Home আঞ্চলিক পিঙ্ক আর হলুদরঙা ফুলকপি নিয়ে হাজির আমিন উদ্দিন

পিঙ্ক আর হলুদরঙা ফুলকপি নিয়ে হাজির আমিন উদ্দিন

69

 

শহিদুল ইসলাম দইচ যশোর।।
সবজি নিয়ে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা কৃষক মো. আমিন উদ্দিন (৪৩) এবার চাষ করেছেন নয়া দুইটি ফুলকপি। রঙিন এই ফুলকপির একটি হচ্ছে পিংক আরেকটি হচ্ছে হলুদ রঙের।
কৃষি অফিস বলছে, একটি জাত হচ্ছে ভ্যালেন্টিনা পিঙ্ক অপরটি ক্যারোটিনা ইয়েলো।
বছর চার আগে যশোর সদর উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের এই চাষি ব্রকলি চাষ করে সবাইকে তাক লাগিয়ে দেন। মাত্র কয়েক শতক জমিতে এই সব আনকমন ফসল চাষ করে তিনি অধিক মুনাফা অর্জন করেন। পরীক্ষামূলকভাবে প্রথমে নিজে চাষ করেন, একইসাথে আশপাশের আরও দুই-একজনকে এইসব বীজ বা চারা সরবরাহ করেন কৃষক মো. আল আমিন।
বুধবার দুপুরে যশোর সদরের পোলতাডাঙ্গা গ্রামে আমিনের ক্ষেতে গিয়ে দেখা যায়, সবুজ পাতার আড়ালে ফুটে রয়েছে কয়েকশ’ রঙিন ফুলকপি। সবচেয়ে বেশি হচ্ছে ভ্যালেন্টিনা পিঙ্ক অর্থাৎ গোলাপিরঙা আর কিছু ছোট আকারের ক্যারোটিনা ইয়েলো। ইতোমধ্যে ভ্যালেন্টিনা পিঙ্ক বাজারজাত করেছেন তিনি। তবে, ক্যারোটিনা বিক্রি করতে পারবেন আগামী সপ্তাহে।


মো. আমিন উদ্দিন মূলত সবজির চারা বিক্রেতা। যশোর-চৌগাছা সড়কের পাশে আব্দুলপুর মোড়ে রয়েছে তার একটি নার্সারি। সেখানে তিনি উৎপাদন করেন বিভিন্ন জাতের বেগুন, মরিচ, টমেটো, লাউ, কপির চারা। এই মৌসুমে তিনি বেশ ভালো দামে চারা বিক্রি করেছেন বলে জানান।
আলাপকালে মো. আমিন উদ্দিন বলেন, গতবছরের অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময়ে ভারত থেকে ভ্যালেন্টিনা ও ক্যারোটিনা জাতের ফুলকপির বীজ এনেছিলাম। প্রতিটি প্যাকেটে ৫০০ পিস বীজ থাকে, বাংলাদেশি মুদ্রায় প্রতিটি প্যাকেটের দাম পড়েচে ১১শ’ টাকা। ৫ হাজার পিস বীজ এনেছিলাম। নিজের জন্যে ভ্যালেন্টিনার দুই হাজার আর ক্যারোটিনার চারশ’ চারা তৈরি করি। বাকি বীজ ও চারা আশপাশের তিনজনকে দিয়েছি।
তিনি জানান, চারা রোপণের ৭০ দিনের মাথায় ফসল বিক্রির উপযোগী হয়।
ভ্যালেন্টিনা ও ক্যারোটিনা প্রতিটি চারা পাঁচ টাকা করে বিক্রি করা হয়েছে বরেল তিনি জানান।
মো. আমিন উদ্দিন বলেন, সাধারণ ফুলকপির মতোই পরিচর্যা করতে হয় এই সবজিরও। ভ্যালেন্টিনার ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে। সাধারণ ফুলকপির চেয়ে এগুলোর দাম অনেক বেশি। ফুলকপি যখন বাজারে ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, ভ্যালেন্টিনা বিক্রি করেছি ৭০ টাকা কেজি দরে। বর্তমানে ফুলকপি ২৫ টাকা আর ভ্যালেন্টিনা বিক্রি করছি ৪০ টাকা দরে। ক্যারোটিনা এখনও বাজারজাতকরণের মতো হয়নি। তবে, দুইদিন আগে একটি বাজারে নিয়েছিলাম, বিক্রি হয়েছে ৯০ টাকা কেজি দরে। সেটির ওজন হয়েছিল এক কেজি দুইশ’ গ্রাম। এই ফুলকপিটি সবচেয়ে সুন্দর দেখতে দাবি করেন চাষি মো. আমিন উদ্দিন । এছাড়া, এই সবজিটির রোগ বালাইও বেশি। এর পাতা ঝলসে যাওয়া রোগ বেশি হয়।
অল্প জমিতে দামি কোনও সবজি চাষ করে একইসময়ে বেশি লাভবান হওয়ার প্রয়াস থাকে কৃষক আমিনের। আগে মাঝেমধ্যে তিনি ভারতে যেতেন বেড়াতে। সেখানে চাষকৃত নয়া নয়া সবজির উৎপাদন ও বাজারমূল্য যাচাই করে নিজে সেইসব বীজ আনতেন।
একবার কলকাতায় সাম্মান (ধূসর রঙের এক প্রকার ফল, এটি তরমুজ ও ফুটির মতো) নামে একটি ফল খেয়ে তিনি মুগ্ধ হয়েছিলেন। ফলটি পাকলে ভেতরটা পাকা পেঁপের মতো হয়। খেতেও খুব সুস্বাদু। দেশে আসার সময় বীজ নিয়ে আসেন। পরীক্ষামূলকভাবে উৎপাদন করেন। ফলাফলও ভালো, বাণিজ্যিকভাবে চাষও করেন। পরের বার কাকড়ি নামে এক ধরনের শসা দেখে বীজ আনেন, চাষও করেন। এই শসার বৈশিষ্ট্য হলো এটা আড়াই হাতের মতো লম্বা হয়। স্থানীয় লোকজন বিস্মিত হলেও কেউ সেগুলো কিনতে রাজি হয়নি। তেমনিভাবে তিনি স্কোয়াশ ও ক্যাপসিক্যাম চাষ করেছেন। তবে, ক্যাপসিক্যামের ফলাফল ভাল ছিল না। ফলগুলো কুকড়ে যায় এবং গ্রোথও ঠিক মতো ছিল না। কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেন। কিন্তু তাদের পরামর্শ পছন্দ হয়নি বলে সেগুলো আর চাষ করনেনি।
জানতে চাইলে যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, ভ্যালেন্টিনা পিঙ্ক ও ক্যারোটিনা ইয়েলো জাত দুটি ভারতীয়। যশোর সদরে প্রায় দুই হেক্টর জমিতে এই জাতের ফুলকপির চাষ হচ্ছে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফুলকপিতে প্রচুর ক্যারোটিন ও আয়রন রয়েছে। তাছাড়া এই সবজির দাম বেশি বিধায় অল্পজমিতে চাষাবাদ করে কৃষকরা লাভবানও হচ্ছেন। পরীক্ষামূলকভাবে চাষ করা এই সবজিসহ অন্যান্য সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় বলে তিনি জানান।