আন্তর্জাতিক ডেস্ক।।
আবারও আলোচনায় ব্রিটিশ ফুটবলার কাইল ওয়াকার ও তার স্ত্রী অ্যানি কিলনার। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ছয় মাসের অন্তঃসত্ত্বা অ্যানি। চতুর্থবারের মতো মা হতে যাচ্ছেন তিনি।
গত বছর মডেল লরি গুডম্যানের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসে কাইল ওয়াকারের। জানা যায়, গুডম্যানের দ্বিতীয় সন্তানের বাবা কাইল। তখন অ্যানি কিলনারের ঘরে তার তিন সন্তান ছিল। এমন অবস্থায় কাইলকে ঘর থেকে বের করে দেন অ্যানি।
এরপর প্রথমবারের মতো গতকাল সোমবার কাইল ও অ্যানিকে একসঙ্গে দেখা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, এদিন বড় ছেলে রোমানকে কাইলের কাছে তুলে দেন অ্যানি। বাবা-ছেলে একসঙ্গে ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে অংশ নেন।
প্রিটসবারিতে যখন এই দম্পতি দেখা করেন, তখন অ্যানির আঙুলে বিয়ের আংটি ছিল না। চলতি বছর মার্চে তার সন্তান হওয়ার কথা। এক সূত্র সানকে জানায়, ‘এই সময়ে তাদের খুশি থাকার কথা ছিল। কিন্তু তার সময় কাটছে সংগ্রামে।’
অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন অ্যানি। কিন্তু সেই খবর প্রকাশ্যে এসেছে। এমন পরিস্থিতিতে স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছেন কাইল ওয়াকার। তবে সূত্রগুলো বলছে, এই সম্পর্ক স্বাভাবিক হোক—সেটা চান না অ্যানি।
পাঁচ মাস আগে মডেল গুডম্যান নিজেই অ্যানিকে টেক্সট করে জানান, তার সন্তানের বাবা কাইল। এরপরই সম্পর্কে ভাঙন শুরু হয়। কাইলকে ঘর থেকে তাড়িয়ে দেন অ্যানি। তার পরিবারও অ্যানির পাশে ছিল। এখন কাছেই একটি ভাড়া বাসায় থাকেন কাইল।











































