Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ৩, বিদ্যুৎবিচ্ছিন্ন ৬ লাখ বাড়ি

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ৩, বিদ্যুৎবিচ্ছিন্ন ৬ লাখ বাড়ি

46

খুলনাঞ্চল ডেস্ক
যুক্তরাষ্ট্র এবং কানাডার পূর্বাঞ্চলে একের পর এক শক্তিশালী শীতকালীন ঝড় বয়ে যাচ্ছে। এরই মধ্যে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন রয়েছে ৬ লাখেরও বেশি ঘরবাড়ি।

এছাড়া ফ্লোরিডায় শক্তিশালী বাতাসের কারণে বহু গাড়ি উল্টে গেছে এবং বাড়িঘর ভেঙে পড়েছে। এই অঞ্চলেও বেশ কয়েকটি টর্নেডোর খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

মার্কিন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্ল্যাইট অ্যাওয়ার-এর তথ্য অনুসারে, মঙ্গলবার (৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বা বাইরে গমনকারী ১৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিমানও ডাইভার্ট করতে হয়েছে।

কমলা হ্যারিসের একজন মুখপাত্র জানান, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার’ জন্য আটলান্টা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে মেরিল্যান্ডের পরিবর্তে ভার্জিনিয়ায় মার্কিন ভাইস-প্রেসিডেন্টের বিমান অবতরণ করতে হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ফ্লোরিডা থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্য পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ৬ লাখ ৩০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। এছাড়া ফ্লোরিডার কয়েক ডজন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় ঝড়ের কারণে বাড়ির ছাদ উড়ে গেছে এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) সতর্ক করে বলেছে, আরও শক্তিশালী ঝড় এই অঞ্চলে এবং যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অন্য কোথাও অবস্থান করছে। নিউ জার্সিতে বুধবার পর্যন্ত উপকূলীয় বন্যার সতর্কতা জারি রাখা হয়েছে। অঙ্গরাজ্যটির গভর্নর ফিল মারফি জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বাসিন্দাদের ঝড়কে ‘অবহেলা’ না করতে সতর্ক করেছেন।

এনডব্লিউএস বলেছে, বুধবারের মধ্যে চরম এই আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। যদিও মধ্য যুক্তরাষ্ট্র এবং উত্তর-পূর্বাঞ্চলে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়া কিছু এলাকায় এখনও তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।