Home আঞ্চলিক কালীগঞ্জে শিশু শিক্ষার্থীর চুল উপড়ে দিলেন শিক্ষক, অভিযোগ দায়ের : তোলপাড়

কালীগঞ্জে শিশু শিক্ষার্থীর চুল উপড়ে দিলেন শিক্ষক, অভিযোগ দায়ের : তোলপাড়

47

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
শ্রেণীকক্ষে ব্যাগ থেকে বই বের করতে বিলম্ব হওয়ায় ঝিনাইদহ কালীগঞ্জে ফারহানা খাতুন নামে এক শিশু শিক্ষার্থীর মাথার দুই পাশের চুল উপড়ে দিয়েছেন শিক্ষক। এমন অভিযোগ উঠেছে উপজেলার দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ রতনের বিরুদ্ধে। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে নির্যাতিত শিক্ষার্থীর বাবা জিল্লুর রহমান কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ দিকে শিশু শিক্ষার্থীর ওপর এমন নির্মম নির্যাতন চালানোর জন্য এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

অভিযোগে শিশু শিক্ষার্থীর বাবা উল্লেখ করেছেন,তার মেয়ে শিশু শ্রেণির একজন ছাত্রী। বুধবার শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়ে নিজ ব্যাগ থেকে পাঠ্যবই বের করতে তার মেয়ে বিলম্ব করে। এতে পাঠদানকারী শিক্ষক আবুল কালাম আজাদ রতন তার ওপর ক্ষিপ্ত হয়ে দুই কানের উপর থাকা চুল ধরে উচু করে রাখেন কিছুক্ষণ। এক পর্যায়ে এক গুচ্ছ চুল ছিড়ে ওই শিক্ষার্থী মাটিতে পড়ে যায়।

শিশু শিক্ষার্থীর বাবা জানান, তার মেয়েকে সামান্য কারণে অমানুষিক নির্যাতন করেছেন রতন স্যার। আবার নির্যাতনের পর মেয়ের হাতে ৫ টাকা দিয়ে ওই শিক্ষক বিষয়টি কাউকে না বলার জন্য বলে। এমন নির্যাতন করলে শিশুরা স্কুলের প্রতি আগ্রহ হারাবে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আবুল কালাম আজাদ রতন বলেন, ওই মেয়েটাকে আমি অনেক স্নেহ করি। মেয়েটাকে আদর করতে যেয়ে তার চুলে একটু টান লেগে এমনটা হয়েছে। তাছাড়া সামাজিক দ্বন্দের কারণে আমার নামে এমন অভিযোগ করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হাসান বলেন, এমনটি কোন শিক্ষকের কাছ থেকে কাম্য নয়। তিনি বলেন, অভিযোগ পেয়ে ইতিমধ্যে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলেছেন। আগামী রবিবার নিজে বিদ্যালয়টিতে যাবেন এবং অভিযোগের সত্যতা মিললে অবশ্যই ব্যবস্থা নিবেন।