Home Uncategorized ফের ভাঙনের কবলে পড়তে যাচ্ছে জাতীয় পার্টি?

ফের ভাঙনের কবলে পড়তে যাচ্ছে জাতীয় পার্টি?

48

 

খুলনাঞ্চল রিপোর্ট।।

২০১৯ সালের ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এ পর্যন্ত তিন ভাগে ভাগ হয়েছে জাতীয় পার্টি। যার একটিতে আনোয়ার হোসেন মঞ্জু (জেপি) এবং অপর দুটিতে নেতৃত্বে আছেন আন্দালিব রহমান পার্থ (বিজেপি) ও কাজী জাফর আহমেদ (কাজী জাফর)। এরমধ্যে ‍শুধু নির্বাচনকে কেন্দ্র করেই দলটি দুবার ভাঙনের মুখে পড়েছে।

এরশাদের মৃত্যুর পর জাপা চেয়ারম্যানের পদ ঘিরে প্রকাশ্যে আসে দেবর জি এম কাদের ও ভাবি রওশন এরশাদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল। যার ফলশ্রুতিতে ’৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ২৫১টি আসন পাওয়া দলটির নেতাকর্মীরাও দু’ভাগে বিভক্ত হয়ে পড়েন। এরপর কয়েক দফায় দেবর ভাবির মধ্যকার বিরোধ তীব্র হতে দেখা যায়। মাঝে রওশনের ঘনিষ্ঠ একাধিক নেতাকে জি এম কাদের কর্তৃক দল থেকে বহিষ্কার, কাউন্সিল আহ্বান কিংবা রওশন এরশাদকে পদ থেকে সরিয়ে দিতে স্পিকারের কাছে চিঠি পাঠানোর বিষয়ও প্রকাশ্যে আসে।

পরে অবশ্য ব্যাংকক থেকে রওশন এরশাদ চিকিৎসা শেষে দেশে ফিরলে দেবর-ভাবির মাঝে ‘সমঝোতা’ও হয়। দেশের আসার পর রাজধানীর একটি হোটেলে রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন জি এম কাদের। সেখানে দেবর-ভাবির প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক হয়। এরপর নেতাকর্মীরা ‘ভুল-বোঝাবুঝি’ আখ্যা দিয়ে বিরোধ ‘সমঝোতা’র বার্তা দেন।

১৯৮৬ সালের ১ জানুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকে নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে ভাঙন ধরেছে দুবার। এরমধ্যে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের সময় জাতীয় পার্টি ভেঙে বেরিয়ে যান এরশাদের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী নাজিউর রহমান মঞ্জুর। পরে বাংলাদেশ জাতীয় পার্টি নামের দল গঠন করেন। এছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে এরশাদের হাতে গড়া দলটি থেকে বেরিয়ে যান কাজী জাফর। বর্তমানে দলের তিনটির একটি অংশে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার ফের জাতীয় পার্টিতে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনে ব্যাপক ‘ভরাডুবির’ পর দলটির নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৫ আসনে প্রার্থী দিলেও অভিযোগ উঠেছে প্রায় ২৩০ জন দলীয় প্রার্থীই নির্বাচনী প্রচারণায় খুব একটা সক্রিয় ছিলেন না।

এদিকে, অবমূল্যায়নের অভিযোগ এনে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ মনোনয়নের ঠিক পরপরই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর ২৯ নভেম্বর গুলশানের বাসায় সাংবাদিকদের এ কথা জানান। ওই সময় জি এম কাদের ও মহাসচিব মজিবুল হকের বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ এনে দলের পরীক্ষিত নেতাকর্মীদের মনোনয়ন দেয়া হয়নি বলেও উল্লেখ করেন রওশন।

অন্যদিকে, নির্বাচনে ভরাডুবির পর নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ভরাডুবির জন্য কেন্দ্রীয় নেতৃত্বকেই দুষছেন নেতাকর্মীরা। যা ভাঙনের সম্ভাবনাকে আরও তীব্রতর করছে।

 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘সারাদেশে বিভিন্ন জেলায় নেতাকর্মীরা বলির পাঁঠা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব নিজেরা নেগোশিয়েশন করেছে দুই একজনের মধ্যে। আলাপ-আলোচনা সেভাবে করেনি।’

আবু হোসেন বাবলার অভিযোগ, ‘নমিনেশনের পর তারা সাহায্য করেনি। বিভিন্ন জেলায় নেতারা যারা ডিপ্রাইভড হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের আগে তাদের অর্থ দেয়নি, খোঁজ-খবর নেয়নি কীভাবে নির্বাচন হচ্ছে।’

নেতাকর্মীদের এমন ক্ষোভের কারণে ফের নির্বাচনকে ঘিরে ভাঙন তীব্র হচ্ছে জাতীয় পার্টিতে। অবশ্য, নেতাকর্মীদের অভিযোগ অনেকটা স্বীকারও করেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু। সাংবাদিকদের তিনি বলেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের অর্থ, প্রশাসনের সহায়তার কারণে ইলেকশনে সুবিধা করতে পারি নাই এটা সত্য।

 

তবে সত্যিই ভাঙন সৃষ্টি হলে বাধা দিতে পারেন না বলেও জানিয়েছেন মজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘তবে যেকোনো কর্মী জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির বাইরে গিয়ে আরেকটা পার্টি করতে চাইলে আমরা বাধা দিতে পারি না। এই অধিকার তাদের আছে।’

তথ্যসূত্র: বিবিসি বাংলা।