নিজস্ব প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে চুরি যাওয়া একটি বাড়ি থেকে পারভিন বেগম (৫৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পারভিন বেগম ঐ গ্রামের মজিবর রহমান শেখের প্রথম স্ত্রী।
স্থানীয়দের ধারণা, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মজিবর রহমানের ঐ বাড়িতে অজ্ঞাত চোরেরা বেড়া ভেঙে ঘরে ঢুকে মেয়ে হাফসা বেগমের হাত-পা বেঁধে স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
স্থানীয়রা জানান, হাফসার মাকে ঘরের অপর একটি কক্ষে খাটের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার রাতে ঐ ঘরে পারভিন বেগম ও তার মেয়ে হাফসা বেগম (২৫) ছাড়া অন্য কেউ ছিল না।
এদিকে, সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনাটি রহস্যজনক হওয়ায় বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ছায়া তদন্তের জন্য অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ঘটনাটি রহস্যজনক। আপাতত একটি জিডি করা হয়েছে। পারভিন বেগমের মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পিবিআই’কেও অনুরোধ করা হয়েছে ঘটনাটি খতিয়ে দেখার জন্য।










































