Home খেলাধুলা পাকিস্তান-অস্ট্রেলিয়ার ভিন্নরকম সমঝোতা

পাকিস্তান-অস্ট্রেলিয়ার ভিন্নরকম সমঝোতা

36

স্পোর্টস ডেস্ক

২০২৪ সালের শুরুটা হচ্ছে ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট টুর্নামেন্টের দাপট নিয়ে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রায় কাছাকাছি সময়ে চলবে ৬টি লিগ। এ কারণে আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে এসব প্রতিযোগিতা। এর পাশাপাশি চাহিদাপূর্ণ ক্রিকেটার পাওয়া নিয়েও দলগুলোর থাকতে হবে দোটানায়।

এসব বিষয়গুলো মাথায় রেখে সমঝোতা করেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। যার মাধ্যমে দেশ দুটি তাদের ফ্র্যাঞ্চাইজি আসর পিএসএল ও বিগ ব্যাশ (বিবিএল) একই সময়ে আয়োজন না করার বিষয়ে সম্মতি দিয়েছে। পিসিবির এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

পিসিবির চিফ অপারেটিং অফিসার (সিওও) সালমান নাসের বলেছেন- ভবিষ্যতে পিএসএল ও বিবিএলের শিডিউলে কোনো সংঘর্ষ হবে না। ফলে দুই দেশের ক্রিকেট বোর্ড তাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের নিয়ে তুলনামূলক ভালো ‘পুল’ গঠন করতে পারবে।

তবে এ নিয়ে পিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মধ্যে এখনো আলোচনা চলমান রয়েছে। লাহোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পিসিবি কর্মকর্তা সালমান বলেন, ‘গত কয়েক মাস ধরে চলমান আলোচনার জন্য আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে কৃতজ্ঞ।’

এরপর তিনি বলেন, ‘বিশ্বজুড়ে টি-২০ লিগের আধিক্যের কারণে কয়েকটি টুর্নামেন্টের সূচিতে সংঘর্ষ দেখা যায়। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সিএ’র সঙ্গে প্রাথমিক ঐক্যমত্যে পৌঁছেছি যে, ভবিষ্যতে কখনোই বিবিএল ও পিএসএলের সূচি একই সময়ে দেওয়া হবে না।’

সালমান আরো বলেন, ‘খেলোয়াড়দের হাতে এখন প্রচুর বিকল্প। তাদের কাজের চাপ ব্যবস্থাপনার বিষয়টিও আমাদের দেখতে হবে। ভবিষ্যতে দুই বোর্ড পিএসএল ও বিগ ব্যাশের জন্য খেলোয়াড় পাঠানো এবং অনাপত্তিপত্র প্রদানের বিষয়টিতে একে অপরকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়েছে।’

সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানের কিউরেটরদের প্রশিক্ষণ দিতে চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর অংশ হিসেবে পাকিস্তানি কিউরেটররা অস্ট্রেলিয়ায় গিয়ে স্পোর্টিং পিচ বিষয়ে ধারণা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমেও অংশ নেবেন।