Home জাতীয় সরকার সংকটে আছে: মান্না

সরকার সংকটে আছে: মান্না

37

ঢাকা অফিস
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার সম্পূর্ণ সংকটের মধ্য দিয়ে চলছে। দু-একটি দেশ ছাড়া পৃথিবীর অধিকাংশ গণতন্ত্রকামী দেশ সরকারকে বলেছে- ৭ জানুয়ারি সরকার একতরফা ও ক্রটিযুক্ত নির্বাচন করেছে। তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায়।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিপস) আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

ভাগবাটোয়ারার একতরফা নির্বাচন বাতিলসহ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ‘বাংলাদেশ কোন পথে ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মান্না বলেন, নির্বাচনে যারা স্বতন্ত্র হয়ে জয়ী হয়েছে তারা আবার আওয়ামী লীগে ফিরে যেতে চায়। পরিস্থিতি ৭ জানুয়ারির আগে যা ছিল এখন সে রকমই আছে। বরং সরকারের জন্য পরিস্থিতি খারাপ হয়েছে। আমাদের জন্য ভালো হয়েছে।

তিনি বলে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ডলার নেই, আমদানি করা যাচ্ছে না। এমনকি খাদ্যপণ্যও আমদানি করা যাচ্ছে না। সরকার সম্পূর্ণ সংকটের মধ্য দিয়ে চলছে।

মান্না বলেন, নতুন বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, সাত দিনের মধ্যে সিন্ডিকেট বন্ধ করে দেবেন। কই পেরেছেন। সিন্ডিকেট ভেঙেছে! বরং জিনিসপত্রের দাম আরও বেড়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে দেশে একটি নীরব দুর্ভিক্ষ চলছে। দেশে আইন, আদালত, বিচার ব্যবস্থা বলে কিছু নেই। বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। আমাদের এক ভাই যাকে জেলে ১০ ফুট বাই ১০ ফুট রুমে রেখেছে। কনডেম সেলে রাখা হয়েছে। আদালতে এসে বলার সময় পুলিশ মুখ চেপে ধরেছে কথা বলতে দেয় না। আজকে বিরোধী দলের নেতাকর্মীরা যারা জেলে রয়েছে প্রত্যেকের সঙ্গে পৈচাশিক ব্যবহার করা হচ্ছে।
বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, জনগণ রাস্তায় নামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছাড়বে। সময় আছে এখনই ক্ষমতা থেকে পদত্যাগ করেন। দেশের টাকা লুটপাট করে নেওয়া হচ্ছে। জিনিসপত্রের দাম বেশি। সাধারণ মানুষ টিসিবির লাইনে দাঁড়িয়ে থাকে। এতে বোঝা যায় মানুষ কষ্টে আছে। কিছু মানুষ পুঞ্জীভূত হচ্ছে, অনেক টাকার মালিক হচ্ছে। দেশকে বাঁচাতে হলে এই সরকারকে উৎখাত করতে হবে। জিপস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) মহাসচিব কাদের গণি চৌধুরীসহ বিএনপির নেতারা।