স্পোর্টস ডেস্ক
চলছিল ফুটবল ম্যাচ। প্রথমার্থের বিরতির আগেই একটি দল এগিয়ে ছিল ৪-১ গোলে। হঠাৎ একটি ট্যাকল ঘিরে মাঠে শুরু হয় দুই দলের ফুটবলারদের মধ্যে মারামারি। তাতে জড়িয়ে পড়লেন রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা। বাদ গেলেন না রেফারিও।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, সাইডলাইনের ধারে এক ফুটবলারকে বাজেভাবে ফাউল করেন প্রতিপক্ষ দলের এক ফুটবলার। তারপরই ঝামেলা শুরু হয়।
এ সময় লাথি, ঘুষি কিছু বাদ যায়নি। বেঞ্চে বসে থাকা ফুটবলাররাও ঝামেলায় জড়িয়ে পড়েন। দু’দলের কয়েকজন অবশ্য মারামারি থামানোর চেষ্টা করেন। কিন্তু তারা পারেননি। এদিকে রেফারি ঝামেলা থামাতে গিয়ে উল্টো মার খান।
কোন দেশে এই ঘটনা ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিও থেকে বোঝা যাচ্ছে, পেশাদার কোনো লিগের খেলা চলছিল। এই ঝামেলার পরে কী হয়েছে তা-ও জানা যায়নি।
বিশ্ব ফুটবলে মারামারি বা গন্ডগোলের ঘটনা নতুন নয়। ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুঁস মেরে লাল কার্ড দেখেছিলেন ফ্রান্সের জিনেদিন জিদান। সেবার বিশ্বকাপ জিতেছিল ইতালি।











































