স্পোর্টস ডেস্ক।।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের বাঁ-হাতি পেসার মারুফ মৃধা নিয়ম ভঙ্গ করায় তাকে সাজা দিয়েছে আইসিসি। তিনি আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন। যে কারণে তাকে একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ও তিরস্কার করা হয়েছে।
আইসিসির ওই ধারায় বলা আছে, কোন ক্রিকেটার প্রতিপক্ষ ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়ালের প্রতি বাজে ভাষা, বাজে ইঙ্গিত বা শারীরিক প্রতিক্রিয়া প্রদর্শন করেছেন।
ঘটনাটি ঘটেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে। ৪৪তম ওভারে তিনি ভারতের ব্যাটারকে আউট করে দু’বার অতি আক্রমণাত্মক মনোভাব দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার নির্দেশ করেন।
যে কারণে ম্যাচ অফিসিয়ালরা তার বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি আইসিসির ম্যাচ রেফারির দেওয়া সাজা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।








































