Home আঞ্চলিক কবি কাজী কাদের নওয়াজ.. ‘তুমি কাব্য সাধনার ধারাতেই জন্মভূমির মঙ্গল করেছো’

কবি কাজী কাদের নওয়াজ.. ‘তুমি কাব্য সাধনার ধারাতেই জন্মভূমির মঙ্গল করেছো’

38

নিজস্ব প্রতিনিধি
মাগুরা শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে গেলেই রাস্তার পাশে দেখা মিলবে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি কাজী কাদের নওয়াজের বাড়ি। তবে বাড়িটিতে এখন আর কেউ বসবাস করেন না। কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ত্রিভূবন, শিক্ষকের মর্যাদা, হারানো টুপিসহ অসংখ্য জনপ্রিয় কবিতার জনক ছান্দসিক কবি কাজী কাদের নওয়াজের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সেই আবাসস্থল। যেখানে বসেই কবি রচনা করেছেন কালজয়ী সব কবিতা।

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবির বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে। তার জন্ম ১৯০৯ সালের ১৫ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে মাতুলালয়ে। পিতা আল্লাহ নওয়াজ এবং মাতা ছিলেন ফাতেমুন্নেছা। কবি কাদের নওয়াজের পিতা ও পিতৃব্য উভয়েই ছিলেন জ্ঞানী ও সাহিত্যসেবী।

পারিবারিক সাহিত্যমোদী পরিবেশেই বসে কবি হওয়ার স্বপ্ন দেখেছিলেন কাদের নওয়াজ। চাচা নওয়াজ খোদা বিখ্যাত লেখক ও ফারসি ভাষায় সুপণ্ডিত ছিলেন। পিতা আল্লাহ নওয়াজ বিশিষ্ট শিক্ষাবিদ ও বহুভাষী এবং মা ফাতেমুন্নেছার মধ্যেই কবি প্রতিভা লক্ষ্য করা যায়। এ ছাড়াও স্কুল শিক্ষক দ্বিজবাবুর অনুপ্রেরণাও ছিল কাদের নওয়াজের লেখক হওয়ার পাথেয়।

কবি কাজী কাদের নওয়াজের কবিতায় মাতৃভক্তি, গুরুজনের প্রতি শ্রদ্ধা, শিশুদের প্রতি অকৃত্রিম স্নেহ, দেশপ্রেম ও প্রকৃতি নিঃসগ্রের প্রতি ভালোবাসা সাবলীলভাবে ফুটে উঠেছে। ছাত্রজীবনে ‘শিশুসাথী’ পত্রিকার প্রকাশিত তার ‘মা’ কবিতায় মায়ের প্রতি গভীর ভক্তির পরিচয় পাওয়া যায়। তিনি ‘মা’ কবিতায় লিখেছেন-

‘মা কথাটি ছোট্ট অতি/কিন্তু জেনো ভাই/ইহার চেয়ে নাম যে মধুর/তিন ভুবনে নাই।/সত্য ন্যায়ের ধর্ম থাকুক/মাথার পরে আজি/অন্তরে মা থাকুন মম/ঝরুক স্নেহরাজি।’

কবির এ কবিতা পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভূয়সী প্রশংসা করে লিখেছিলেন ‘কবিতা লেখার স্বাভাবিক শক্তি তোমার আছে। … তুমি কাব্য সাধনার ধারাতেই জন্মভূমির মঙ্গল করছো।’

মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে বসবাস কালীন সময় থেকেই তিনি শ্রীপুরের মহেষচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এ পেশার সঙ্গেই জড়িত ছিলেন। তার লেখা কবিতায় ছিল অতুলনীয় উপমা, ছন্দমিল ও নন্দনতত্ব।

কবি ছিলেন সুন্দর ও জীবন ঘনিষ্ঠ বাস্তবতার পূজারী। জীবন-নিষ্ঠ ছিল বলেই দেখার চোখ তীক্ষ্ম ও মর্মস্পর্শী। সবল একটা সরলতা আছে, যা কবিতায় প্রাকৃত রস সিঞ্চন করে। কেননা তার কবিতা আজো সময়ের কথা বলে, সম্মান ও শ্রদ্ধার কথা বলে। দেশ, মা, মাটি, মানুষ, ভালোবাসা আর কল্যাণের কথা বলে।

কবি কাদের নওয়াজের কবিতা মানেই- অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার, মায়ের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা। আর সেজন্যেই মা যেন তার কবিতায় ধরা দিয়েছে জগতের শ্রেষ্ঠতর ধন হয়ে। কবি নিজেও ছিলেন শিক্ষক। হয় তো বা শিক্ষকের প্রতি তার সেই অনুরাগ থেকেই কবি লিখেছেন, আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।

কবি এই সম্মান যেন গোটা পৃথিবীর শিক্ষক জাতির জন্য সম্মানের তাজ, শ্রদ্ধার দৃষ্টান্ত উদাহরণ। যা বাংলা সাহিত্যে বিরল। আর এভাবেই কবি চির অমর হয়ে বেঁচে আছেন আপামোর মানুষের অন্তরে অন্তরে। একজন মানুষের স্বার্থকতা এখানে তাকে তার সৃষ্টি বাঁচিয়ে রাখে, যুগ থেকে যুগান্তরে। কিন্তু এমন স্বার্থক মানব জনম সবার হয় না! কিছু কিছু মানুষ তার সৃষ্টি দিয়ে সময়ের ওপর চিহ্ন রেখে যায়। তার এই অমর সৃষ্টি, তাকে ইতিহাসের নক্ষত্র করে রাখে আজীবন। তেমনই প্রকৃতি প্রেমী, নন্দনতত্ব কবি কাজী কাদের নওয়াজ অমর হয়ে আছেন তার সাহিত্যকর্মে, তার সৃষ্টিতে, তার কবিতায়।

সাহিত্যিক হিসেবে সম্মান: সাহিত্যিক জীবনে কাদের নওয়াজ পেয়েছেন অভাবিত সম্মান। ভূষিত হয়েছেন একুশে পদকে। এছাড়া শিশু সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, প্রেসিডেন্ট পুরস্কার, মাদার বক্সসহ অসংখ্য সাহিত্য পুরস্কার।

গ্রন্থ তালিকা: তার প্রকাশিত গ্রন্থসমূহ হলো ‘মরাল’ (কাব্য-১৩৪১), ‘নীল কুমুদী’ (কাব্য-১৯৬০), ‘দুটি পাখি দুটি তীরে’ (উপন্যাস-১৩৭৩), ‘উতলা সন্ধ্যা’, ‘দস্যু লাল মোহন’ (গোয়েন্দা কাহিনী), ‘দাদুর বৈঠক’ (স্মৃতিচারণমূলক গল্প কাহিনী-১৮৪৭) প্রভৃতি। ‘ওস্তাদের কদর’ (শিক্ষাগুরুর মর্যাদা), ‘মা’, ‘প্রায়শ্চিত্ত’, ‘চাঁদদিঘি’, ‘হারানো টুপি’, ইত্যাদি তার বিখ্যাত কবিতা।

শেষ জীবন: বাংলা সাহিত্যের জনপ্রিয় ছান্দসিক কবি কাজী কাদের নওয়াজ ১৯৮৩ সালের ৩ জানুয়ারি মারা যান। মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা থেকে শুরু করে নানা সামাজিক কর্মকাণ্ডে তার অসংখ্য অবদান থাকলেও মৃত্যুর পর তিনি একেবারেই উপেক্ষিত। তার বাড়িটি এখন অযত্ন আর অবহেলায় পড়ে আছে। বাড়ির চারধারের মূল্যবান ঝাউগাছগুলো এখন উধাও। মৃত্যুর পর ২ যুগ পেরিয়ে গেলেও তার স্মৃতি ধরে রাখার জন্য কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে করে দিনে দিনে পলেস্তরা খসে গেছে। ক্ষয়ে গেছে বাড়ির অনেকাংশই। চুরি হয়ে গেছে বাড়ির দরজা জানালা থেকে শুরু করে ঘরের সব আসবাবপত্রই।

মানবতাবাদী এই কবির স্মৃতি রক্ষার্থে এখনই উদ্যোগ নেওয়া উচিৎ বলে মনে করেন বিশিষ্ট জনেরা। কবি কাজী কাদের নওয়াজের প্রতি রইলো জন্মবার্ষিকীর অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা।