌশলী সুমন আলী বলেন, কাজটি সাব কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল কিনা জানা নেই। তবে কাজের মূল ঠিকাদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে চেয়েছেন।

পাউবো সাতক্ষীরা-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসিকুর রহমান বলেন, এ বিষয়ে জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে দেখে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।