খুলনাঞ্চল রিপোর্ট
২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে দিন বদলের স্বপ্ন দেখিয়েছিল আওয়ামী লীগ। ক্ষমতায় এসে সেই অঙ্গীকার পূরণে কাজ শুরু করে দলটি। টানা ১৫ বছর ক্ষমতায় থেকে ধীরে ধীরে লক্ষ্য পূরণ করেছে আওয়ামী লীগ সরকার। ফলে সারাদেশের মতো যশোর-খুলনা জনপদে লেগেছে উন্নয়নের ছোঁয়া। বদলে গেছে জীবনমান।
সরকারের বিভিন্ন দফতর থেকে প্রাপ্ত তথ্যমতে, যশোরে গত ১৫ বছরে ১০ হাজার কোটি টাকার অধিক উন্নয়ন হয়েছে। এ কারণে যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদ খাতে হয়েছে অভূতপূর্ব উন্নয়ন। বদলে গেছে এই জনপদের মানুষের জীবনযাত্রা।
এখন ঘর থেকে বের হয়ে পিচ ঢালা রাস্তায় পা রাখেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ। নিজ জেলায় গড়ে উঠা বিশ্বমানের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। স্বপ্ন পূরণ হচ্ছে ডাক্তার হওয়ার। বাড়ির কাছেই স্থাপিত যশোর মেডিকেল কলেজে পড়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন এখন বাস্তবে রূপ পেয়েছে। আর শেখ হাসিনা আইটি পার্কে বসে ইন্টারনেট দুনিয়ার সব কাজে যুক্ত হতে পারছেন তরুণ-তরুণীরা। শুধু কী তাই, সকালের নাস্তা সেরে ঢাকা ঘুরে এসে দুপুরের খাবার খাওয়ার গল্পও শোনা যায় সবার মুখে।
যশোরের প্রত্যন্ত গ্রাম শার্শার গোড়পাড়া গ্রামের হাবিবুর রহমান জানান, তার বৃদ্ধ বাবার মুখে শুনেছেন শার্শা থেকে যশোরে কোনো কাজে এলে পরের দিন ছাড়া বাড়ি ফেরার সুযোগ ছিল না। এখন শার্শা থেকে তিনি সকালে নাস্তা খেয়ে ঢাকায় কাজ সেরে দুপুর ৩টার দিকে বাড়ি ফিরতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপ পদ্মাসেতুর কারণে স্বপ্ন এখন সত্যি হয়েছে।
হাবিবুরের মতো যশোর-খুলনার অসংখ্য মানুষ প্রতিদিন সকালে ঢাকায় যান। কাজ সেরে দিনের দিন বাড়ি ফেরেন। পদ্মাসেতুর কারণে তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছানো যায়। এ কারণে এখন ঢাকায় থাকার প্রয়োজন পড়ছে না দক্ষিণের অনেক মানুষের।
গত দেড় দশকে এভাবে বেশ কিছু বড় বড় প্রকল্প বাস্তবায়ন হওয়ায় সব কাজই যেন ঘরে বসে করছেন যশোর-খুলনার মানুষ। এরমধ্যে ৩০৫ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ হয়েছে। ৩১৩ কোটি টাকা ব্যয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৩২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে বিমান বন্দরে আধুনিক টার্মিনাল নির্মাণ, যশোর মেডিকেল কলেজ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নে টাকা বরাদ্দ হয়।
এছাড়া ম্যাজিস্ট্রেট কোর্টের ১০ তলা ভবন, যশোর রেলস্টেশন আধুনিকায়ন, পিটিআইয়ে অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ, দৃষ্টিনন্দন আধুনিক পোস্ট অফিস ভবন নির্মাণ, যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের পাঁচ তলা ভবন নির্মাণ, যশোর পৌর পার্ক দৃষ্টিনন্দন ও আধুনিকায়ন, যশোর সদর উপজেলার অধিকাংশ রাস্তা পুনর্র্নিমাণ ও পাকাকরণ, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট ২০টি অ্যাকাডেমিক ভবন নির্মাণের কাজ হয়েছে।
জেলার সংকীর্ণ সড়কগুলো প্রশস্ত হয়েছে। গ্রামের অলিগলির সড়কগুলো হয়েছে পাকা। স্কুল-কলেজ, মাদরাসাগুলো পেয়েছে নতুন ভবন। আধুনিকায়ন হয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও যশোর বিমানবন্দর। উন্নয়নের ছোঁয়া লেগেছে নৌবন্দরেও। সেইসঙ্গে উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সর্বত্র লেগেছে উন্নয়নের ছোঁয়া। জমিসহ ঘর পেয়েছে ভূমিহীন পরিবার।
সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর তথ্যমতে, এ জেলায় শুধু অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হয়েছে সাত হাজার ৫শ’ কোটি টাকা। এর মাধ্যমে বদলে গেছে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা। আরো আড়াই হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে।
এলজিইডি যশোর সূত্রমতে, বিগত ১৫ বছরে সরকার এলজিইডির মাধ্যমে দুই হাজার ৭৮০ কোটি টাকার উন্নয়ন কাজ সমাপ্ত করেছে। চলমান রয়েছে ৪১৫ কোটি টাকার কাজ। যশোরের এমন কোনো সড়ক নেই, যেটি পাকা হয়নি। অসংখ্য ব্রিজ কালভার্ট নির্মাণ হয়েছে। এর ফলে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ যশোর অফিসের তথ্যমতে, ২০০৯ সাল থেকে এ বিভাগ যশোর অঞ্চলে এক হাজার ২০০ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড করেছে। চলমান রয়েছে আরো ১৫০ কোটি টাকার কাজ। এছাড়া নতুন কিছু প্রকল্প পাইপলাইনে রয়েছে। বিশেষ করে যশোর-বেনাপোল, যশোর-খুলনা, যশোর-মাগুরা ও যশোর-ঝিনাইদহ সড়ক উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি অর্থনীতির চাকা গতিশীল হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ড যশোরের মতে, জেলার প্রধান সমস্যা জলাবদ্ধতা ছিল। এ সমস্যা নিরসনে কপোতাক্ষ নদ, ভৈরব নদ, বুড়ি ভদ্রা, আপার ভদ্রা নদীসহ বেশকিছু খালও খনন করা হয়েছে। এসব উন্নয়ন কাজে ব্যয় হয়েছে ৬শ’ কোটি টাকা। এর ফলে পানি নিষ্কাশন বেড়েছে এবং ভৈরব নদে জোয়ার ভাটা শুরু হয়েছে। এর বাইরে কপোতাক্ষ নদকে ঘিরে ৫৩১ কোটি টাকার আরো একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পটি শেষ হলে এর সুফল পাবে যশোরবাসী।
শহরের রেলস্টেশন এলাকার বাসিন্দা মাহামুদুল হাসান সুমন বলেন, যশোরে যে উন্নয়ন হয়েছে, সেটি অভূতপূর্ব। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জেলার ব্যবসা-বাণিজ্যের গতি বাড়িয়ে দিয়েছে। কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সব শ্রেণিপেশার মানুষ এ উন্নয়নের সুফল পাচ্ছেন।
যশোর শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. হাদিউজ্জামান খান বলেন, বর্তমান সরকারের আমলে যশোরে শিক্ষাখাতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। ২৫টি প্রকল্পের মাধ্যমে ৪২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৪২ দশমিক ১৭ কোটি টাকার কাজ হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা মনোরম পরিবেশে পাঠ গ্রহণ করতে পারছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল বলেন, যশোরে শেখ হাসিনা আইটি পার্ক নির্মাণ হওয়ায় সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। জেলার অভয়নগরে ইপিজেএড নির্মাণ শেষ হলে হাজারো নারী ও পুরুষের কর্মসংস্থান হবে।
তিনি আরো বলেন, গত ১৫ বছরে সরকারের ধারাবাহিক উন্নয়নে বদলে গেছে যশোরের চিত্র। এখন গ্রামের চিত্র শহরের মতো হয়ে গেছে। গ্রামের মানুষ শহরের সব সুবিধা ভোগ করছেন।











































