স্পোর্টস ডেস্ক।।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৬১ রানের চ্যালেঞ্জ জানানো সংগ্রহ তুলেছে ফরচুন বরিশাল। দলের হয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম দারুণ ব্যাটিং করেছেন। তার ব্যাটে ৯ উইকেট হারিয়ে ওই রান তোলে বরিশাল।
ব্যাট করতে নেমে ৪৩ রানে ৩ উইকেট হারায় বরিশাল। ওপেনিংয়ে নামা মেহেদী মিরাজ গোল্ডেন ডাক মারেন। তিনে নামা প্রিতম কুমার ৮ করে ফিরে যান। এরপর আউট হন তামিম ইকবাল। তিনি খেলেন ১৬ বলে ১৯ রানের ইনিংস।
পরে সৌম্য সরকার ও মুশফিকের ব্যাট থেকে রান আসে। সৌম্য চারে নেমে খেলেন ৩১ বলে ৪২ রানের ইনিংস। তার ব্যাট থেকে চারটি চার ও দুটি ছক্কা আসে। এছাড়া মুশফিক খেলেন ৪৪ বলে ৬২ রানের ইনিংস। তিনি ছয়টি চারের সঙ্গে দুটি ছক্কার শট তোলেন।
কুমিল্লার হয়ে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ স্পিন অলরাউন্ডার রোস্টন চেজ ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এছাড়া ম্যাথু ফোর্ড ৩৩ রানে ২ উইকেট তুলে নেন।








































